কক্সবাজারের রামু উপজেলায় বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কার্যালয়ের অধীন প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর বন পাহারার জন্য আছেন মাত্র সাতজন প্রহরী। অন্য ২৩ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছেন ১২ জন। জনবলসংকটের কারণে এ সাত প্রহরীকে অন্য কাজেও ব্যস্ত থাকতে হয়।শুধু তাই নয়, কর্মকর্তা-কর্মচারীর বাসগৃহ ও যানবাহন-সংকট, আগ্নেয়াস্ত্র অকেজোসহ, নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যে এ রেঞ্জের অধীন তিনটি বিট কার্যালয়ের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।বাঁকখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এ রেঞ্জের অধীন তিনটি বিট কার্যালয়ের মধ্যে বাঁকখালী বিটে এক হাজার ৫৯০ দশমিক ১৮ হেক্টর, গিলাতলী এক হাজার ৮৯১ দশমিক ১৩ হেক্টর এবং কচ্ছপিয়া বিটে এক হাজার ৮৬৩ দশমিক ৬২ হেক্টরসহ মোট পাঁচ হাজার ৩৪৪ দশমিক ৯৩ হেক্টর সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রয়েছে। এসব বন পাহারার জন্য ১১ জন প্রহরীর মধ্যে কর্মরত আছেন সাতজন। অন্যদের মধ্যে রেঞ্জ কর্মকর্তার একমাত্র পদটি শূন্য, ডেপুটি রেঞ্জার তিনজনের মধ্যে একজন, ফরেস্টার ছয়জনের মধ্যে চারজন কর্মরত আছেন। মোট ২৮টি পদের মধ্যে বর্তমানে ১১টি শূন্য রয়েছে।সদ্য বিদায়ী রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, বাঁকখালী বিটে তিন প্রহরীর মধ্যে দুজন ফটক, নদী এবং ডিপো পাহারা দেন। একজন মইশকুম নার্সারি এবং বনের কাজ করেন। এই তিনজনের মধ্যেও একজন বয়স্ক, একজন অসুস্থ (পক্ষাঘাতগ্রস্ত)। তাই বন পাহারা তেমন একটা হয় না।জনবলের অভাবে যন্ত্রের মতো দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করলেও কাজের শেষ নেই। শুধু জনবল-সংকটই নয়, পুরো রেঞ্জ এলাকায় যানবাহন বলতে আছে বাঁকখালী বিটে একটি মোটরসাইকেল। তা-ও অনেকটা অকেজো। বাকি দুই বিটে কোনো যানবাহন নেই। তাই প্রতিদিন আট-নয় কিলোমিটার পাহাড়ি ও কাঁচাপথ পায়ে হেঁটে টহল দিতে হিমশিম খেতে হয়। বিভিন্ন সময় সংবাদ পেলেও যানবাহনের অভাবে অভিযানে যাওয়া সম্ভব হয় না। গেলেও উদ্ধার করা কাঠ আনা-নেওয়ায় ভোগান্তির শেষ নেই।তিনি জানান, এ রেঞ্জের অধীন যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আছে, এর বেশির ভাগই অকেজো এবং ব্যবহারের অনুপযোগী। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘদিন ব্যবহারের পর আগ্নেয়াস্ত্রগুলো এখানে সরবরাহ করা হয়। ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, তাঁর এবং রেঞ্জ কর্মকর্তার ঘরের দরজা, জানালা, টিনের ছাউনি ও বেড়া নষ্ট হওয়ায় ব্যবহারের অনুপযোগী। তারপরও এমন ঘরে বাধ্য হয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এ ছাড়াও প্রহরী, বাগান মালী ও নৌকার মাঝিও একই ভাবে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। কচ্ছপিয়া বিট কর্মকর্তা মো. শহীন মিয়া জানান, এ বিটে প্রায় দুহাজার হেক্টর বনরক্ষায় তিনি ছাড়া আছেন একজন প্রহরী ও একজন নৌকার মাঝি (চালক)। বন পাহারা তো দূরের কথা, কোনো যানবাহন না থাকায় ঠিকমতো অভিযানেও যাওয়া যায় না। তিনি জানান, কচ্ছপিয়া বিট কার্যালয় থেকে দোছড়ি নারকেলবাগান এলাকায় টইল দিতে প্রতিদিন আট-নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে আসা-যাওয়া করতে হয়। এতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, জনবল বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক আগেই আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।