সাড়ে ছয় হাজার হেক্টর বন পাহারায় মাত্র আট প্রহরী
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের অধীনে টেকনাফ রেঞ্জের সাড়ে ছয় হাজার হেক্টর বনাঞ্চল পাহারায় আছেন মাত্র আটজন বনপ্রহরী। টহল দেওয়ার জন্য নেই যানবাহন ও গোলাবারুদ। তাই বনদস্যুদের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে। টেকনাফ রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীনে চারটি বিট কার্যালয়ের মধ্যে টেকনাফ সদর বিটে এক হাজার ৩৩৪ হেক্টর, মোচনীতে দুই হাজার ২০২ হেক্টর, নিলায় ৮৬০ হেক্টর এবং মধ্যম নিলা বিটে দুই হাজার ২৩২ হেক্টর সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রয়েছে। জানা গেছে, রেঞ্জ কার্যালয় এবং চারটি বিটের প্রতিটিতে ১০ জন করে মোট ৫০টি (কর্মকর্তা-কর্মচারী-বনপ্রহরী) পদ আছে। কিন্তু বর্তমানে আছেন মাত্র ১৯ জন। বাকি ৩১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। নিলা ও মধ্যম নিলা বিটে বনপ্রহরী আছেন একজন করে। আর সদর বিটে তিনজন এবং মোচনী বিটে দুজন বনপ্রহরী আছেন। নিলা বিটে কোনো বিট কর্মকর্তাই নেই। তাঁর কাজ করেন একজন প্রহরী।টেকনাফ রেঞ্জের কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, বনপ্রহরীদের অভাবে পাহারার কাজ বলতে গেলে হয়ই না। তা ছাড়া যানবাহন বলতে পুরো রেঞ্জে আছে একটি জিপ ও দুটি মোটরসাইকেল। এ তিনটিই অকেজো। চারটি বিটে কোনো যানবাহন নেই। তাই প্রতিদিন ১০-১২ কিলোমিটার পাহাড়ি ও কাঁচা পথ হেঁটে টহল দেওয়া কঠিন।মতিউর রহমান আরও জানান, এ রেঞ্জের অধীনে যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে, এর বেশির ভাগ অকেজো ও ব্যবহারের অনুপযোগী। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ ও লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি।বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯১ ও ১৯৯৪ সালের ঘূর্ণিঝড়ে টেকনাফ রেঞ্জের চারটি বিট কার্যালয়ই বিধ্বস্ত হয়। কিন্তু সেগুলো কোনো রকমে মেরামত করে কাজ চালানো হচ্ছে।মোচনী বিটের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এ বিটে দুই হাজার ২০২ হেক্টর বন রক্ষায় তিনি ছাড়া আছেন মাত্র দুজন বনপ্রহরী। বন পাহারা তো দূরের কথা, কোনো যানবাহন না থাকায় ঠিকমতো অভিযানেও যাওয়া যায় না।মোচনী বিটের বনপ্রহরী আমির হোসেন জানান, বনাঞ্চল রক্ষা করতে গিয়ে বেশ কয়েকবার বনদস্যুদের হামলার শিকার হয়েছেন তাঁরা। গত এক বছরে ১০-১৫ বার বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের সংঘর্ষ হয়। এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, এরই মধ্যে গাছ পাচারকারী চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তালিকাভুক্ত বনদস্যুরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।লোকবল, আবাসন, যানবাহন, আগ্নেয়াস্ত্রসহ নানা সংকটের কথা স্বীকার করে টেকনাফের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, জনবল বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আগেই আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।