সিএসপি থেকে বিসিএস
কাজী ফজলুর রহমান বাংলাদেশের গুণী সরকারি কর্মকর্তাদের অন্যতম। তিনি ১৯৫৫ সালে পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস কমিশন (সিএসপি) পরীক্ষায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সম্মিলিতভাবে প্রথম হন। তাঁর জন্ম ১৯৩১ সালের ৮ অক্টোবর। তাঁর বর্ণাঢ্য জীবনে রয়েছে সব পরীক্ষায় প্রথম শ্রেণী পাওয়ার গৌরব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (১৯৫২) ও স্নাতকোত্তর (১৯৫৩) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। দেশের বাইরে উচ্চশিক্ষা লাভ করেন লন্ডন স্কুল অব ইকোনমিকস, অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সচিব হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ১৯৯০ সালের ডিসেম্বরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে কৃষি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: আমলার দিনলিপি (৫ খণ্ড), দিনলিপি একাত্তর, ষোলই ডিসেম্বর ও মুক্তিযুদ্ধের গল্প, কিশোর মক্তিযোদ্ধা মানিক, শিকড়, সেই ধাবমান কাল, কালস্রোত, দর্পণে প্রতিবিম্ব, বিশ্বাসঘাতক, খাঁচায়, যাত্রী।একটা সময় ছিল, যখন স্বপ্ন দেখতাম দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করব; সেটা আপামর জনসাধারণ হয়ে নয়, বরং দেশ পরিচালনার গুরুভার কাঁধে নিয়ে। সে স্বপ্নপূরণের সুযোগটা পেলাম একদিন। ১৯৫৫ সালে।কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের ফলাফলটা পেলাম। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটো মিলে প্রথম হয়েছিলাম। দেশ গড়ার আত্মপ্রত্যয়ী তরুণ আমার জন্য দিনটি ছিল সত্যিই স্বপ্নের মতো। আজও মনে পড়ে সেই দিনটির কথা। দুই বছর ট্রেনিং শেষে নিয়োগ পেলাম পূর্ব পাকিস্তানেই। আমি আর এখনকার অর্থমন্ত্রী মুহিত সাহেব একসঙ্গেই যোগদান করেছিলাম চাকরিতে। আজকের বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগদানের মতো তখন আমাদের দিতে হতো এ রকম পরীক্ষা। তখনকার সময় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার, এ দুটি ক্ষেত্রের জন্য লোক নিয়োগ করা হতো পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে। কেন্দ্রের জন্য পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস কমিশন ও প্রদেশের জন্য পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন।দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশে এ দুটির স্থলে দায়িত্বপ্রাপ্ত হলো সরকারি কর্মকমিশন। আশির দশকে পরীক্ষাটির নামকরণ করা হলো বিসিএস। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসে উত্তীর্ণ সবাই দেশের সরকারি তহবিল থেকে বেতন পাবেন ও বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত হবেন। সরকারি কর্মকমিশনের ওপরই ন্যস্ত ছিল বাছাই পরীক্ষা থেকে শুরু করে চাকরি প্রদান, পদোন্নতি, বদলি—এ বিষয়গুলো।আমাদের সময় পূর্ব পাকিস্তানে আমরা যারা পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ পেয়েছিলাম। সবাই ছিলাম মধ্যবিত্ত। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের সবাই ছিল উচ্চবিত্ত। জমিদারদের ছেলেরাও আসতেন এ পেশায়। আমাদের মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করত। শুধু চাকরি করতে আসা নয়, কিছু একটা করা দেশের জন্য, দেশের মানুষের জন্য। মূলত পাবলিক সার্ভিসের কর্মকর্তা, সচিব, কর্মচারীরাই তো দেশ চালান। তাঁরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন দেশ পরিচালনায় যে সরকার দায়িত্ব পেয়ে থাকে, তাদের। যে সরকারই আসুক না কেন, তাঁরা অপরিবর্তনীয়। সব সময় দেশের ও দশের কল্যাণে নিবেদিত। তাই দায়িত্বের জায়গাটাও ছিল বিশাল। নিজের আদর্শের জায়গাটিও ছিল পরিচ্ছন্ন। আমাদের ওই সময়টায় অবাঙালিরা নির্বাচন করত আমাদের। অথচ আমরা মধ্যবিত্ত বাঙালিরা ঠিকই মেধার মূল্যায়ন পেয়েছিলাম। নিখুঁত ও নির্ভুল যাচাই হতো ওখানে। আমাদের সবার তাই পাবলিক সার্ভিস কমিশনের ওপর একটা আস্থা ছিল। তখনকার সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া ছিল কল্পনাতীত বিষয়। আমাদের কোনো বড় আত্মীয়স্বজনও ছিলেন না বলে দেওয়ার মতো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাই যে সম্মান ও ক্ষমতাটুকু পেয়েছিলাম, তার অপব্যবহার করিনি কোনো দিন। ন্যায় ও আদর্শের জন্য আমাদের অনেকেরই খুব বেশি টাকা-পয়সা হয়নি, তবে সম্মান নিয়ে বেঁচে ছিলাম। যখন নিজের চেষ্টায় কোনো একটি প্রকল্প বাস্তবায়িত হতো এবং দেশের মানুষ সুবিধা পেত, তখন খুব ভালো লাগত। পটুয়াখালীতে যখন চাকরি করি, তখন খাওয়ার পানির ব্যবস্থা ছিল না কোনো। পাশের পুকুরের পানি ফুটিয়ে খেতাম। হেঁটে অফিসে যেতেও কোনো দিন লজ্জাবোধ হয়নি। আমাদের সময় মধ্যবিত্ত তরুণদের রাজনীতির সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল না। তবে সঠিক আদর্শের ওপর ঠিকই বিশ্বাস ছিল। সেই আদর্শ থেকে আমরা তরুণেরা আসতাম এ পেশায়। আজ খুব দুঃখ লাগে দেশের বর্তমান প্রেক্ষাপট দেখে, দেশ পরিচালনার গুরুভার যাঁদের ওপর ন্যস্ত হবে, তাঁদের বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা শুনে। দুঃখ লাগে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কারও নিয়োগের কথা শুনলে। আর নিয়োগ পাওয়া ব্যক্তিদের ওপর দলীয় সরকারের আইনবহির্ভূত আদেশ চাপিয়ে দেওয়ার কথা শুনলে।আজকের মেধাবী তরুণ যখন বীতশ্রদ্ধ হয়ে বিসিএস পরীক্ষা না দিয়ে অন্য পেশায় যান, পাড়ি জমান বিদেশে, তখন খুব শূন্য মনে হয় নিজেকে। তবে ন্যায় ও আদর্শের পথটা হারিয়ে গেছে কোনো কৃষ্ণগহ্বরে, এ কথা মানতে আমি নারাজ। বরং তরুণেরাই পারেন আবার সুন্দর দেশ গড়তে, বিসিএস পরীক্ষায় নির্বাচিত হয়ে দেশ গড়ার কারিগর হয়ে। তরুণদের তাই আগে গড়তে হবে নিজেকেই। অসৎ উপায়ে নয়, পড়ালেখা করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় কিছু করার প্রত্যয়টা তাঁদেরই করতে হবে। দেশের জন্য মমতা থেকে, ভালোবাসা থেকে মেধাবীরা নিজের মেধা ও মননকে নিজের ভেতরের বোধশক্তি দ্বারা কাজে লাগিয়ে গড়তে পারেন দেশ।তবে হ্যাঁ, এ ক্ষেত্রে পথটি করে দেওয়ার দায়িত্বটাও আমাদের। বাছাইয়ের ক্ষেত্রে সরকারি কর্মকমিশনকে হতে হবে অনেক বেশি পরিচ্ছন্ন। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে মৌখিক পরীক্ষা পর্যন্ত করতে হবে শুধুই মেধার যাচাই। আর তাঁদের নিয়োগের পর তাঁদের নিজের আদর্শ ও ন্যায়ের পথে চলার সুযোগটি করে দিতে হবে দলীয় রাজনৈতিক সরকারের। শুধু উচ্চমর্যাদা নয়, এর পাশাপাশি বেতনসহ তাঁদের অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে, যাতে তরুণেরা একে শুধু চাকরি হিসেবে নয়, বরং দেশকে ঊর্ধ্বে রেখে আত্মনিয়োগ করেন।আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় গুণ উঠে দাঁড়ানোর ক্ষমতা। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক সব দুর্যোগই কাঠিয়ে উঠতে জানে তারা। ১৯৫২ সালে যে তরুণেরা ছিনিয়ে এনেছিলেন বাংলা ভাষা, তাঁদের দেখানো পথ ধরেই একাত্তরের স্বাধীনতা পেয়েছি আমরা।কাদা থেকে যে দেশটা এমন একটা আকৃতি পেয়েছে, তা ঘষে-মেজে তরুণেরাই চকচকে করে তুলবেন একদিন। এটা আমার স্বপ্ন নয়, আমার আশা।কাজী ফজলুর রহমান: সাবেক সচিব। বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।