
নগরের জামালখানে অবস্থিত চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) সম্প্রতি চিটাগং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (সিকাস) গ্রন্থাগার ও আর্কাইভ উদ্বোধন করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে সিআইইউয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
সিআইইউয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) উপাচার্য মুহাম্মদ সেকান্দার খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মুফাখারুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিকাসের সদস্যসচিব শামসুল হোসেইন।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের (সিএসআর) জন্য বাংলাদেশ ব্যাংক আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ব্যাংকগুলো প্রতিবছর সামাজিক দায়বদ্ধতার খাতে বছরে প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে।
সিআইইউয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী সিকাসকে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ আবদুল করিম স্মরণে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে ‘চিটাগং পোর্ট: অা ব্রিফ প্রোফাইল, ১৮৮৮-২০১৪’ শিরোনামে বক্তব্য প্রদান করেন এম মুফাখারুল ইসলাম।
সিআইইউয়ের একাডেমিক ভবনে প্রতিষ্ঠিত সিকাসের এই গ্রন্থাগার এবং আর্কাইভে দুষ্প্রাপ্য বই, অনুলিপি রাখা হয়েছে। এ ছাড়া এই কেন্দ্রে ডিজিটাল ডকুমেন্টেশন সুবিধা এবং অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ল্যাব থাকবে বলে তিনি জানান।