সিইউএফএলে সিবিএ নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন মাস আগে। এখনো নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হয়নি।সূত্র জানায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত সিইউএফএল সিবিএর বর্তমান কমিটির মেয়াদ গত ২০ মে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় গত ৯ আগস্ট চট্টগ্রাম বিভাগের যুগ্ম শ্রম পরিচালক এম জহুরুল হক স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। এতে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। চিঠিতে সময়মতো নির্বাচন না করায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৭৯ (১) (ঞ) ধারার বিধান এবং ইউনিয়নের গঠনতন্ত্রের ২৪ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করা হয়। কিন্তু এখনো নির্বাচন নিয়ে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। এদিকে, চট্টগ্রাম বিভাগের যুগ্ম শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পাঠানো চিঠির সূত্র ধরে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য কমিটির সভাপতি-সম্পাদকের বরাবরে একটি আবেদন করেন কারখানার শ্রমিক মো. হানিফ মিয়া। তিনি সে আবেদনের কপি বিভিন্ন দপ্তরেও প্রেরণ করেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিবিএর বর্তমান কমিটির সভাপতি মো. আবদুর রহিম চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের নেতিবাচক কোনো চিন্তা-ভাবনা নেই। যথাসময়ে নির্বাচনের ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। শিগগির তারিখ ঘোষণা করা হবে।’এ প্রসঙ্গে, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খান বলেন, ‘সিবিএ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মূলত আমাদের করণীয় তেমন নেই। তারপরও আমরা এতে সর্বাত্মক সহযোগিতা করে থাকি। এখনো করব।’