সিকন্দরপুরের ছেলে টাওয়ার হ্যামলেটসের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতালরেল স্টেশনের নামটা বেশ মনে রাখার মতো—ইস্ট ইন্ডিয়া! স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি ঝলমল করছে রোদ। লন্ডনের সময় দুপুর একটার কাছাকাছি। রোদ উঠেছে কিন্তু শীত কমেনি। হাড়-কাঁপানো শীত কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। লন্ডনের এই দিকটা সম্ভবত একটু আলাদা। ইতিহাস আর আভিজাত্যের বদলে এই এলাকার ভবনগুলোর আধুনিকতা আর চাকচিক্যই বেশি চোখে পড়ে। ওভারব্রিজ পার হয়ে এসে টাউন হল ভবনে ঢুকতেই একটা চমক। অভ্যর্থনা ডেস্কে বসে আছে এক স্বর্ণকেশিনী। পেছনেই পরিষ্কার বাংলায় লেখা—সু-স্বাগতম! ভালো লাগল বেশ! তবে আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। মিনিট দশেকের অপেক্ষা শেষে আমাদের অনুমতি মিলল ওপরে মেয়রের অফিসকক্ষে যাওয়ার। সম্মেলনকক্ষের দেয়ালে ঝুলছে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। রানির কাছেই দেয়ালজুড়ে বিশাল নকশিকাঁথা আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম! একের পর এক সভা চলছে। খুব ব্যস্ত সময় যাচ্ছে টাওয়ার হ্যামলেটস এলাকার মেয়রের। এর মধ্যেই মধ্যাহ্ন বিরতি। সভাকক্ষ থেকে বেরিয়ে এলেন অনেকে। তার মধ্য থেকে মেয়র লুৎফুর রহমানকে চিনে নিতে কষ্ট হলো না। নিজেই এসে হাত বাড়িয়ে দিলেন তিনি। বারবার দুঃখ প্রকাশ করলেন অপেক্ষা করিয়ে রাখার জন্য। আলাপচারিতার শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ। সেই ছোটবেলায় দেশ ছেড়েছিলেন, ব্রিটেনের অন্যতম প্রভাবশালী মানুষটার কি মনে আছে দেশের কথা? বলতেই হাসলেন। ‘মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আমার দাদার জমি ছিল। দাদার সঙ্গে বিকেলবেলা ঘুরতে বের হতাম। যখন নতুন ধান উঠত খুব আনন্দ হতো।’হ্যাঁঁ, লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার প্রথম নির্বাচিত মেয়র, টেলিগ্রাফ পত্রিকার ‘টপ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন দ্য লেফ্ট ২০১২’ তালিকায় গোটা যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী মানুষের একজন, লুৎফুর রহমান এখনো দারুণভাবে মনে রেখেছেন তাঁর সিকন্দরপুরকে।সিকন্দরপুর থেকে টাওয়ার হ্যামলেটসলুৎফুর রহমানের জন্ম সিলেটের বালাগঞ্জ উপজেলার সিকন্দরপুর গ্রামে। ১৯৫৭ সালে বিলেতে আসেন তাঁর বাবা। যখন ব্রিটেনে আসেন তখন মাত্র চার কি পাঁচ বছর বয়স লুৎফুর রহমানের। থাকতেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। পড়াশোনা করেছেন ম্যানর প্রাইমারি স্কুলে। পরবর্তী সময়ে লুৎফুর আইন বিষয়ে ভর্তি হন লন্ডন সিটি ইউনিভার্সিটিতে। পড়াশোনা শেষ করে শুরু করেন আইন পেশা। পারিবারিক আইন নিয়ে কাজ করে সুনাম কুড়ান লুৎফুর রহমান। রাজনীতির হাতেখড়ি১৯৮৫ সালে স্পিটারফিল্ডের প্রোগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য হন লুৎফুর। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯০ সালে হন কিন স্টুডেন্টস সাপ্লিমেন্টারি স্কুলের কোষাধ্যক্ষ। কাজ করেছেন কমিউনিটি অ্যালায়েন্স ফর পুলিশ অ্যাকাউনটিবিলিটি নামের একটি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হিসেবে। পাশাপাশি নিযুক্ত হন টাওয়ার হ্যামলেটস ল সেন্টারের চেয়ারম্যান। ২০০২ সাল। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্পিটারফিল্ড-বাংলাটাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির সমর্থনে কাউন্সিলর মনোনীত হন লুৎফুর রহমান। পাশাপাশি তিনি টাওয়ার হ্যামলেটস পৌর কর্তৃপক্ষের শিক্ষাবিষয়ক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬-এর নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হন। এবার তাঁকে সংস্কৃতি বিষয়ক দলের নেতা নিয়োগ করা হয়। ২০০৭ সালে পরবর্তী নির্বাচনের জন্য লেবার পার্টির মনোনয়ন বাছাই শুরু হয়। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আরেক বাঙালি নারী লেবার পার্টির নেত্রী রুশনারা আলী। শক্ত লড়াইয়ে হেরে যান লুৎফুর। আর আট ভোটের ব্যবধানে লেবার পার্টির মনোনয়ন জিতে নেন রুশনারা আলী। বাকিটা ইতিহাস; ২০১০ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে রুশনারা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে স্থান করে নেন। তবে লুৎফুর দলীয় মনোনয়ন না পেয়ে দমে যাননি। জোরালোভাবেই চালিয়ে যান রাজনৈতিক কর্মকাণ্ড। বাধা পেরিয়ে বিজয়২০১০ সাল। লুৎফুর রহমানের জীবনে ঘটনাবহুল একটি বছর। সাধারণ নির্বাচনে অংশ নেওয়া হলো না, কিন্তু স্থানীয় লেবার পার্টির হয়ে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন পান তিনি। মনোনীত হয়েছিলেন লেবার পার্টির প্রতিনিধিদের ভোটেই; কিন্তু মাঝপথে বাধল গোল। পার্টির অন্তঃকোন্দল চরমে ওঠে। নেতা ও প্রতিনিধিদের পাল্টাপাল্টি অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হওয়ার উপক্রম। কিন্তু সহজে হাল ছাড়লেন না লুৎফুর। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর আগেই দলীয় মনোনয়ন তালিকায় স্থান পান তিনি। দলীয় প্রতিনিধিদের ভোটে লুৎফুর রহমান ৪৩৩, জন বিগস ২৫১ এবং হেলাল উদ্দীন ১৫৭ ভোট পান। লন্ডনের আঞ্চলিক লেবার পার্টির পরিচালক কেন ক্লার্ক শেষ চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন লুৎফুর রহমানের নাম। কিন্তু অভিযোগ উঠল, লুৎফুর রহমান ইউরোপভিত্তিক উগ্রবাদী দল ‘ইসলামিক ফোরাম অব ইউরোপের’ একজন সদস্য। শুধু তা-ই নয়, প্রতিনিধি ভোটে কারচুপির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই বাধা আর পার হতে পারেননি লুৎফুর। অভিযোগ শুনেই লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি লুৎফুর রহমানের প্রার্থিতা বাতিল করে দেয়। শেষতক লেবার পার্টির মনোনয়ন পান অভিযোগকারী ও প্রতিনিধি ভোটে তৃতীয় হওয়া হেলাল উদ্দীন আব্বাস। দলীয় এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না লুৎফুর। ঘোষণা দেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার আদালতে লড়বেন। পরে অবশ্য মত পাল্টান লুৎফুর। ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর জানান, কোনো দলীয় মনোনয়ন ছাড়াই নির্বাচনে লড়বেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনী প্রচারণা শুরু করেন। সে সময় লুৎফুরের পাশে দাঁড়িয়েছিলেন লেবার পার্টি নেতা, লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন। দল থেকে লুৎফুর রহমানের বাদ দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অ্যাখ্যা দিয়ে প্রচারণায় নামেন। ২২ অক্টোবর, ২০১০। সেই মাহেন্দ্রক্ষণ। বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েন লুৎফুর রহমান। সূচনা হয় এক নতুন অধ্যায়ের। সরাসরি ভোটে নির্বাচিত টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র হন লুৎফুর। ৫১ শতাংশ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির হেলাল উদ্দীন আব্বাস পান ২৪ শতাংশ। পৌরপিতার পথচলা মেয়র হিসেবে তাঁর অধীনে রয়েছে ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী। তাঁর দায়িত্বে রয়েছে ১ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের বাজেট। এরই মধ্যে হাউজিং, শিক্ষা, চিকিৎসা, চাকরি এসব খাতে পরিবর্তনের ছোঁয়া আনতে সমর্থ হয়েছেন তিনি। ডেইলি টেলিগ্রাফ-এর বিবেচনায় লুৎফুর রহমান তাঁর এলাকায় উন্নয়ন ও জনপ্রিয়তা অব্যাহত রেখেছেন।লুৎফুর রহমান ছাড়া ব্রিটেনের বাকি ১৩ মেয়রের সবাই শ্বেতাঙ্গ। ২০১১ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্টে এশিয়ান ভয়েস নিউজপেপার আয়োজিত পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ড লাভ করেন লুৎফুর। স্থানীয় সরকারব্যবস্থায় অনন্য অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পান তিনি। তবে লুৎফুর রহমান মনে করেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, যখন আমার এলাকার বাসিন্দারা আমাকে দেখিয়ে বলেন, ওউ অইলা আমরার মেয়র! আমি সব সময় মানুষের মেয়র হতে চেয়েছি।’