সাড়া নেই হরতালে, প্রথম দিনেই ঢিলেঢালা
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যার হরতাল চলছে। আগামী রোববারও হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার।এমন পরিস্থিতিতে আবারও সহিংসতার আশঙ্কা করছেন এখানকার রাজনীতিক-ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, সরকার পরিস্থিতি শক্ত হাতে দমনে ব্যর্থ হলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠবে। তবে গত বুধবারের হরতালে তেমন সাড়া মেলেনি। বুধবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে হরতাল চলছে ঢিলেঢালাভাবে। নগরের ব্যাংক-বীমা ও সরকারি কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও কাজ চলছে পুরোদমে। নগরের বিভিন্ন সড়কে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। বিপণি বিতান মোড় থেকে বিভিন্ন পথে বাস চলাচল করতে দেখা গেছে। আগ্রাবাদ, লালখান বাজার মোড়, হালিশহরসহ বিভিন্ন স্থানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার একটি পোশাক কারখানার কর্মচারী শাহেদা খাতুন বলেন, ‘হরতাল হলেও আমাদের অফিস বন্ধ থাকে না। কষ্ট করে হলেও যেতে হয়।’ মোগলটুলি এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, গত কয়েক মাস শুধু হরতাল আর হরতালে আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। তাই দোকান খুলতে হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত সহিংসতাও ছিল অন্য সময়ের তুলনায় কম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমাস সিনেমার মোড় এবং কাজীর দেউড়ি মোড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে হরতালকারীরা।এদিকে কাজীর দেউড়ি থেকে নেভাল অ্যাভিনিউ পর্যন্ত নগর বিএনপির কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে রাখে পুলিশ। কার্যালয়ের সামনে সংগঠনটির নগর কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জোটের শরিক অন্য দলগুলোর নেতা-কর্মীদের তখনো রাজপথে দেখা যায়নি। দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, সকাল থেকে নগরের কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে হরতালে আগের মতো সাড়া না থাকলেও পুরোপুরি স্বস্তি নেই নাগরিকদের মনে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি মঈনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হলে জামায়াত রাজনীতি থেকে উৎখাত হয়ে যাবে বলে আশঙ্কা করছে সংগঠনটির নেতা-কর্মীরা। তাই তারা নিজেদের অর্থ-সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবে। কাজেই জামায়াতের সহিংসতা খুব দ্রুত থামবে বলে মনে হয় না। নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, বিএনপি একটি দেউলিয়া রাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া বাহিনী। গণ-আন্দোলন গড়ে তোলার যোগ্যতা না থাকায় তারা হরতাল ডাকে।নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলেই জেল-জুলুম-নির্যাতন হচ্ছে। তাই সাধারণ মানুষ এখন প্রতিরোধ করছে। প্রতিরোধের ভাষা হরতাল বা যেকোনো কর্মসূচি হতে পারে। হরতাল ও পরবর্তী কর্মসূচি বিষয়ে জানতে হেফাজতে ইসলামের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সারা দেশের মতো দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির। সম্প্রতি ১৩ দফা দাবিতে তাণ্ডব শুরু করে হেফাজতে ইসলাম। তাদের ঢাকা অবরোধের পরদিন হাটহাজারীতে সহিংতায় মারা যান ছয়জন।