সাহারা অঞ্চলের জঙ্গি সংগঠনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-শাবাব: পুরো নাম হরকাত আল শাবাব আল মুজাহিদিন। সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত। সোমালিয়াভিত্তিক এই জঙ্গি সংগঠনটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এতে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত। আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব (একিউআইএম): এই সংগঠনটি মালিভিত্তিক কিন্তু এর লক্ষ্য আলজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা করা। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ লক্ষণীয়। একিউআইএম আলজেরিয়া, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আলজেরিয়ার সরকার বলছে এই জঙ্গিগোষ্ঠীর তত্পরতা আলজেরিয়া ছাড়িয়ে মালি, মৌরিতানিয়া, নাইজার, লিবিয়া ও চাঁদ পর্যন্ত বিস্তৃত। ফ্রান্সের দাবি, কাতার থেকে এদের সংগঠনের খরচ আসে। বোকো হারাম: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক এই জঙ্গি সংগঠনটি দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার জন্য দায়ী। দেশটিতে গত বছর ৬২০ জন ও ২০১১ সালে ৪৫০ জন নিরীহ মানুষকে হত্যার জন্য জঙ্গি দলটিকে দায়ী করা হয়। বলা হয়, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে বোকো হারাম তিন থেকে ১০ হাজার মানুষ হত্যা করেছে। তাদের সঙ্গে একিউআইএমের সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি): এ সংগঠনটি ইয়েমেনভিত্তিক হলেও আফ্রিকার প্রায় প্রতিটি জঙ্গি সংগঠনের সঙ্গেই এদের সম্পর্ক আছে। পাকিস্তান ও আফগানিস্তানে দীর্ঘ মার্কিন সামরিক অভিযানে এ অঞ্চলের আল-কায়েদা দুর্বল হয়ে পড়লে এর গুরুত্ব বেড়ে যায়। বর্তমানে আল-কায়েদার শাখা সংগঠনগুলোর মধ্যে একিউএপি-ই সবচেয়ে শক্তিশালী। আর্মড ইসলামিক গ্রুপ (জিআইএ): আলজেরিয়ার সরকারকে উত্খাত করে শরিয়া আইন চালু করার লক্ষ্যে সংগঠনটি গঠন করা হয়েছিল। ১৯৯৪ সালে ফ্রান্সের একটি বিমান ছিনতাই করেছিল জিআইএ। হামলা চালিয়েছে প্যারিসের পাতালরেলে। তারা অনেক গাড়িবোমা হামলা ও অপহরণের দায়ও স্বীকার করেছে। জিআইএর মূল লক্ষ্য আলজেরিয়া ও এর সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স।মুজাও: মুভমেন্ট ফর ইউনিটি অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা (সংক্ষেপে মুজাও)। মূলত আলজেরিয়া ও মালি অঞ্চলে এই সংগঠনটির কর্মকাণ্ড বিস্তৃত। সংগঠনটি একিউআইএমের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়।