সাড়ে চার কোটি টাকার সংস্কারকাজ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের প্রায় সাড়ে চার কোটি টাকার সংস্কারকাজ বন্ধ রয়েছে। নানা অজুহাত দেখিয়ে ঠিকাদারের লোকজন প্রথম পর্যায়ের দুই কিলোমিটার সংস্কারকাজ গত পাঁচ মাস ও দ্বিতীয় পর্যায়ের এক কিলোমিটারের সংস্কারকাজ এক মাস ধরে বন্ধ রেখেছে। ফলে সড়কে চলাচলে মাতারবাড়ি ও ধলঘাটার লক্ষাধিক মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের চার কিলোমিটারের মধ্যে প্রথম পর্যায়ে দুই কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য ২০১০ সালের নভেম্বর মাসে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় আরকান ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী ২০১০ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু করে ২০১১ সালের সেপ্টম্বর মাসে শেষ করা কথা ছিল। কিন্তু কাজ এখনো শেষ হয়নি। বর্তমানে ঠিকাদারও উধাও। এদিকে, দ্বিতীয় পর্যায়ে ওই সড়কের ধারাখাল থেকে পশ্চিমে আরও এক কিলোমিটার সড়ক সংস্কার করার জন্য গত বছরের নভেম্বর মাসে দুই কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় মাটি ভরাট, নিরাপত্তা দেয়াল (গাইডওয়াল) নির্মাণ, সিসি ব্লক বসানো ও সড়ক কার্পেটিং করার কথা। কাজের দায়িত্ব পায় চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি। কার্যাদেশ মতে, চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু করে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু এই ঠিকাদারের লোকজনও নানা অজুহাতে কাজ বন্ধ রেখেছেন। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রথম পর্যায়ে দুই কিলোমিটারে বিছানো ইটের খোয়া (মেকাডাম) বিভিন্ন স্থান থেকে ওঠে যাচ্ছে। সড়কে দুই পাশে নিরাপত্তা দেয়াল (গাইডওয়াল) নির্মাণ ও মাটি দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আর দ্বিতীয় পর্যায়ের এক কিলোমিটারের সংস্কারকাজের মধ্যে দুই পাশে সামান্য মাটি ভরাট ও কিছু স্থানে নিরাপত্তা দেয়াল (গাইডওয়াল) নির্মাণ করা হয়েছে। সড়কের ওপর বেশ কয়েকটি ব্লক পড়ে থাকলেও সংস্কারকাজে কোনো শ্রমিককে দেখা যায়নি। আর দুই পাশে মাটি দেওয়ার কারণে বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান স্থানীয় লোকজন। মাতারবাড়ি মগডেইল বাজারের ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ‘একজন সুস্থ মানুষ ওই সড়ক দিয়ে একবার যাতায়াত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করছে।’ এ প্রসঙ্গে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘ঠিকাদার চিংড়িঘেরের পানির অজুহাত দেখিয়ে গত মাস থেকে কাজ বন্ধ রেখেছে। এতে মানুষের কষ্ট বাড়ছে। এ ছাড়া দায়সারাভাবে সড়কে মাটি ভরাট করায় একবার বৃষ্টি হলেই পাঁচ দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপরদিকে আরেক ঠিকাদারের গাফিলতির কারণে আরেক অংশের দুই কিলোমিটারের কাজও পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকবার উত্থাপন করা হলেও কোনো কাজ হচ্ছে না।’ তবে এ নিয়ে কথা বলার জন্য এক কিলোমিটারের সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোক্তার আহমদ ও ফরিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি। কাজ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, ‘কাজ বন্ধ রাখা হয়নি। চিংড়িঘেরের পানির জন্য কাজ করতে পারছি না।’ এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ‘সড়কের সংস্কারকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। ঠিকাদারের গাফিলতির কারণে প্রথম পর্যায়ে কাজ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। তাই ওই কাজ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করার প্রক্রিয়া চলছে। আর দ্বিতীয় পর্যায়ের কাজ চিংড়িঘেরের পানির জন্য করা সম্ভব হচ্ছে না।’