সিআইএর কাছ থেকে অর্থ নেওয়া দুর্নীতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে, তালেবান হামলা এবং অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্ব মোকাবিলা করা ও ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জন্য বড় চ্যালেঞ্জ। এসব বিষয় নিয়ে কারজাই সম্প্রতি ডেনমার্কের টিভি ২ টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন। সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরা হলোনির্বাচন কাছাকাছি। ধাপে ধাপে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার চলছে। এ সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো, আপনি এ মুহূর্তে কোন বিষয়গুলোকে বড় সমস্যা বলে মনে করেন? প্রধান সমস্যা হলো, পাকিস্তান সীমান্তে চলমান সন্ত্রাসবাদ, বিভিন্ন অঞ্চলে প্রায়ই ঘটে চলা বোমা বিস্ফোরণ ও আফগান জনগণের নিরাপত্তাহীনতা। আমরা যদি শিগগিরই শান্তি-প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারি, তাহলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে। কিন্তু আমরা এখনো দেশ গড়ছি। আন্তর্জাতিক বাহিনীর মূল লক্ষ্য ছিল আফগানিস্তান থেকে আল-কায়েদা ও তালেবান নির্মূল করা। গত ১১ বছরে তারা কি সে লক্ষ্য পূরণ করতে পেরেছে?আফগানিস্তানে আল-কায়েদা নেই। আর তালেবান পাকিস্তানের কাছ থেকে সহায়তা পাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের মানসম্পন্ন শিক্ষা, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর ব্যাপারে সহায়তা দিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বেশ কিছু প্রশ্ন থেকে গেছে।আপনি কি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে ব্যর্থ হয়েছে?এটা সুস্পষ্ট, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এটা তাদের করা উচিত ছিল। তারা এটাই করতে চেয়েছিল।তাহলে কি আপনি আশঙ্কা করছেন, আফগানিস্তান আগের অবস্থায় ফিরে যাবে?না, না আমরা ভালো করছি, এগিয়ে যাচ্ছি। ক্রমে ভালো অবস্থার দিকেই এগোচ্ছি।আপনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। পশ্চিমা নেতারা এ বিষয়টির কথা সব সময় তুলে থাকেন। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, আপনার দপ্তর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কাছ থেকে অর্থ নিয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? দেখুন, সিআইএর কাছ থেকে অর্থ নেওয়া দুর্নীতি নয়। এটা সহায়তা। এ সহায়তা কার্যকরভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এটা আমাদের প্রতি সিআইএর বিশেষ অবদান। এতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।আফগানিস্তানের বেশ কিছুসংখ্যক মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। দেশের প্রেসিডেন্ট হিসেবে তাঁদের কী আশ্বাস দেবেন?তাঁদের বলব, উদ্বিগ্ন হবেন না। সম্প্রতি বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপের ভিত্তিতে বলেছে, আফগানিস্তানের জনগণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো ও গণমাধ্যম যেমনটা ভাবছে, আফগানিস্তানের বাস্তব অবস্থার সঙ্গে তার অনেক পার্থক্য। ২০১৪ সালের পর আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় সুশাসন প্রতিষ্ঠা, নারী অধিকার এগিয়ে নেওয়া ও গণতন্ত্রকে শক্তিশালী করাসহ বেশ কিছু বিষয়ে অগ্রগতি দেখতে চায়। এসব ব্যাপারে তাদের কীভাবে আশ্বস্ত করবেন?এসব বিষয় নিজ গতিতে এগিয়ে চলছে। আমাদের সরকার ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে। আজ আমাদের নিজস্ব প্রশাসন রয়েছে। রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিচারব্যবস্থা। জবাবদিহি প্রতিষ্ঠিত হয়েছে। গণমাধ্যম সরকারের কাজের ওপর নজর রাখছে। কার্যকর সুশীল সমাজও রয়েছে। তার মানে কি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি? এর জবাব হচ্ছে: না, আমাদের আরও অনেক দূর যেতে হবে। পরিপূর্ণতার জন্য আমাদের সময় দিতে হবে।  ভাষান্তর: মাহফুজার রহমান