লায়ন মনুমেন্ট বা ‘লায়ন অব লুজার্ন’ স্টেশন থেকে পায়ে হাঁটার দূরত্ব। ১৭০০ শতকে সুইসদের সঙ্গে ফ্রান্স রাজপরিবারের সুসম্পর্ক বিদ্যমান ছিল। ১৭৮৯ সালের ৬ অক্টোবর ফ্রান্স-সম্রাট ষোড়শ লুই ভার্সাইলসের রাজপ্রাসাদ ত্যাগ করে তুলিরিশ প্রাসাদে চলে যেতে বাধ্য হন। সেখান থেকে ১৭৯১ সালে সম্রাট বিদেশে পালিয়ে যেতে চেষ্টা করেন। ইতিমধ্যে বিপ্লবীরা ঝড়ের বেগে রাজপ্রাসাদ আক্রমণ করে রাজপরিবারকে বন্দী করে। সুইস রেজিমেন্ট গার্ড রাজপ্রাসাদ রক্ষাকল্পে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বিপ্লবীদের হাতে বন্দী হয়। যুদ্ধে প্রায় ১০০ জন সুইস রেজিমেন্ট গার্ড মৃত্যুবরণ করেন। প্রায় ২০০ জন প্রাণ হারান কারাগারে, অবশিষ্টদের বিপ্লবীরা নির্মমভাবে হত্যা করে। সুইস রেজিমেন্টের জনৈক অফিসার কার্ল ফিফার ছিলেন লুজার্নের অধিবাসী। তিনিই প্রথম উদ্যোগী হয়ে সুইস গার্ডদের বিশ্বস্ত, বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণ করে মনুমেন্ট গড়ে তোলার মানসে ১৮১৮ সালে অর্থ সংগ্রহ শুরু করেন। সে সময় রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফরাসি বিপ্লবের প্রয়োজন ছিল। সুইস গার্ড রেজিমেন্টের তুলিরিশ প্রাসাদ রক্ষা বিপ্লবকে বাধাগ্রস্ত হিসেবে নয়, বরং দেখা হয়েছে বীরত্ব ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে। ম্যাপ দেখে রাস্তাটি খুঁজে পেতে অসুবিধে হলো না।দুভাগ হয়ে যাওয়া রাস্তাটির মাথার ডান দিকেই ছোট একটি পার্ক। পার্কের ছোট ফটক পার হয়েই গাছপালায় ছাওয়া শান্ত শীতল ছোট একটি স্থান। গাছের নিচে বসার জন্য কয়েকটি বেঞ্চ। বেঞ্চের পর ছোট বেদি পার হলেই এক জলাশয়। জলাশয়ের ওপারেই মাঝারি উচ্চতার সাদা এক পাহাড়। পাহাড়ের বাঁক খাওয়া স্থানটিতেই খোদাই করা বিশাল এক মৃতপ্রায় সিংহ। কাত হয়ে শুয়ে থাকা সিংহটির পেছনের একপা ও লেজটি ঢলে পড়েছে। সম্মুখের একটি পা পাশে পড়ে থাকা ঢালের ওপর, যেন যুদ্ধক্লান্ত সিংহ এই মাত্র ঢালটি ছেড়ে দিয়েছে, ঢালের পাশে পড়ে আছে তুনসহ অনেকগুলো তীর। মৃতপ্রায় সিংহের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভেতরটা ব্যথায় ভরে ওঠে। লুজার্নের সিংহ ভাস্কর্যের সম্মুখের জলাশয়টি জলে পূর্ণ। জলের ওপর বাতাসে ভেসে আসা গাছের পাতা ভাসছে।রোদে চিকচিক করছে জলাশয়ের জল। স্বচ্ছ জলে জলাশয়ের বাঁধানো তলটিও দেখা যায়, অসংখ্য ছোট ছোট কয়েন নিচে পড়ে আছে। রোদের ছটায় কয়েনগুলো থেকে আলো ঠিকরে আসছে। যাঁরাই এখানে এসেছেন কয়েন ফেলে কিছু মানত করে গেছেন। যাঁরা আসছেন তাঁরাও মানত করছেন। একটি কয়েন ফেলে আমিও মানত করলাম। জানি না কেন ভেতরটা প্রশান্তিতে ভরে এল।হাঁটতে হাঁটতে এলাম পুরোনো শহরে।এখানেই কোথাও পিকাসো মিউজিয়াম। পুরোনো শহরে শত বছরের পুরোনো ফ্রান্সিসকান গির্জার কাছে এসে একজনকে প্রশ্ন করতেই গির্জার লাগোয়া ছোট একটি গলি দেখিয়ে দিলেন। পাথরের ছোট পথ। দুপাশেই ছোট ছোট দোকান, তবে বেশির ভাগই রেস্তোরাঁ। দেখে মনে হয় পুরোনো আবাসিক বাড়িগুলো রেস্তোরাঁয় রূপ নিয়েছে। রেস্তোরাঁ ছাড়া আছে সুভেনির শপ, প্রাসঙ্গিক কয়েকটি দোকান। এর মাঝে কোথাও হবে পিকাসো মিউজিয়াম। কিন্তু গলির এমাথা হতে ওমাথা কোথাও পিকাসো মিউজিয়ামের সন্ধান পাওয়া গেল না। বেশ কয়েকবার খোঁজাখুঁজির পর এক পুরোনো বাড়ির দেয়ালের গায় Am Rhyn-Hous নামটা দেখা গেল। এটাই পিকাসো মিউজিয়াম, কিন্তু প্রবেশ দরজা বন্ধ। ভেতরে আঁধার। একজনকে প্রশ্ন করতেই রোসেনগার্ট নামটা বললেন। পিকাসোর শিল্পকর্মগুলো রোসেনগার্ট ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। মনে পড়ল টুরিস্ট অফিসের মেয়েটি এই নামটি বলেছিল। রোসেনগার্ট ভবন চ্যাপেল ব্রিজ পার হয়ে নতুন শহরে। হাঁটতে হাঁটতে চ্যাপেল ব্রিজে উঠে এলাম। ব্রিজের মুখেই শতাব্দীর পুরোনো সৈনিকের পোশাক পরা একজন নিশ্চল হয়ে দাঁড়িয়ে, কোমরে বাঁধা তলোয়ার। মাথায় লাল ঝালর দেওয়া টুপি। পায়ের কাছে আর একটি টুপি উপুড় করে রাখা। পর্যটকেরা দুএকটা কয়েন দিচ্ছেন টুপিটায়। কয়েন ফেললেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা সৈনিকটি চোখ ঘুরিয়ে মুচকি হাসেন। চ্যাপেল ব্রিজে পর্যটকদের ভিড়। কাঠের ওপর পায়ে চলার শব্দ। বহু ভাষার কলতান। হঠাৎ কানে এল ‘একটু দাঁড়াই এখানে’। চলতে চলতে পা শ্লথ হয়ে এল। কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে একজন, বিষাদে ভরা এক মুখ, চোখ দুটি জলের ওপর। পায়ের নিচ দিয়ে ঢেউয়ের শব্দ তুলে বয়ে যাচ্ছে রুশ নদীর জল। হাওয়ায় দোল খাচ্ছে মাথার চুল। দুই ভ্রুর মাঝে মেরুন রঙের জ্বলজ্বলে টিপ, একই রঙের ব্লাউজ। গলায় চিকন সুতার মতো সোনার চেইন ত্বকের সঙ্গে মিশে আছে। তাঁকে কি দেখেছি কোথাও? সুইজারল্যান্ড ৩০-০৮-২০১০