সিজেকেএস কারাতের বেল্ট ও সনদ বিতরণ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে ‘স্কুল কারাতে প্রশিক্ষণ কার্যক্রম’-এর আওতায় গত ২৬ জুন বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কারাতে কিউ সনদপত্র ও বেল্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কারাতে বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বেল্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। সিজেকেএসের সহসভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএসের কাউন্সিলর নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ জুডো ফেডারেশনের সহসভাপতি আবদুল কাদের। আরও উপস্থিত ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি শাহাজাদা আলম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৯ জন প্রশিক্ষণার্থীকে বেল্ট এবং সনদ দেওয়া হয়।