গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী সার কারখানা কোম্পানির (কাফকো) উৎপাদন। দীর্ঘদিন ধরে এ দুই প্রতিষ্ঠানে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় কারখানা দুটির ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সিইউএফএল কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক গ্যাস সরবরাহ না হওয়ায় ও যান্ত্রিক ত্রুটির কারণে সিইউএফএল গত ২২ মাসে সাড়ে ১৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। ২০১০ সালের জুলাই থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত গ্যাসের অভাবে কারখানা বন্ধ ছিল। গ্যাস সরবরাহ করা হলে ওই বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে কারখানা চালু হয়। তবে ২০১১ সালের মার্চ পর্যন্ত কয়েক দফায় সাতবার কারখানা বন্ধ ছিল। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা চালু ছিল ২৩ দিন, ফেব্রুয়ারি মাসে ২২ দিন এবং মার্চে ১৫ দিন। সর্বশেষ গত ৩১ মার্চ থেকে গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর এখনো চালু হয়নি। জানা গেছে, জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন (টিইসি) কর্তৃক নির্মিত এই সার কারখানা ১৯৮৭ সালের ২৯ অক্টোবর বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়। বিসিআইসির এ কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা পাঁচ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে, সার কারখানাটি গ্যাসের অভাবে ঘন ঘন বন্ধ থাকায় লক্ষ্যমাত্রার ধারেকাছেও যেতে পারছে না।অপরদিকে প্রাকৃতিক গ্যাসের অভাবে এ বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বহুজাতিক উৎপাদনমুখী প্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানা কোম্পানির (কাফকো) সার উৎপাদন বন্ধ রয়েছে। এ সময় এক মাসের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) কাজে কারখানা বন্ধ রাখা হয়েছিল। তবে কাজ শেষ হওয়ার পর গ্যাসের অভাবে এখনো উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। সূত্র আরও জানায়, ২০১১ সালেও গ্যাস সংকটের কারণে পাঁচ মাস বন্ধ ছিল কাফকো। সিইউএফএলের গ্যাস সরবরাহ সম্পর্কে জানতে চাইলে কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা আ জ ম আতাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গত ৩১ মার্চ থেকে গ্যাস সরবরাহ না থাকায় কারখানা বন্ধ রয়েছে। আর কারখানায় উৎপাদন বন্ধ থাকলে পাইপলাইন, বয়লার, রিয়েক্টর ও কনভেয়ার বেল্টসহ বিভিন্ন যন্ত্রপাতিতে সমস্যা দেখা দেয়। ফলে ঘন ঘন মেরামতের কাজ করতে হয়। এভাবে বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’ জানতে চাইলে কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমদ মুঠোফোনে জানান, কখন গ্যাস পাওয়া যাবে, তা বলা যাচ্ছে না। তাই কাফকো কখন উৎপাদনে যেতে পারবে, তা-ও বলা মুশকিল।