সিআইপি মর্যাদা পেয়েছেন রাশিয়াপ্রবাসী ফিরোজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ-উল-আলম খান
ফিরোজ-উল-আলম খান

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা পেয়েছেন রাশিয়াপ্রবাসী বাংলাদেশি ফিরোজ-উল-আলম খান। বাংলাদেশি পণ্য আমদানিকারক ক্যাটাগরিতে বিশেষ ভূমিকা রাখায় সরকার ২০১৩ সালের জন্য অনাবাসী বাংলাদেশি কোটায় তাঁকে সিআইপি হিসেবে নির্বাচিত করে। এর আগে ২০০৯ ও ২০১১ সালেও তিনি সিআইপি নির্বাচিত হয়েছিলেন।
১৮ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনাবাসী ১১ জন বাংলাদেশি সিআইপির নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে ফিরোজ খান একজন। 
বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, বিনিয়োগ ও ব্যবসা–বাণিজ্যে অবদান রাখেন এমন ব্যক্তিদের তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে কয়েক বছর ধরে সরকার সিআইপি মর্যাদা দিয়ে আসছে। তাঁরা বাংলাদেশে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বিমানবন্দর এবং সরকারি পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের ভিআইপি সম্মান ও সুযোগ–সুবিধা দেওয়া হয়।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার নলডাঙ্গা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম ফিরোজ-উল-আলম খানের। তাঁর বাবা শামছুল আলম পেশায় হাইস্কুলের শিক্ষক ছিলেন। তাঁর মায়ের নাম ফিরোজা বেগম।

তৎকালীন সোভিয়েত সরকারের বৃত্তি নিয়ে ১৯৮৮ সালে তিনি ভর্তি হন মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯৩ সালে বিএসসি এবং ১৯৯৫ সালে এমএসসি ডি​গ্রি লাভ করেন।
পড়াশোনার ফাঁকে ফিরোজ খান জড়িয়ে পড়েন ইলেকট্রনিকস ও কাপড়ের ব্যবসায়। এ কাজে তাঁকে সাহায্য করেন তাঁরই ঘনিষ্ঠ কিছু রুশ বন্ধু। তখন ছোট পরিসরে শুরু করলেও ধীরে ধীরে বিস্তৃত হয় তাঁর ব্যবসা। পরে ব্যবসা পরিবর্তন করে ওই বন্ধুদের নিয়েই ১৯৯২ সালে আলমিরাল লিমিটেড নামের কোম্পানি গড়ে তোলেন। বর্তমানে এ প্রতিষ্ঠানটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে মস্কোতে সুপরিচিত। এ ছাড়া বাংলাদেশে থেকে রাশিয়ায় পাট আমদানি করে এ দেশে আমাদের দেশীয় পণ্যের পরিচিতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। মূলত পাট আমদানির কারণেই তিনি এবার সিআইপি সম্মাননা পেলেন।
তৃতীয়বারের মতো সিআইপি মর্যাদা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফিরোজ-উল-আলম খান জানান, পরিশ্রম ও নিজের কাজের প্রতি ভালোবাসাই এই স্বীকৃতি পেতে তাঁকে সহায়তা করেছে। তিনি আরও বলেন, যখন কোনো কাজের সঠিক মূল্যায়ন হয়, তখন সত্যিই নিজের কাছে খুব ভালো লাগে।
ফিরোজ খান মস্কোর ব্যবসায়িক ও সামাজিক নানা সংগঠনের সঙ্গে জড়িত। রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) সভাপতি ছিলেন তিনি।

জামিল খান
মস্কো, রাশিয়া