সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবারগুলোর পুনর্বাসন হয়নি। এর ফলে পরিবারগুলোর সদস্যদের দিন কাটছে কষ্টে।
উপজেলার প্রশাসন সূত্র জানায়, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে মাতারবাড়ীর মাইজাপাড়া, দক্ষিণ রাজঘাট, মগডেইল, সাইরার ডেইল, নয়াপাড়া ও লাইল্যাঘোনা এবং ধলঘাটের মুহুরীঘোনা, পণ্ডিতের ডেইল, সুতরিয়া, সরইতলা, নাছির মোহাম্মদ ডেইল, বঞ্জামিরাঘোনা ও সাপমারার ডেইল গ্রামের অন্তত দেড় হাজার কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়। স্থানীয় প্রশাসন এ পর্যন্ত ২৮৫ পরিবারের মধ্যে এক বান ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেছে।
সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ীর সাইরার ডেইল, মগডেইল, ফুলজানমোরা, পূর্ব মাইজপাড়া ও দক্ষিণ রাজঘাটে বেড়িবাঁধে প্রায় ৩০০ গৃহহারা পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ধলঘাটের পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল ও সুতিরয়ায় প্রায় ২০০ পরিবার বসবাস করছে বেড়িবাঁধে। তাদের ঘর বলতে বাঁশের খুঁটি দিয়ে পলিথিনের চালার একটি কামরা। এর মধ্যে গাদাগাদি করে থাকতে হচ্ছে পরিবারের সবাইকে।
সাইরার ডেইল এলাকায় কথা হয় দক্ষিণ সাইরার ডেইল এলাকার বাসিন্দা দিনমজুর কাউসার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জলোচ্ছ্বাসে ধসে পড়েছে মাটির ঘর। এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমাদের কষ্ট দেখার কেউ নেই।’
স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, গৃহহারা পরিবারকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, ইতিমধ্যে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত ২৮৫ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আর বাকি গৃহহারা পরিবারগুলো পুনর্বাসন করার লক্ষ্যে ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর পর ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে তিন দফায় ৬৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।