লম্বায় চার ফুট পাঁচ ইঞ্চি; ওজন তিন স্টোন (১৯ কেজির বেশি); আকারের দিক থেকে একটি সাত বছরের শিশুর সমান। প্রাণীটি যদি খরগোশ হয়, তাহলে চোখ কপালে ওঠারই কথা।
যুক্তরাজ্যের উরস্টারের শৌখিন এক দম্পতির বাড়িতে এই আকৃতির একটি খরগোশ আছে। বিশ্বের সবচেয়ে বড় খরগোশ হিসেবে এরই মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছে সে।
১৮ মাস বয়সী কন্টিনেন্টাল জায়ান্ট প্রজাতির এই খরগোশটির নাম জেফ। সে অবশ্য রেকর্ড ভেঙেছে নিজেরই বাবার, যার নাম ডারিউস। সেও একই প্রজাতির খরগোশ। চার ফুট চার ইঞ্চি লম্বা ও ২২ কেজি ওজনের ডারিউস ২০০৮ সালে বিশ্বের সবচেয়ে বড় খরগোশ হিসেবে গিনেস বুকে স্থান পায়। তবে সম্প্রতি তাকে ছাড়িয়ে যায় ছেলে জেফ।
অবশ্য এখন দুজনেরই মাথাব্যথার কারণ হতে চলেছে যে, তার নাম ইনায়া। মাত্র পাঁচ মাস বয়সী ইনায়া জেফেরই ছোট্ট বোন। এই বয়সেই সে তিন ফুট তিন ইঞ্চি। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বে পাঁচ ফুট বা তার চেয়ে বেশি লম্বা খরগোশ হওয়ার রেকর্ড গড়তে চলেছে সে।
খরগোশ হয়েও এই যে বড়সড় শরীরের অধিকারী, এর কারণ কী? প্রথমত, কন্টিনেন্টাল জায়ান্টই বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির খরগোশ। দ্বিতীয়ত, ডারিউস, জেফ ও ইনায়াকে বেড়ে তুলতে তাদের মালিক সাবেক মডেল অ্যানাট্টি এডওয়ার্ডস খাওয়াচ্ছেন ব্রোকলি নামের ফুলকপি-জাতীয় একধরনের গাছের ডালপালা। সঙ্গে খরগোশের সবচেয়ে প্রিয় খাবার গাজর তো আছেই। ব্রোকলি ও গাজরের পাশাপাশি জৈব খড়, সূর্যমুখীর বীজ ও যব মিলে এক জেফেরই লাগে দিনে এক কেজির বেশি খাবার।
খেয়ে খেয়ে জেফ এতটাই নাদুসনুদুস হয়েছে যে মালিক অ্যানাট্টির আট বছর বয়সী মেয়ে আভা জনসনও তাকে সামলাতে হিমশিম খায়।