সিজেকেএস নির্বাচনকে ঘিরে সরগরম ক্রীড়াঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজেকেএস নির্বাচনকে ঘিরে এখন সরগরম চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। চার বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত সিজেকেএসের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ২ ডিসেম্বর। ইতিমধ্যেই ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সিজেকেএসের নির্বাচনে উত্তাপ সৃষ্টি হয়েছে সাধারণ সম্পাদক পদে দুইপ্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে।বিধান অনুযায়ী সিজেকেএসের সভাপতি জেলাপ্রশাসক। এই পদসহ নির্বাচন ছাড়াই চারটি পদে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা দয়িত্ব পালন করবেন। নির্বাচন হবে সাধারণ সম্পাদক পদসহ মোট ২৪টি পদে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাধারণ সম্পাদক পদে। এ পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সিজেকেএসের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজম নাছির উদ্দিন।সিজেকেএস শপিং কমপ্লেক্সের দোকানগুলোর মালিকানাসংক্রান্ত জটিলতা নিরসন করে সংস্থার আয় বাড়াতে নির্বাচিত হতে চান আজম নাছির উদ্দিন।অপরদিকে নিয়মিত খেলাধুলার আসর বসে না এমন অপবাদ থেকে সিজেকেএসকে মুক্ত করতে আবার নির্বাচিত হতে চান হাফিজুর রহমান। হাফিজুর রহমান বলেন, ‘কর্মকর্তা এবং কাউন্সিলরদের নিয়ে চেষ্টা করেছি সবগুলো খেলা নিয়মিত আয়োজনের। এভাবে সিজেকেএসের ভাবমূর্তি উজ্জ্বল করতে চেয়েছি। আজম নাছির উদ্দিন বলেন, শপিং কমপ্লেক্সটি সচল হলে সিজেকেএসের আয় বাড়বে। এর ফলে ক্লাবগুলোকে সাহায্য করা যাবে। উপজেলা পর্যায়ে ক্রীড়ার প্রসারের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।চার বছরে সিজেকেএসের সাধারণ সম্পাদক হিসেবে খেলাধুলা আয়োজনে সাফল্য দেখালেও আত্মতৃপ্তিতে ভুগছেন না হাফিজুর রহমান। আজম নাসির উদ্দিনকে শক্ত প্রার্থী বলেই মনে করেন তিনি। কোনো প্যানেল থেকে নয়, এবার সাধারণ সম্পাদক পদে এককভাবে নির্বাচন করবেন হাফিজুর রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে হাফিজুর রহমান বলেন, ‘নিজের ভবমূর্তি নয়, সিজেকেএসের ভাবমূর্তি উজ্জ্বল করাই আমার লক্ষ্য।’