সাড়ে সাত হাজার একর জমিতে বোরো চাষ ব্যাহত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার সেচসুবিধা না থাকায় চলতি বছর প্রায় সাড়ে সাত হাজার একর জমিতে বোরোর চাষ ব্যাহত হবে। উপজেলার দুটি কৃষি ব্লকে সেচসংকট তীব্রতর হয়েছে। পাবলাখালী ও দীঘিনালার দুটি ব্লকে এক হাজার ১৫০ একর জমির মধ্যে বোরোর চাষ হয়েছে মাত্র ৪২৫ একর জমিতে। এ দুটি কৃষি ব্লকে সেচসুবিধা না থাকায় প্রায় এক হাজার চাষি বোরোর আবাদ করা থেকে বঞ্চিত হবেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর আমন মৌসুমে উপজেলার ২২টি কৃষি ব্লকে ১২ হাজার ১২৫ একর জমিতে আমনের চাষ হয়েছে। আমনের মৌসুমে পানির সমস্যা না থাকায় ১২ হাজার ৭৩৯ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। আউশের মৌসুমে উৎপাদন হয়েছে ১০ হাজার ৬৪ মেট্রিক টন চাল। কিন্তু বোরোর মৌসুমে সাত হাজার ৭৫০ একর জমি অনাবাদি রয়েছে। ফলে এবার চাল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।পাবলাখালী ও দীঘিনালা ব্লকে সেচসুবিধার জন্য এ বছর সেনাবাহিনী একটি বাঁধ তৈরি করে দিয়েছে। তবে গ্রামবাসী জানান, এতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া সেচসংকট দূর হবে না বলে জানান এলাকার চাষিরা। পাবলাখালী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গীতা রাণী বিশ্বাস জানান, পাবলাখালী ব্লকে সেনাবাহিনীর নির্মিত বাঁধের কারণে ২৩০ হেক্টর জমির মধ্যে মাত্র ৮০ হেক্টর জমি বোরো চাষের আওতায় এসেছে। আরও ১৫০ হেক্টর জমি অনাবাদি রয়ে গেছে। দীঘিনালা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, চলতি বোরো মৌসুমে সেচ সুবিধা না থাকার কারণে চাষিরা বোরো চাষে আগ্রহী হচ্ছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বোরো মৌসুমে সেচ সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘সেচ সুবিধা বাড়ানো ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।’