সিজারিয়ানে গরিলাশাবকের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি গরিলাশাবকের জন্ম হয়েছে। ওই শল্যচিকিৎসায় নেতৃত্ব দিয়েছেন সাধারণ হাসপাতালের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ঘটনাস্থল ইংল্যান্ডের ব্রিস্টলের একটি চিড়িয়াখানা। সেখানকার কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানায়, গরিলাশাবক ও তার মা দুজনেই সুস্থ রয়েছে।
কেরা নামের স্ত্রী গরিলাটির মধ্যে প্রি-এক্লাম্পশিয়ার উপসর্গ দেখা গিয়েছিল। এতে তার প্রাণ হুমকির মুখে পড়ে। ফলে চিড়িয়াখানার প্রাণী চিকিৎসকেরা বিশেষ চিকিৎসা-সহায়তা চাইলে সাড়া দেন কাছাকাছি একটি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড কাহিল। তাঁর নেতৃত্বে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শতাধিক মানবশিশুর জন্ম হয়েছে। তবে এই প্রথম তিনি কোনো গরিলাশাবকের জন্মের সাক্ষী হলেন। এমন ঘটনা সারা বিশ্বেও বিরল। অধ্যাপক কাহিল এক বিবৃতিতে বলেন, গরিলার সিজারিয়ান অস্ত্রোপচারের অভিজ্ঞতাটি তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
জন্মের সময় গরিলা মেয়েশাবকটির ওজন ছিল এক কিলোগ্রামের সামান্য বেশি। প্রথম দিকে তার শ্বাস নিতে কিছুটা কষ্ট হলেও এখন পুরোপুরি ভালো আছে। চিড়িয়াখানাটির প্রাণী শাখার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জন পারট্রিজ বলেন, গরিলার জন্মের ঘটনা এমনিতেই বিরল এবং কৌতূহলোদ্দীপক। আর সিজারিয়ান অস্ত্রোপচার হওয়ায় এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। কেরার শারীরিক অবস্থাকে তাঁরা মোটেও হালকাভাবে নেননি। মা ও শাবক উভয়ের সুস্থতা নিশ্চিত করতেই তাঁরা সাধারণ চিকিৎসকের সাহায্য চান।