সিএমএম আদালতে ১৬ হাজার ৫৩৭ মামলা নিষ্পত্তির অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার পর থেকে চট্টগ্রাম মুখ্য মহানগর (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট—সিএমএম) হাকিম আদালতে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আদালতে নিয়মশৃঙ্খলা অনেকটা ফিরে এসেছে এবং বিচারকাজে অযথা হস্তক্ষেপও কমেছে। তবে মামলার তুলনায় বিচারক কম হওয়ায় মামলা নিষ্পত্তিতে বিচারকেরা হিমশিম খাচ্ছেন।এ ছাড়া পুরোনো, ছোট আলো-বাতাসহীন জরাজীর্ণ কক্ষে স্বাভাবিকভাবে কাজ করতে সমস্যা হচ্ছে বিচারক ও সংশ্লিষ্ট কর্মচারীদের।আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক হওয়ার আগে মহানগর হাকিম আদালতে বিচারাধীন মামলা ছিল ১৬ হাজার ১৬৬টি। এ বছর জুন পর্যন্ত দুই বছর আট মাসে নতুন মামলা দায়ের হয়েছে ৪৫ হাজার ৬২২টি। সব মিলিয়ে মামলার সংখ্যা দাঁড়ায় ৬১ হাজার ৭৮৮টি। এর মধ্যে গত ৩০ জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৪৫ হাজার ২৫১টি। বর্তমানে ১৬ হাজার ৫৩৭টি মামলা বিচারাধীন রয়েছে।২০০৮ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দুই বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, পৃথক্করণের পর থেকে মামলা দায়ের ও নিষ্পত্তি উভয়ের হার বেড়েছে। ২০০৮ সালে মামলা দায়ের হয় ২০ হাজার ৮৮টি। এ সময়ে নিষ্পত্তি হয়েছে ১৯ হাজার ৯৩৬টি। ২০০৯ সালে মামলা দায়ের হয় ১৭ হাজার ৯২৩টি। নিষ্পত্তি হয় ১৭ হাজার ৫০৫টি ।চলতি বছর ৩০ জুন পর্যন্ত পাঁচ হাজার ৫৯৭টি নতুন মামলা দায়ের ও পাঁচ হাজার ১৭৫টি মামলা নিষ্পত্তি হয়।এ ক্ষেত্রে নিষ্পত্তির হার প্রায় ৯৮ ভাগ। পৃথক করার আগে নিষ্পত্তির হার ছিল প্রায় ৮৭ ভাগ।সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম মহানগর বিচারিক আদালতে বিচারকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। ফলে যে হারে মামলা দায়ের হচ্ছে সে হারে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। জানা যায়, অভিযোগ গঠন, সাক্ষী, জামিন, অন্তবর্তীকালীন আদেশ—সব মিলিয়ে একটি বিচারক আদালত এক কার্যদিবসে ৪০-৪৫টির মতো মামলা শুনানি করতে পারেন। এ ছাড়া প্রত্যেক বিচারককে দিনে দুই তিনটি করে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার বিভাগীয় অনুসন্ধান করতে হয়। সেই হিসেবে আটটি আদালতে ছুটি বাদ দিলে বছরে ১১-১২ হাজারের বেশি মামলার বিচারকাজ নিষ্পত্তি করা কঠিন। আদালত-সংশ্লিষ্ট লোকজনেরা জানান, সময়মতো বিচারকাজ শুরু ও শেষ করার ক্ষেত্রে বিচারক ও কর্মচারীরা আগের চেয়ে তৎপর থাকায় ১৭-১৯ হাজার মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে।সাধারণত ১২টি থানা নিয়ে গঠিত বড় জেলাগুলোতে ১৩ জন এবং আট-নয়টি থানা নিয়ে গঠিত ছোট জেলাগুলোতে নয়জন ম্যাজিস্ট্রেটের জনবল কাঠামো রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনবল কাঠামোতে ম্যাজিস্ট্রেট আছেন ১৩ জন।১২টি থানা নিয়ে গঠিত চট্টগ্রাম মহানগর জনসংখ্যা ও মামলা-মোকদ্দমার দিক থেকে একটি বড় জেলার প্রায় সমান হলেও এখানে একটি মুখ্য মহানগর বিচারক (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট—সিএমএম) ও একজন অতিরিক্ত মুখ্য মহানগর বিচারকসহ মোট বিচারক রয়েছেন আটজন। তা-ও গত জুনের আগে ছিলেন ছয়জন। দুইজন বিচারক যোগ দিয়েছেন গত ১৬ জুন। বিচারক ও আইনজীবীদের মতে, মহানগরের প্রতিটি থানার জন্য একজন করে অন্তত ১২ জন বিচারক আদালতে নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে মামলা নিষ্পত্তি দ্রুত হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেক কমে যাবে। সরেজমিনে দেখা যায়, ম্যাজিস্ট্রেটদের এজলাশ ও দাপ্তরিক কক্ষগুলো খুবই সংকীর্ণ। আলো-বাতাস চলাচলের তেমন ব্যবস্থা নেই। লোডশেডিং হলেই কর্মচারীদের কাজ করতে হয় মোমবাতি জ্বালিয়ে। বৃষ্টি নামলে বারান্দায় পানি পড়ে।এদিকে, বিচার বিভাগ পৃথক্করণের পর চট্টগ্রাম মহানগর বিচারিক আদালতে বিচারকদের আদেশ, রায় ইত্যাদি কম্পিউটারে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক বিচারকের অধীনে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। এতে মামলাসংক্রান্ত তথ্য কম সময়ে জেনে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে বলে বিচারকেরা জানান। বিচার বিভাগ পৃথক করার সুফল সম্পর্কে পিপি (সরকারি কৌঁসুলি) মো. আবুল হাসেম বলেন, ‘বিচার বিভাগ পৃথক হওয়ার পর থেকে আদালতের সামগ্রিক পরিবেশ, মামলা নিষ্পত্তির হার, সাক্ষীর উপস্থিতি ইত্যাদি আগের তুলনায় অনেক ভালো।’ তিনি বলেন, ‘এখন বিচারকেরা, প্রকৃত অর্থে সততা ও স্বচ্ছতার সঙ্গে প্রভাবমুক্তভাবে বিচারকাজ চালাচ্ছেন। আমার জানা মতে, কোনো মন্ত্রী, সাংসদ বা প্রভাবশালীমহলের প্রভাব এখন নেই। এটা বিচার বিভাগ পৃথক্করণের একটা শুভ দিক।’ বিচারক কম হওয়া সম্পর্কে তিনি বলেন, মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর স্বার্থে মহানগর হাকিম আদালতে অন্তত আরও চারজন বিচারক নিয়োগ দেওয়া উচিত।মুখ্য মহানগর হাকিম মো. হেলাল বলেন, ‘বিচার বিভাগ পৃথক্করণের সুফল অবশ্যই পাওয়া যাচ্ছে। মামলা নিষ্পত্তির হার বাড়ছে, প্রভাব বিস্তারের চেষ্টা কমছে, কাজের ক্ষেত্রে আইনজীবী, কর্মচারী—সবার মধ্যে শৃঙ্খলা ফিরে আসছে—এসবই বিচার বিভাগ পৃথক্করণের সুফল বলা যায়।’