সাড়ে তিন বছর থেকে বন্ধ ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন পাঁচতলাবিশিষ্ট ক্যাফেটেরিয়ার কাজ প্রায় সাড়ে তিন বছর ধরে বাজেটের অভাবে বন্ধ রয়েছে। প্রথম দিকে খুব দ্রুত গতিতে শুরু হলেও শুধু আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট (নিচের ভিত্তিপ্রস্তর) পর্যন্ত নির্মিত হয়েই থমকে আছে। বর্তমানে এই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের চারপাশের জঙ্গল পরিষ্কার করা ও বের হয়ে থাকা রডগুলোতে রং করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এর নির্মাণকাজ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ক্যাফেটেরিয়া নির্মাণের জন্য বাজেট থাকায় তখন এটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু বাজেটটি স্থগিত হয়ে যাওয়ায় বর্তমানে এর নির্মাণকাজও বন্ধ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় দিয়ে ভবনটি নির্মাণ সম্ভব নয়।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ চুয়েটের তৎকালীন উপাচার্য ড. মীর শহিদুল ইসলাম শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্যাফেটেরিয়া ও ছাত্রকল্যাণ কেন্দ্রের জন্য কেন্দ্রীয় মসজিদ ও তারেক হুদা হলের পাশে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সূত্র জানায়, নির্মাণাধীন এই ভবনে ক্যাফেটেরিয়া ছাড়াও শিক্ষার্থীদের জন্য কমনরুম, ছাত্র সংসদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের জন্য অফিস বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন খুব দ্রুত কাজ চললেও হঠাৎ করেই নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ শিক্ষার্থীরা।এ বিষয়ে চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ খুবই দ্রুত গতিতে চলছিল। এমনকি রাতের বেলা হারিকেনের আলোতে কাজ করতে দেখেছি। মনে করেছিলাম, আমরা খুব দ্রুতই ক্যাফেটেরিয়া পাচ্ছি। কিন্তু কিছুদিন পর আবার হঠাৎ করেই এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এখন মাঝেমধ্যে ওই জায়গাটিতে জঙ্গল পরিষ্কার করেই ক্ষান্ত হয় কর্তৃপক্ষ।’