সাড়ে আট বছরেও সংস্কার হয়নি সেন্ট মার্টিন জেটির গার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্ডার ভেঙে পড়ায় ওই স্থানে কাঠের পাটাতন বিছিয়ে যাত্রীদের জাহাজ থেকে ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
গার্ডার ভেঙে পড়ায় ওই স্থানে কাঠের পাটাতন বিছিয়ে যাত্রীদের জাহাজ থেকে ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন জেটির তিনটি গার্ডার ও রেলিং ক্ষতিগ্রস্ত হওয়ার সাড়ে আট বছর পরও সংস্কার হয়নি। ফলে দৈনিক প্রায় তিন থেকে চার হাজার পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে জাহাজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এই জেটির তিনটি গার্ডার ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখনো গার্ডার ও রেলিং মেরামত বা নতুন করে নির্মাণ করা হয়নি।
গত ২৫ মার্চ সরেজমিনে দেখা গেছে, জেটির উত্তর ও পূর্ব পাশের গার্ডার দুটি ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে পড়ে যাওয়ার পর জাহাজ কর্তৃপক্ষ ওই স্থানে গাছ পুঁতে দিয়েছে। অন্যদিকে, দক্ষিণ পাশের গার্ডারটি অর্ধেক অংশ ভেঙে সাগরে পড়ে গেছে। অবশিষ্ট অংশটি জেটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর ওই গার্ডারের ওপর পাটাতন বিছিয়ে পর্যটকদের জাহাজে ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। জেটির একাংশের রেলিং ভেঙে যাওয়ায় হুড়োহুড়ির সময় পর্যটকদের সাগরে পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক শামসুল ইসলাম, নাজিম উদ্দিন ও জিয়াউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু দ্বীপের একমাত্র জেটিটি এখন পর্যটকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ জেটি দিয়ে দৈনিক কয়েক হাজার পর্যটক ওঠানামা করছে। পর্যটকদের সুবিধার্থে এখনই ক্ষতিগ্রস্ত জেটি সংস্কার করা প্রয়োজন।’
দ্বীপের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, প্রতিবছর জেলা পরিষদ এ জেটি ইজারা দিয়ে ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করছে। কিন্তু দীর্ঘ প্রায় সাড়ে আট বছর ঝুঁকিপূর্ণ জেটি দিয়ে পর্যটকসহ এলাকার লোকজন ওঠানামা করে আসছে।
স্থানীয় এলজিইডি সূত্র জানায়, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ২০০২-২০০৩ অর্থবছরে সাড়ে তিন শ মিটার দৈর্ঘ্যের এই জেটি নির্মাণ করা হয়। পরে এটি তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদকে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সেতুর কিছু অংশ মেরামত করা হলেও তিনটি গার্ডার সংস্কার করা হয়নি।
সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও জেটির গার্ডার মেরামত না করায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
পর্যটক জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, প্রায় ৫০ হাজার টাকার ব্যয় করে গাছ পঁুতে জাহাজ ভেড়ানো হলেও জীবনের ঝুকি নিয়ে দেশি-বিদেশি পর্যটক ওঠানামা করছে প্রতিদিন। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত জেটির গার্ডার ও রেলিং মেরামত করা প্রয়োজন।
টেকনাফ উপজেলা এলজিইডির প্রকৌশলী আবসার উদ্দিন বলেন, জেটি নির্মাণের সময় এটির তদারকির দায়িত্বে ছিল এলজিইডি। বর্তমানে রক্ষণাবেক্ষণ, সংস্কারসহ দায়দায়িত্ব জেলা পরিষদের।
কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত জেটির গার্ডার সংস্কারের জন্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের দল সরেজমিন পরিদর্শন করে গেছে। তাদের নির্দেশনা অনুযায়ী নতুন করে গার্ডার নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছি।’