সিইসি সদস্যপদের বিপরীতে এক কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভা হয়েছে বৃহস্পতিবার। আর এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। সপ্তাহের শেষ দিনে তাই লেনদেন ও সূচক বেড়ে যায়। একই দিনে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইসিতে) দুটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার কথা জানালেন সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ। তিনি বলেন, ‘আমার সঙ্গে দুটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কথা হয়েছে। তাঁরা সিইসির সদস্যপদের বিপরীতে এক কোটি টাকা করে ঋণ দেবেন বলে জানিয়েছেন। আপনারা যাঁরা এ ঋণ নিতে চান তাঁরা নিতে পারেন।’ নগরের আগ্রাবাদ সিইসি ভবনে আয়োজিত নতুন সফটওয়্যার (নেক্সট জেনারেশন ট্রেডিং সফটওয়্যার) উদ্বোধনের আগে সিইসি সভাপতি এ কথা বলেন। তিনি ওই সময়ে বাণিজ্যিক ব্যাংক দুটির নাম ঘোষণা না করলেও তারল্যসংকটের কারণে এ সময়ে তা ব্রোকারেজ হাউসের সদস্যদের কাছে প্রণোদনা হিসেবে মনে হয়েছে। এ প্রসঙ্গে সালতা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শহীদুল্লাহ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এ ঋণ সহায়তা কিছুটা হলেও শেয়ারবাজারে গতি সঞ্চার করবে—এ কথা অস্বীকার করার উপায় নেই।’এদিকে, বৃহস্পতিবার সিইসিতে অধিকাংশ শেয়ারের দামই বেড়ে যায়। লেনদেনও ভালো হয়েছে। তবে নতুন সফটওয়্যারে লেনদেন করতে গিয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউসের লোকজন কিছুটা সমস্যায় পড়ার কারণে দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি টাকা। জানা গেছে, নতুন এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারেননি তাঁরা। এ বিষয়ে সিইসির সহসভাপতি তারেক কামাল বলেন, ‘নতুন সফটওয়্যারে প্রাথমিকভাবে কিছু সমস্যা হতে পারে। তবে এগুলো খুবই সাময়িক। এসব সমস্যার সমাধানে আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে।’ বৃহস্পতিবার সিইসিতে সার্বিক মূল্যসূচক প্রায় ৬৪৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়ায়। ১৪৫টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে এ দিন। এর মধ্যে ১৩৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ছয়টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। একটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।