সাহিত্যের সহজপাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ে রাওয়াক। বাবা সাইদুর রহমানের সঙ্গে সে এসেছিল বইমেলায়। মেলায় ঘুরতে ঘুরতেই সে হাজির হয় বাংলা একাডেমীর বর্ধমান হাউসে নবনির্মিত ‘জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরে’। আগ্রহ নিয়ে সে ঘুরে ঘুরে দেখছিল জাদুঘরে প্রদর্শিত জিনিসগুলো, আর তার বাবা পাশে থেকে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কী। তবে বাবার ধারাভাষ্যে তার খুব একটা মনোযোগ আছে বলে মনে হলো না। সে তখন গভীর মনোযোগে বহু পুরোনো একটি ডায়েরির ছেঁড়া পাতা দেখতে ব্যস্ত। পাতাটিতে গোটা গোটা হরফে পেঁচিয়ে বাংলা আর ইংরেজিতে কী সব লেখা, সঙ্গে কিছু আঁকিবুকি। অমন মনোযোগ দিয়ে দেখার কারণও আছে, ছন্দোবদ্ধ শব্দগুলোর নিচে যে স্পষ্ট হরফে লেখা আছে লেখকের নাম—শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর!উদ্বোধনের পর গত অল্প কিছুদিনে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরে এমন মনোযোগী দর্শকের অভাব ছিল না। কেউবা গভীর আগ্রহে লক্ষ করছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশের ইতিহাস ও নিদর্শন, কেউ দেখে নিচ্ছিলেন তাঁদের প্রিয় লেখক বা কবির প্রতিকৃতি, তাঁর ব্যবহূত জিনিস, বিভিন্ন তথ্য, কিংবা হাতের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালন শাহ, হাসন রাজা, জসীমউদ্দীন, সুকান্ত ভট্টাচার্য, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সুফিয়া কামাল—বাংলা ভাষা ও সাহিত্যের এমনই দিগ্বিজয়ী ব্যক্তিবর্গের প্রতিকৃতি ও তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য ছাড়া আরও বহুবিধ দুর্লভ জিনিসের দেখা মিলবে এই জাদুঘরে। জাদুঘর কর্তৃপক্ষের বিশ্বাস, কিছুদিন আগে চালু হওয়া এ জাদুঘরটি দিনে দিনে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।বর্ধমান হাউসের নিচতলার চারটি কক্ষ নিয়ে নির্মিত এ জাদুঘরের প্রথম কক্ষটিতে চোখে পড়ল বাংলা ভাষার আদি উৎস, বাংলা ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও পরিভ্রমণপথের মানচিত্র। কক্ষটির ওপরের দিকে বড় বড় কাঠের ফ্রেমে স্থান পেয়েছে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ক্রমবিবর্তনের ছবি। স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে বাংলা ভাষার ক্রমবিবর্তন ও ইতিহাসের পুস্তকীয় তথ্যগুলো অনেক ক্ষেত্রেই যেখানে শিক্ষার্থীদের কাছে দুর্বোধ্য ঠেকে, সেখানে জাদুঘরে সহজ-সাবলীল ভাষা আর চিত্রের মধ্য দিয়ে প্রদর্শিত এসব তথ্য শিক্ষার্থীদের জন্য বেশ সহায়ক হতে পারে। এ ছাড়াও চোখে পড়ল বাংলা পুঁথির কথা, শ্রীকৃষ্ণ কীর্তন। আছে মীর মশাররফ হোসেনের হাতের লেখা, কবি শামসুর রাহমানের ব্যবহূত চশমা, কলম, মানিব্যাগ, হাতঘড়ি এবং সুফিয়া কামালের ব্যবহূত কিছু জিনিস।জাদুঘরের দ্বিতীয় কক্ষটি আমাদের জাতীয় কবি আর বিশ্বকবির দখলে। একপাশে আছে বিশ্বকবির বেশ কিছু আলোকচিত্র, যেখানে দেখা মিলবে শ্মশ্রুমণ্ডিত চিরচেনা কবিগুরু কিংবা যৌবনকালের সুদর্শন রবীন্দ্রনাথেরও। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের সনদ আর মেডেলের প্রতিচ্ছবি, সঙ্গে ১৯১৩ সালের ১৫ নভেম্বর প্রকাশিত দ্য স্টেটম্যান-এ তাঁর নোবেল বিজয়ের খবরও। জাদুঘরের দেয়ালে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থ ও গোরা উপন্যাসের পাণ্ডুলিপির একটি করে পৃষ্ঠা। এক কোনায় চোখে পড়ল তাঁর সচিত্র কবিতা ও তাঁর করা অনুবাদ, ‘দ্য নাইট হ্যাজ এন্ডেড’।অপরদিকে রয়েছে কাজী নজরুল ইসলামের বিভিন্ন সাহিত্যকর্ম, হাতের লেখা আর বিভিন্ন বয়সের আলোকচিত্র। তরুণ পাঠকেরা এখানে এসে পাবেন ধূমকেতু পত্রিকার একটি পাতা পড়ার দুর্লভ সুযোগ। ১২ ভাদ্র ১৩২৯ তথা ২৯ আগস্ট ১৯২২ সালে প্রকাশিত ধূমকেতু পত্রিকার এ পাতাটিতে লক্ষ করা যায় বেশ মজার কিছু তথ্য। ওপরে এক কোনায় লেখা আছে, ‘তুবিড় বাঁশীর ডাক’। একপাশে লেখা আছে, ‘বার্ষিক মূল্য ৫ টাকা’, নিচের অংশে ইংরেজি ও বাংলায় লেখা আছে, ‘কলকাতায় সব কাগজের চেয়ে কাটতি বেশি’। মাঝের অংশে লেখা, ‘হপ্তায় দু’বার করে দেখা দেবে’, তার নিচেই রয়েছে সম্পাদকের নাম—কাজী নজরুল ইসলাম! চোখে পড়ল সেদিনের ধূমকেতুর পাতায় কবিগুরুর লেখা কবিতাটিও—আয় চলে আয় রে ধূমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু/দুর্দ্দিনের এই দুর্গশিরে/উড়িয়ে দে তোর বিজয় কেতন। ধূমকেতুর পাশেই রয়েছে মানভূষণ মুখোপাধ্যায় সম্পাদিত ২৩ ডিসেম্বর ১৯২৫ সালে প্রকাশিত লাঙল পত্রিকার একটি পাতা। চোখে পড়ল সুকান্ত ভট্টাচার্যের স্বহস্তে লিখিত কবিতা ‘কনভয়’। কন্যা রুমিকে বুদ্ধদেব বসুর স্বহস্তে লেখা চিঠি। আছে বুদ্ধদেব বসু রচিত কবিতা ‘যাওয়া আসা’। ওপরের দিকে একটি আলোকচিত্র নজর কাড়ল, যার শিরোনামে লেখা আছে ‘ঢাকায় তরুণ লেখকগোষ্ঠী: জগদীশ ঘোষ, বুদ্ধদেব বসু, অমলেন্দ বসু, পরিমল রায়, অজিত দত্ত’। বহু কাল আগের সাদা-কালো ছবিটিও সেকালের তরুণ মেধাবী মুখগুলোর আলোকচ্ছটায় বেশ রঙিন লাগছিল। জাদুঘরের দেয়ালে আছে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি। আছে লন্ডনে তাঁর বাসগৃহের সামনে নির্দেশনার ছবি, যেখানে লেখা আছে, ‘ইন্ডিয়ান স্কলার অ্যান্ড রিফর্মার লিভ্ড হেয়ার’। আছে রাজা রামমোহন রায়ের শিমলার বাড়ির আলোকচিত্রও।জাদুঘরে স্থান পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যে অনবদ্য অবদান রাখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও। চোখে পড়ল কাশীধামের তারাকান্ত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর স্বহস্তে লেখা চিঠি, যা থেকে তার মাসিক দানের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়াও রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বহস্তে লেখা মন্তব্য। জাদুঘরে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের স্বহস্তে লিখিত ছয়টি চতুর্দশপদী কবিতা। এ ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লালন শাহ, হাসন রাজার মতো গুণীজনের বিভিন্ন কীর্তির দেখা মিলবে এই জাদুঘরে।বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। বইমেলায় পাঠকদের পাশাপাশি জাদুঘরেও বাড়তে থাকে দর্শনার্থীর ঢল। ছোট ছোট শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী আর বয়োজ্যেষ্ঠরাও ঘুরে বেড়ান বাংলা ভাষা ও সাহিত্যের এই অনবদ্য নিদর্শনগুলোর মাঝে। ছোট্ট রাওয়াককে তার বাবা সাইদুর রহমান বলছিলেন, ‘তোমরা তো অনেক সৌভাগ্যবান! এখানে এসে তুমি যা দেখলে, তা আমাদের ঘেঁটে ঘেঁটে দেখতে অনেক ঘাম ঝরাতে হয়েছিল। অথচ দেখো, তোমরা এখন কত সহজেই গুরুত্বপূর্ণ আর দুর্লভ এই কীর্তিগুলো দেখতে পারছ!’ রাওয়াকও বাবার কথায় সায় জানায়, ‘এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে। অনেক কিছু জানতে পারলাম। বন্ধুদের বলব এখানে আসতে।’