সিইপিজেডের দেড় লাখ শ্রমিক পরিবহনে আলাদা ব্যবস্থা হচ্ছে
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) প্রায় দেড় লাখ শ্রমিক পরিবহনের জন্য প্রতিদিন যাত্রীবাহী বাসের দরকার প্রায় ২০০টি। কিন্তু অনুমোদন রয়েছে মাত্র ৮০টির। বাকি ১২০টি বাস নিয়মিত রুট থেকে ভাড়া করে নেওয়া হয়। এতে গণপরিবহনে চরম সংকট সৃষ্টি হয়। বিশেষ করে, কালুরঘাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত এলাকায় যাতায়াতকারী লোকদের দুর্ভোগ চরমে পৌঁছে। অফিসমুখী এবং অফিসফেরত যাত্রীদের ভোগান্তি হয় বেশি।নগরের গণপরিবহনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটিয়ে এসব শ্রমিক পরিবহনের উপায় নিয়ে আলোচনার জন্য গতকাল বুধবার দুপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক সিইপিজেডের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিইপিজেডের মহাব্যবস্থাপক, পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবহন মালিক শ্রমিকদের ছয়টি সংগঠন, তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টার বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে নগরের গণপরিবহনব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটিয়ে সিইপিজেডের শ্রমিকদের পরিবহনের জন্য আলাদা ব্যবস্থা গড়ে তোলার উপায় নির্ণয়ে পাঁচ সদস্যদের একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সিইপিজেডের মহাব্যবস্থাপক, যানবাহন মালিক সমিতি, গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের একজন করে প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন দিনের মধ্যে এই কমিটিকে পরিবহন ব্যবস্থার রূপরেখা এবং এ সংক্রান্ত সম্ভাব্য সমস্যা ও তার উপায় নির্ণয় করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিবহনসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে এই কমিটির মাধ্যমে তা নিরসনের সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এই ইপিজেডে শ্রমিক সংখ্যা এক লাখ ৬৭ হাজার। এর সঙ্গে ছোটখাটো ঠিকাদার-সরবরাহকারীর সংখ্যা হবে আরও পাঁচ-ছয় হাজার। এর বেশির ভাগ লোক শহরের বিভিন্ন প্রান্তে বসবাস করে। ফলে বিপুল সংখ্যক লোককে আনা-নেওয়া অত্যন্ত দুরূহ।’আবদুর রশিদ আরও বলেন, ‘ট্রাফিক বিভাগের হিসাবে সিইপিজেডের শ্রমিকদের আনা-নেওয়ার জন্য প্রতিদিন ২০০ বাস লাগে। কিন্তু গাড়ি সরবরাহকারীরা আমাদের জানিয়েছে, প্রতিদিন দরকার অন্তত ৭০০ থেকে ৮০০ বাস। এত বাস দিতে গেলে নগর পরিবহনব্যবস্থায় সমস্যা দেখা দেবে। আবার না দিলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য মারাত্মক সমস্যা হবে। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক শুরু হয় বেলা ১১টায়। বেলা দুইটায় বৈঠক শেষ হয়।বৈঠক শেষে নগর পুলিশের কমিশনার যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘সিইপিজেডের শ্রমিক পরিবহন সমস্যার একটি স্থায়ী সমাধান হলে নগর গণপরিবহনের অনেক সমস্যা দূর হবে। এ কারণে আমরা সিইপিজেডের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’