সিঙ্গাপুরে 'র্যানকিন স্ট্রিট ১৯৫৩'

পারিবারিক অ্যালবামের পুরোনো ছবিগুলোও এক কাল থেকে আরেক কালে, এক দেশ থেকে আরেক দেশে মানুষের কাছে বয়ে নিয়ে যেতে পারে মানুষের কথা। পঞ্চাশের দশকে ঢাকার র্যানকিন স্ট্রিটে এক পরিবারের জীবনযাপনের স্মৃতিময় কিছু আলোকচিত্র তেমনি কথা বলে উঠছে সিঙ্গাপুরের সমকালীন আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে। বাংলাদেশি শিল্পী নাঈম মোহাইমেন পুরোনো পারিবারিক ছবিকে অডিও-ভিডিওসহ আনুষঙ্গিক ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন ‘র্যানকিন স্ট্রিট ১৯৫৩’ নামের ওই স্থাপনাশিল্পে।
‘এপিবি ফাউন্ডেশন সিগনেচার আর্ট প্রাইজ-২০১৪’ প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে শিল্পী নাঈম মোহাইমেনের ‘র্যানকিন স্ট্রিট ১৯৫৩’ নামের এ স্থাপনাশিল্পটি। সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম এবং এপিবি ফাউন্ডেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের ১০৫ জন প্রতিযোগীর মধ্য থেকে ১৫ জন পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
এই প্রতিযোগিতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে অংশগ্রহণকারী শিল্পীদের বিগত তিন বছরের শিল্পকর্মের অগ্রগতি বিবেচনা করা হয়ে থাকে। বাংলাদেশ ছাড়া আর যেসব দেশের শিল্পীরা চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সেগুলো হলো সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড ও তাইওয়ান।

সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে আগামী ১৪ নভেম্বর ‘তৃতীয় এপিবি ফাউন্ডেশন সিগনেচার আর্ট প্রাইজ’-এর প্রদর্শনী শুরু হবে। চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। চূড়ান্ত মনোনয়ন পাওয়া ১৫ জন শিল্পীর শিল্পকর্মই ওই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। আর আগামী ২২ জানুয়ারি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার শীর্ষ পুরস্কার ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’, দুটো ‘জুররস চয়েস অ্যাওয়ার্ড’ এবং প্রদর্শনী স্থল ও অনলাইন ভোটের মাধ্যমে একটা ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হবে।
শিল্পী নাঈম মোহাইমেনের জন্ম ১৯৬৯ সালে লন্ডনে। যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভকারী নাঈম বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব নিয়ে পিএইচডি গবেষণা করছেন। ঢাকার পাশাপাশি নিউইয়র্কেও শিল্পী হিসেবে সক্রিয় নাঈম মোহাইমেন একাধারে আলোকচিত্রী, চলচ্চিত্রনির্মাতা ও লেখক। সব কটি মাধ্যমেই সাবলীল বিচরণ রয়েছে তাঁর। আর মিশ্র মাধ্যমে কাজ করতে বা একই কাজে একাধিক মাধ্যমের প্রয়োগ ঘটাতে স্বচ্ছন্দ তিনি। কাজের ক্ষেত্রে সীমানা, যুদ্ধ, অভিবাসী পরিচয়, বৈশ্বিক নিরাপত্তা ভীতিসহ ইতিহাস ও সমকালের নানান সংকটে বিচরণ করেন নাঈম।