বান্দরবানে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা সাড়ে ১২ হাজার হলেও মিটার রিডার রয়েছেন মাত্র একজন। ফলে বেশির গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরি হচ্ছে মিটার না দেখে। এ নিয়ে অনেককে টানতে হচ্ছে বাড়তি বিলের বোঝা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি বলেন, ১৯৭৩-৭৪ সালে যখন বিদ্যুতের চাহিদা ও গ্রাহকসংখ্যা কম ছিল তখন জনবল কাঠামো তৈরি করা হয়েছিল। সেই সময়ে গ্রাহকসংখ্যা হাজারের কিছু বেশি এবং চাহিদা ছিল তিন মেগাওয়াটেরও কম। বর্তমানে জেলা শহরসহ রুমা, রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলায় চাহিদা প্রায় সাড়ে নয় মেগাওয়াট এবং গ্রাহকসংখ্যা ১২ হাজার ৭৩৫। এ বছরের ডিসেম্বরের মধ্যে থানচি উপজেলাও বিদ্যুতের আওতায় এলে চাহিদা আরও বাড়বে। কিন্তু ১৯৭৩-৭৪ সালের জনবলকাঠামো এখনো পরিবর্তন না হওয়ায় এবং অপরিবর্তিত জনবলকাঠামোরও এক-তৃতীয়াংশ পদ শূন্য থাকায় খুবই সমস্যা হচ্ছে।
বিউবো সূত্র জানায়, বান্দরবানের জনবলকাঠামো অনুযায়ী ৪৯ জন প্রকৌশলী-কর্মচারী থাকার কথা। দুজন মিটার পাঠক পদের একজনের পদ খালি থাকায় মাত্র একজন দিয়ে কাজ চলছে। মোট খালি পদের সংখ্যা ১৪।
বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগেরও অন্ত নেই। ভুতুড়ে ও মিটারের সঙ্গে সংগতিহীন বিল নিয়ে প্রতিবাদ করলে বিলের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
জেলা শহরের কাসেম পাড়ার আবুল কালাম ও উজানীপাড়ার কিকি চিং মারমা বলেন, মিটার না দেখে অতিরিক্ত বিল দেওয়া হয়। আপত্তি করলে বলা হয়, মিটারে পরিশোধিত বিলের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এ জন্য বকেয়া থাকা বিলের সমন্বয় করে বিল দেওয়া হচ্ছে। অথচ কাগজপত্র অনুযায়ী কোনো মাসের বিল বকেয়া নেই।
সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সরদার জানান, একজন মিটার রিডার সর্বোচ্চ এক হাজার ২০০ মিটার দেখতে পারেন। সেই হিসেবে বান্দরবানে কমপক্ষে ১০ জন মিটার রিডার থাকার কথা। এখন দৈনিক মজুরির ভিত্তিতে কিছু লোককে দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে।
বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে বলেন, সব গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু জনবল কম হওয়ার কারণে বিল নিয়ে অনেকের অভিযোগ থাকতে পারে।