
পবিত্র রমজানে অভাবী মানুষের জন্য খাবার তৈরির কাজে বিলাল সাহেব ব্যস্ত ছিলেন। তার পরও তিনি তেরাকাফ্ৎ নামে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলার জন্য সময় দিলেন। তিনিই তেরাকাফতের প্রধান প্রতিষ্ঠাতা। ২০০৬ সালে আলজেরিয়ার তরুণদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
বিলাল একজন প্রকৌশলী। জনসেবামূলক কাজে বলতে গেলে আকস্মিকভাবেই যুক্ত হয়েছেন। উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী তুয়ারেগের ভাষার নাম তামাশাক।
এ ভাষায় তেরাকাফ্ৎ শব্দের মানে কাফেলা। এর আরেক অর্থ মরুযাত্রী। অতীতে প্রত্যন্ত এলাকার জনগণের জন্য খাবার সরবরাহের কাজে ক্যারাভান ব্যবহৃত হতো। তেরাকাফতের অধিকাংশ তরুণ সদস্যই পেশায় চিকিৎসক। তাঁরা প্রত্যন্ত মরু অঞ্চলের নানা কোণে অবস্থানকারী যাযাবর জনগোষ্ঠীকে চিকিৎসা-সহায়তা দিয়ে থাকেন।
২০০৬ সালে আহাগার ন্যাশনাল পার্কের সহায়তায় তেরাকাফতের প্রথম যাত্রায় একজন চিকিৎসক ও একজন বিশেষজ্ঞ অংশ নেন। তখন সংগঠনটির তরুণেরা আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় যাযাবরদের প্রয়োজনীয়তার ধরন সম্পর্কে বাস্তব ধারণা পান। একজন কর্মী বলেন, ‘আমরা ওই যাযাবরদের দারিদ্র্য বিশেষভাবে উপলব্ধি করেছিলাম। তারা অপুষ্টি ও নানা রোগে ভুগছেন। দেশের অন্য অংশে এসব রোগ একেবারেই নেই।’

তেরাকাফতের সদস্যরা তাঁদের উদ্দেশ্য পূর্ণ করতে প্রত্যন্ত এলাকার মানুষের খোঁজে এক মরু-অভিযাত্রা শুরু করেন। ২০১৪ সালের ৬ এপ্রিলের এক যাত্রায় একটি দল গিয়ে পৌঁছায় তামানরাসেত নামে এক অঞ্চলে। এতে বহু রকমের রোগের ওপর বিশেষজ্ঞ একদল নারী চিকিৎসকও অংশ নেন। নির্দিষ্ট কিছু এলাকায় গিয়ে তাঁরা নারী ও শিশুদের জন্য বিশেষ যত্ন ও পরিচর্যার ওপর জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন। তেরাকাফতের এক কর্মী বলেন, ওই এলাকার বাসিন্দারা অত্যন্ত রক্ষণশীল। সে জন্যই তাদের কাছে নারী চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়। কাজের খোঁজে পুরুষেরা দিনের পর দিন বাইরে থাকায় সেখানে কেবল নারী ও শিশুরাই ছিল।
টেকসই উন্নয়নের লক্ষ্যে ওই অভিযানে নির্দিষ্ট জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের অন্যান্য দিকও গুরুত্ব পায়। যেমন তাদের চাষাবাদের ধরন, বীজ সংরক্ষণ, সেচব্যবস্থা ইত্যাদি। বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে সাহারা অঞ্চলের কৃষকদের বীজ ও সেচের উপকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। তেরাকাফতের রসদ ব্যবস্থাপক বলেন, কোনো জনগোষ্ঠীকে উৎপাদনশীল করে তোলার ব্যাপারটা কখনো কখনো কম সময়েই সম্ভবপর হয়। তাঁরা ন্যায্য বাণিজ্যের লক্ষ্যে ওই জনগোষ্ঠীকে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছেন। উদ্দেশ্য, স্থানীয় লোকজনকে স্বাবলম্বী করে তোলা।
এসব প্রকল্প ছাড়াও তেরাকাফ্ৎ সম্পূর্ণ মানবিক কার্যক্রমেও বিনিয়োগ করে থাকে। পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করে এই সংগঠনের নেতারা নিজেদের সম্পদের প্রাপ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের স্থানীয় চিকিৎসা অবকাঠামোর জন্য সহায়ক বিভিন্ন উপকরণ সরবরাহ করেন। কখনো কখনো সাহারা অঞ্চলের দরিদ্র বাসিন্দাদের জন্য কেবল কাপড়চোপড় দেওয়া হয়।
তেরাকাফতের রয়েছে আর্থিক স্বায়ত্তশাসন। আলজেরিয়ার কর্তৃপক্ষ ২০১১ সালে সংগঠনটিকে অনুমোদন দেয়। তেরাকাফতের তহবিলের সবচেয়ে বড় অংশ আসে বেসরকারি দাতাদের কাছ থেকে। এত দিনে সংগঠনটি দাতাদের সঙ্গে পারস্পরিক বিশ্বাসের একটি সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে। ফলে, দাতারা এখন সব সময়ের জন্য তেরাকাফতের পাশে থাকতে রাজি।
সব মিলিয়ে কেবল ২০১২-১৩ মৌসুমে সংগঠনটি ৮১৮ জনকে পরিচর্যা ও পরামর্শসেবা দিয়েছে। আরও বহু মানুষ এইচআইভি শনাক্তকরণ এবং বিরল অন্যান্য রোগনির্ণয়ের মতো সেবা পেয়েছে। শিশুর বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে মায়েদের সচেতন করা হয়েছে। তেরাকাফ্ৎ অভাবী ও দরিদ্র জনসাধারণের জন্য আলজেরিয়ার উত্তরাঞ্চলে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়।