সাড়ে সাত বছরেও চালু হয়নি পর্যটক জেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের শাহপরীর দ্বীপে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটক জেটি চালু হয়নি সাড়ে সাত বছরেও। অপ্রশস্ত সংযোগ সড়কের কারণে বছরের পর বছর অব্যবহূত পড়ে আছে জেটি। এখন মাঝেমধ্যে মিয়ানমার থেকে আমদানি করা গবাদিপশু নামানো ছাড়া এটির ব্যবহার হয় না।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, টেকনাফ উপজেলার দমদমিয়া থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ৪২ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপে নির্মিত পর্যটক জেটি থেকে দূরত্ব ১৩ কিলোমিটার। এ জন্য পর্যটকবাহী ট্রলার ও জাহাজের চলাচলের সুবিধার্থে শাহপরীর দ্বীপে ওই পর্যটক জেটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ ও ৩ দশমিক ৬০ মিটার প্রস্থের এ জেটি নির্মাণ করে নাফ নদীর ওপর। নির্মাণকাজ শেষ হয় ২০০৫ সালের অক্টোবরে। কিন্তু শাহপরীর দ্বীপের জেটি থেকে টেকনাফের সংযোগ সড়কটি অপ্রশস্ত হওয়ায় বাস চলাচল করতে পারে না। সড়ক ও জনপথ বিভাগ এখনো সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয়নি। ফলে দমদমিয়া এলাকায় কাঠ দিয়ে তৈরি সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পর্যটক ও সাধারণ মানুষ ওঠানামা করছে।জানা যায়, কাঠের সাঁকো দিয়ে ট্রলার ও জাহাজ থেকে ওঠানামা করার সময় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। ২০০৬ সালে জাহাজে ওঠার সময় সাঁকো থেকে পড়ে টাঙ্গাইলের বাস মালিক সমিতির সভাপতি নুরুজ্জামানের মৃত্যু হয়। ২০০৭ সালে একইভাবে দুর্ঘটনার শিকার হয়ে ঢাকার মিরপুরের হাবিব নবী ও আজিম নামের দুই পর্যটক মারাত্মক আহত হন। ২০১১ সালের নভেম্বর মাসে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাসহ ২৫ জন আহত হন। সর্বশেষ ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি জাহাজে উঠতে গিয়ে সাঁকো ভেঙে নদীতে পড়ে নারী-শিশুসহ ৫৬ জন আহত হয়।পযর্টক বহনকারী জাহাজ এলসিটি কুতুবদিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ও দমদমিয়া ঘাট পরিচালনার দায়িত্বে নিয়োজিত দিদার হোসেন জানান, অপ্রশস্ত সড়কের কারণে জেটি পর্যন্ত গাড়ি পৌঁছে না। ফলে দমদমিয়া ঘাটে যাত্রী ও পর্যটকদের ওঠানামা করানো হচ্ছে। সড়ক প্রশস্ত করা হলে শাহপরীর দ্বীপে নির্মিত জেটি ব্যবহার করা হবে।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, এ জেটি চালু করা হলে পযর্টকেরা স্বল্প সময়ে সেন্ট মার্টিন আসা-যাওয়া করতে পারতেন। তাই সংযোগ সড়ক প্রশস্ত করে জেটিটি চালু করা হোক।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম জানান, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সড়কটি অপ্রশস্ত হওয়ায় এত দিন জেটি চালু করা যায়নি। সড়ক প্রশস্ত করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কক্সবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ জানান, জেটি চালু করার জন্য সড়কটির উন্নয়ন ও প্রস্থ ১২ থেকে বাড়িয়ে ১৮ ফুট করতে একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।