সি হর্স রাসেলের সাঁতারকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে গত ৩১ মার্চ কথা বলার পর মো. সাইফুল ইসলামকে বললাম কয়েকটি ছবি ই–মেইলে পাঠাতে। ছবি পাঠালেন সাইফুল, রাসেল নামেই যিনি পরিচিত অনেকের কাছে। মেইল দেখতে গিয়ে দেখলাম, প্রেরকের নাম ‘সি হর্স’। ই–মেইলে এ নামটাই রেখেছেন রাসেল।

সি হর্স নামটা রাসেলের বেলায় যথার্থই। গত ২৯ মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল দুবার পাড়ি (ডবল ক্রস) দিলেন তিনি। সেন্ট মার্টিন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে তিনিসহ পাঁচজন সাঁতারু জলে নেমেছিলেন ডবল ক্রস করার উদ্দেশ্যে। সবাই পৌঁছেছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায়। সেখান থেকে ফিরতি পথও ধরেছিলেন। কিন্তু রাসেল ছাড়া কেউই সম্পন্ন করতে পারেননি। ১০ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে ৩২ দশমিক ২ কিলোমিটার পথ সাঁতরে রাসেল বাংলা চ্যানেল ডবল ক্রস করেন। বাংলা চ্যানেল সাঁতারের নিয়মিত আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা এই বিশেষ আয়োজন করেছিল।

বাংলা চ্যানেল ডবল ক্রস করার পর

এর আগে তিনবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন রাসেল। ২০১৮ সালে ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে নিয়ে দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেন এই সাঁতারু। যদিও পরের বছর সাঁতারু সাজ্জাদ ২ ঘণ্টা ৫৯ মিনিট সময়ে এই চ্যানেল পাড়ি দিয়ে রাসেলের রেকর্ড ভাঙেন। বাংলা চ্যানেলে রেকর্ড করে ৩১ মার্চ সকালে ঢাকা ফিরে আসেন। রাতে কথা হয় তাঁর সঙ্গে, মুঠোফোনে। বললেন, ‘মার্চের শেষভাগে যেমন হয়, সাগর খুব বেশি উত্তাল নয়, আবার একেবারে শান্তও নয়। তাই মাঝেমধ্যেই স্রোতের তোড় বেশি পাচ্ছিলাম, কারণ আমরা দেরিতে নেমেছিলাম। শাহপরীর দ্বীপে পৌঁছাতে সময় লেগেছিল বেশি।’

বরগুনার ছেলে রাসেল। তাঁরা চার ভাই এক বোন। বাবা নুরুল ইসলাম ব্যবসায়ী আর মা রাহিমা বেগম গৃহিণী। বিষখালী নদীর শাখা খাকধানে সাঁতরানো শুরু স্কুলে ভর্তি হওয়ার আগেই। ‘একদিন নদীতে গোসল করছিলাম, আম্মা ডেকে নিয়ে গিয়ে ২০ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, “যা, স্কুলে ভর্তি হয়ে আয়।”’ জল কিংবা সাঁতার তাই রাসেলের জীবনের সঙ্গী। টু–থ্রিতে পড়ার সময় আন্তস্কুল সাঁতারে প্রথম স্থান অর্জন, তারপর বিভিন্ন সময়ে থানা, জেলা, বিভাগ, জাতীয়—সব পর্যায়েই সাফল্য পান রাসেল। তবে সাঁতারে মাঝেমধ্যেই বিরতি দিয়েছেন রাসেল।

সাঁতারে এমন অনেক পদকই গলায় পরেছেন রাসেল

যেমন বিরতি পড়েছিল পড়াশোনাতেও। ২০০৩ সালে পরিবারের জমিজমার ঝামেলায় অন্যত্র যেতে হয়। সে বছর আর স্কুলে যাওয়া হয়নি। রাসেলকে গরুর দেখাশোনা করতে দেওয়া হয়। রাসেল বলেন, ‘আমার বয়সীরা স্কুলের পোশাক পরে স্কুলে যেত, আর আমি রাখাল বালক। মন খুব খারাপ হয়ে যেত।’ এক বছর পর মাদ্রাসায় ভর্তি করা হয় রাসেলকে। সেখানে সব ক্লাসেই তার রোল নম্বর ছিল ১। দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে ২০১০ সালে রাসেল ভর্তি হন ঢাকা কলেজে। এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞানে ভর্তি হন রাসেল। কয়েক দিন আগে তাঁর স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল বেরিয়েছে। ফল কী? লাজুক কণ্ঠ রাসেলের, ‘প্রথম শ্রেণি আছে।’

সাঁতারের বিরতিতে রাসেল কী করতেন? খুব ভালো ফুটবল খেলতেন। ২০০৬ সালে বয়সভিত্তিক জাতীয় ফুটবল ক্যাম্পে ডাক পান। কিন্তু রাসেলের ফলাফল দেখে কোচ বলেন পড়াশোনাতেই থাকতে। এরপরও আন্তস্কুল ফুটবলে রাসেলের দলের সাফল্য কম নেই। ফুটবল, অ্যাথলেটিকস নিয়েই চলছিল। ২০১৪ সালে ঢাবির সুইমিং পুলে যান রাসেল। পরের বছর আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ২০১৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ মানে সাঁতারে প্রতিভা অন্বেষণের ঘোষণা আসে। সারা দেশের ২৫ হাজার সাঁতারুর মধ্য থেকে ১ হাজার ১০০ জন নির্বাচিত হন। তাঁদের মধ্যে ১৬০ জন ডাক পান প্রশিক্ষণ ক্যাম্পে। রাসেল তাঁদের একজন। দেশি–বিদেশি কোচদের কাছ থেকে শেখেন সাঁতারের কলাকৌশল।

২০১৭ সাল, রাসেল তখন ক্যাম্পে। হঠাৎ শোনেন ঢাবির জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে পানিতে ডুবে মারা গেছেন। ‘আমাকে ঘটনাটা খুব নাড়া দেয়। দুই দিন আমি প্র্যাকটিসই করতে পারিনি।’ তখনই তাঁর মধ্যে ঢুকে যায় মানুষের পানিভীতি কমাতে হবে। ২০১৮ সাল থেকে বাংলা চ্যানেল সাঁতারে অংশ নেওয়া শুরু করেন। রাসেল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার দল ও ওয়াটার পোলো দলের অধিনায়ক। আবার অমর একুশে হলে টানা পাঁচবারের দ্রুততম মানবও তিনি।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার ২০০৬ সাল থেকে শুরু করে এই ২৯ মার্চ পর্যন্ত ১৭ বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন। তিনি রাসেল সম্পর্কে বলেন, ‘ওর কাছ থেকে এখন আমরা সাঁতারের কৌশল শিখি। আমাদের যে দলটা সাঁতারের অনুশীলন করে, সেটার প্রশিক্ষক রাসেল।’

রাসেলের পরিকল্পনা বিশ্বের সবচেয়ে বিপৎসংকুল সাতটি চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়া। বললেন, ‘আর সাঁতার যে আয়েশের একটা বিষয়, এটা আমি জানাতে চাই সবাইকে।’ ছোটবেলা থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি ব্রজেন দাশের নাম এত শুনেছেন রাসেল, শেষমেশ পানিকেই বেছে নিয়েছেন জীবনের সঙ্গে। উত্তাল সাগরের ঢেউয়ে খেলা করতে করতে এগিয়ে চলেছেন আমাদের ‘সি হর্স’।