সাড়ে তিন হাজার টমটম গিলে খাচ্ছে বাসার বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে চলাচল করা সাড়ে তিন হাজার অবৈধ টমটম (ব্যাটারিচালিত যানবাহন) গিলে খাচ্ছে বাসাবাড়ি, শিল্পকারখানা, হ্যাচারি ও হোটেল-মোটেলের জন্য বরাদ্দ দেওয়া বিদ্যুৎ। ফলে বাড়ছে লোডশেডিং। এতে পর্যটনশিল্পে বিরূপ প্রভাবসহ লাখো মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে আগে-পরে কয়েক দিন বিদ্যুতের লোডশেডিং মোটেও ছিল না। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর অর্থাৎ ৪ এপ্রিল থেকে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।সাড়ে তিন হাজার অবৈধ টমটম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, ছোট্ট এ শহরের একটিমাত্র প্রধান সড়কে ব্যাটারিচালিত টমটম গাড়ি চলে সাড়ে তিন হাজারের মতো। প্রতিটি গাড়িতে ব্যাটারি স্থাপন করা হয় চার থেকে ছয়টি। এক হিসাবে দেখা গেছে, সাড়ে তিন হাজার টমটম গাড়ির ১৫ হাজারের বেশি ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় চার মেগাওয়াট। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আলাদা মিটার না নিয়ে আবাসিক গ্রাহক লাইন থেকে এসব ব্যাটারি চার্জ করা হচ্ছে। গত কয়েক মাসে ব্যাটারি চার্জ দেওয়ার সময় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু ব্যাটারি চার্জ বন্ধ করা যাচ্ছে না। অবৈধভাবে চলাচলকারী টমটম গাড়িগুলো বন্ধেরও কোনো উদ্যোগ নেই। এদিকে এসব টমটমের কারণে প্রধান সড়কের বাজারঘাটা, লালদীঘিরপাড়, হলিডে মোড়, লাবণী পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলীসহ বিভিন্ন এলাকায় যানজট লেগে থাকে। অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরেরা টমটমগুলো চালানোর কারণে অহরহ দুর্ঘটনাও ঘটছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ জানান, ২০০৯ সালে পৌর কর্তৃপক্ষ এক বছর মেয়াদের জন্য ৪৪০টি টমটম চলাচলের নিবন্ধন (লাইসেন্স) দেয়। কিন্তু ব্যাটারিচালিত হওয়ায় তার পর থেকে পৌর কর্তৃপক্ষ টমটমের নিবন্ধন দেওয়া বন্ধ রাখে। এখন শহরে অবৈধ টমটমের সংখ্যা তিন হাজারের বেশি।হোটেল-মোটেল অন্ধকারে: কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, ছুটি কাটাতে লাখো পর্যটক এ সমুদ্রসৈকত ভ্রমণ করছেন। পর্যটকের থাকার জন্য এখানে তিন শতাধিক হোটেল-মোটেল-গেস্টহাউস তৈরি করা হয়। কিন্তু ঘনঘন লোডশেডিংয়ের কারণে হোটেল-মোটেল জোনটি অন্ধকারে ডুবে থাকে। জেনারেটর চালিয়ে রাতের বেলায় হোটেল-মোটেলে গ্রাহকসেবা নিশ্চিত করা হলেও অনেকের পক্ষে তা-ও সম্ভব হয় না। ফলে ভ্রমণে আসা পর্যটকেরা দুর্ভোগে পড়ছেন। বিউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ‘পর্যটন এলাকা হিসেবে বিশেষ করে দেশি-বিদেশি পর্যটকের জন্য সমুদ্রসৈকত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা দরকার। এ জন্য অতিরিক্ত পাঁচ-ছয় মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু পুরো দিনের জন্য সর্বনিম্ন আট মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পেলে লোডশেডিং করা ছাড়া বিকল্প থাকে না।’ তিনি জানান, কক্সবাজারে বিদ্যুতের চাহিদা প্রায় ৫০ মেগাওয়াট। কিন্তু দৈনিক বরাদ্দ পাওয়া যায় আট থেকে ১৮ মেগাওয়াট। হ্যাচারি শিল্পে লোকসান: সমুদ্রসৈকত এলাকার কলাতলী, বড়ছড়া, ইনানী, সোনারপাড়ায় এক দশক ধরে হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপন করা হয়েছে ৫০টির বেশি চিংড়িপোনা উৎপাদনের হ্যাচারি। কিন্তু লোডশেডিংয়ের কবলে পড়ে হ্যাচারিশিল্প এখন ধ্বংসের মুখোমুখি। হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সভাপতি মো. রইচ উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকার কারণে প্রতিদিন জেনারেটরের বিপরীতে প্রতিটি হ্যাচারির ৩০-৫০ হাজার টাকার জ্বালানি খরচ যাচ্ছে। লো ভোল্টেজের কারণে অক্সিজেন-সংকটে পড়ে বহু হ্যাচারির কোটি কোটি পোনা মারা যাচ্ছে। লোকসানের কবলে পড়ে ইতিমধ্যে ১০টি হ্যাচারি পোনা উৎপাদন বন্ধ করে দিয়েছে। লোডশেডিং চলতে থাকলে আরও হ্যাচারি বন্ধ হয়ে যাবে। ব্যাহত বোরো চাষ: চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা রেজাউল করিম জানান, লোডশেডিংয়ের কারণে চলতি মৌসুমে বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে। মাতামুহুরী নদীর দুই তীর, চিরিঙ্গা, হারবাং, কাকারাসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৪৪ হাজার একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিদ্যুতের কারণে সেচযন্ত্র চালানো যায় না বলে কয়েক হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে। এর সত্যতা নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক হাফিজ গোলাম কিবরিয়া জানান, জেলার টেকনাফ, উখিয়া, চকরিয়া, সদর, রামুসহ আট উপজেলায় বর্তমানে ১৮ হাজার ৬১০ একর জমি অনাবাদি পড়ে রয়েছে। লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি ও পানিসংকটের কারণে এ অবস্থা হচ্ছে।