সিএনজিচালিত অটোরিকশা চুরি কমছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চুরি বেড়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ২৫-৩০ জনের সংঘবদ্ধ একটি দল। গত চার মাসে পুলিশ নগরের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৫টি অটোরিকশা উদ্ধার ও ১৮ জনকে আটক করলেও চুরি বন্ধ হয়নি। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গত ২৯ জুন হাটহাজারীতে দুই ছিনতাইকারী ধরা পড়েছে জনতার হাতে। চালক মো. আনিস জানান, হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে চার ছিনতাইকারী মদুনাঘাট এলাকায় যাওয়ার নাম করে অটোরিকশায় ওঠে। মাঝপথে মাদার্শা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা অটোরিকশাটি থামায়। একপর্যায়ে চালককে রাস্তায় ফেলে গাড়িটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কয়েকজন পথচারী ঘটনাটি দেখে ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে বড়দীঘিরপাড় এলাকায় গাড়িটি ফেলে পালাতে চেষ্টা করেন তারা। জনতা দুই ছিনতাইকারীকে ধরতে সক্ষম হলেও অন্য দুজন পালিয়ে যায়। ধরা পড়া ওই দুই ছিনতাইকারীকে জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ দুজন ছিনতাইকারী হলো—মোহাম্মদ রিয়াদ ও মোহাম্মদ লোকমান। এ ব্যাপারে হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। সিএমপি সূত্র জানায়, নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি ও ছিনতাইয়ে জড়িত দলের সদস্য জামাল উদ্দীনসহ ১৮ জনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে নগর গোয়েন্দা পুলিশ গত ২৬-২৮ এপ্রিল টানা তিন দিন নগর ও জেলার রাঙ্গুনিয়ায় অভিযান চালায়। এ সময় চুরি ও ছিনতাই হওয়া ১০টি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার হয়। সিএনজি অটোরিকশা ছিনতাই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সিএনজি ছিনতাইকারীদের আটক করছি কিন্তু তাঁরা জামিনে বের হয়ে পুনরায় এ কাজে যুক্ত হচ্ছেন। সে কারণে অপরাধ কমছে না।’ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সিএনজি অটোরিকশা ছিনতাই কাজে ২৫-৩০ জনের একটি চক্র রয়েছে। এ চক্রের দলনেতা মোহাম্মদ জামাল ও রতনবাবুকে গত ২৬ এপ্রিল নগরের নিউমার্কেটে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ আরেফিন নগর কলোনি ও রাঙ্গুনিয়া থেকে এ চক্রের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।’ এদিকে, গত ১৯ মার্চ নগরের কর্ণফুলী থানা এলাকায় সিডিএ আবাসিকের বিপরীতে চোরাই সিএনজি বেচাকেনার সময় (নম্বর-চট্টমেট্রো-দ-১১-১১৬৫) গোয়েন্দা পুলিশ ইমাম হোসেন ও সৈয়দ আলম নামে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাঁদের সঙ্গে সিএনজি অটোরিকশা চুরি ও ছিনতাইয়ে আরও ১৪-১৫ জন কাজ করেন। এঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।