সায়োনারা মিসাও ওকাওয়া

বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃত ছিলেন মিসাও ওকাওয়া। দীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে মৃদু হেসে বলতেন, ‘সুস্বাদু খাবারদাবার’ আর ‘পর্যাপ্ত বিশ্রামের’ কথা। এই তো কদিন আগেই তাঁর ১১৭তম জন্মদিন পালন করা হলো। সদা স্মিতহাস্য প্রবীণ এই জাপানি নারী বুধবার দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেলেন। তাঁকে বিদায়, জাপানি ভাষায় সায়োনারা। সায়োনারা মিসাও ওকাওয়া।
গত শতকেও নয়! তার আগের শতকের শেষের দিকে জন্মেছিলেন মিসাও ওকাওয়া। ওসাকা দ্বীপের এক বস্ত্র বণিকের মেয়ে মিসাও যে বছর জন্মেছেন সে বছরই হাওয়াই দ্বীপপুঞ্জকে নিজেদের দখলে নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র। আর সে বছরই দুনিয়ায় চালু হয়েছিল নতুন এক কোমল পানীয়, পেপসি-কোলা। তাঁর জন্মের বছরই প্রতিবেশী চীনের বিখ্যাত বিপ্লবী নেতা ঝোও এনলাই জন্মেছেন। সালটা ১৮৯৮।

এই মার্চের পাঁচ তারিখে এক প্রবীণ নিবাসে বেশ ঘটা করেই পালিত হয়েছিল মিসাও ওকাওয়ার ১১৭তম জন্মদিন। এর কদিন পর থেকেই তিনি ক্ষুধামন্দায় ভুগছিলেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিলেন। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে বুধবার সকালে মৃত্যুর সময় তাঁকে ঘিরে ছিলেন তাঁর অনেক নাতি-নাতনিরা।
২০১৩ সালের জুন মাসে মিসাও ওকাওয়াকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। আরেক জাপানি জিরোয়েমন কিমুরা ১১৬ বছর ৫৪ দিন বয়সে মারা যাওয়ার পর ওই স্বীকৃতি মিলেছিল মিসাওয়ের। মিসাওয়ের মৃত্যুর পর গিনেসের হিসেবে এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি যুক্তরাষ্ট্রের গারট্রুড ওয়েভার। এ বছরের ৪ জুলাই তাঁর বয়স ১১৭ বছর হওয়ার কথা।