সিজেকেএস ব্যায়ামাগারটাই রুগ্ণ
পর্যাপ্ত সরঞ্জাম নেই। নেই পরিবেশও। ধুলোয় মলিন হয়ে পড়ে আছে টেবিল ও ভারোত্তলন চাকা। কোনো কোনোটিতে মরচে ধরেছে। মাঝেমধ্যে কিছু তরুণ এসে শরীরচর্চা করেন। শরীর গঠনের সিজেকেএস ব্যায়ামাগারটি এখন নিজেই কঙ্কালসার রুগ্ণ হয়ে পড়েছে।একসময় বিদ্যালয় পর্যায়ে শরীরচর্চা ছিল প্রাত্যহিক একটা ব্যাপার। ছিলেন শরীরচর্চার শিক্ষকও। স্বাধীনতার পর অনেক বিদ্যালয় থেকে এই চর্চাটি হারিয়ে যায়। তখন ব্যায়াম বা শরীরচর্চাটি নির্ভর হয়ে পড়ে কেবল এসব প্রাতিষ্ঠানিক ব্যায়ামাগারের ওপর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বর্তমান ব্যায়ামাগারটিও প্রতিষ্ঠিত হয় সেই পাকিস্তান আমলে। এর পুরোনো নাম পৌরসভা ব্যায়ামাগার। একসময় এই ব্যায়ামাগার জন্ম দিয়েছে ওস্তাদ আবুল ফজলের মতো গুণী শরীরচর্চাবিদদের। আবুল ফজল শুরু থেকে এই ব্যায়ামাগারের সঙ্গে জড়িত ছিলেন। পাকিস্তান আমলে তিনি মিস্টার রাওয়ালপিন্ডি, মিস্টার রাজধানী ও পরে মিস্টার বাংলাদেশ হয়েছিলেন। কিন্তু এখন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অধীনে পরিচালিত এই ব্যায়ামাগারে কোনো প্রশিক্ষকও নেই। সন্ধ্যায় গুটি কয়েক তরুণ নিজেদের তাগিদে এসে সীমিত শরীরগঠন উপকরণ নিয়ে নাড়াচাড়া করেন। নতুন কোনো উপকরণ যোগ হয়নি। কেবল নষ্ট হয়েছে পুরোনো উপকরণ। তাই দিন দিন ছোট হয়ে আসছে এই ব্যায়ামাগারের পরিধি। বিষয়টি স্বীকারও করেন সিজেকেএসের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘মাঝখানে দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের জিমনেশিয়ামটি ব্যবহার করেছে যৌথ বাহিনী। দীর্ঘদিন অব্যবহারে অনেক উপকরণ নষ্ট হয়েছে। এখন কিছু তরুণ এখানে ব্যায়াম করেন। নতুন ও আধুনিক উপকরণ কেনার জন্য অনেক টাকার দরকার।’ব্যায়ামাগারের বাইরে এখন পাঁচটি ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। এগুলো বিভিন্ন পক্ষের কাছে ভাড়া দেওয়া হয়। এ ছাড়া দুটি টেবিল টেনিসের টেবিল ছিল। কিন্তু সেগুলোও এখন অনেকটা নষ্ট।সিজেকেএস ব্যায়ামাগারের এ রকম রুগ্ণতার সুযোগে দিন দিন বাড়ছে বেসরকারি পর্যায়ে কিংবা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগের কিছু ব্যায়ামাগার। তরুণদের মধ্যে বেড়েছে শরীরচর্চার প্রতি ঝোঁকও। তার মধ্যে অগ্রগামী স্যান্ডো ব্যায়ামাগার। স্বাধীনতার পর ১৯৭৪ সালে এই ব্যায়ামাগার প্রতিষ্ঠিত হয়। কয়েকজন উদ্যোমী তরুণের গড়া এই ব্যায়ামাগার এখন আধুনিক সব সরঞ্জামে সজ্জিত।ইদানীং গড়ে ওঠা আল বিরাজ ব্যায়ামাগারও অন্যতম। এ ছাড়া পাড়ায়, মহল্লায়, এমনকি উপজেলায়ও গড়ে উঠেছে ব্যায়ামাগার। তরুণেরা শরীর গঠনের দিকে মনোযোগী হয়েছে। তবে সমস্যাও রয়েছে। সেটা শোনা যাক স্যান্ডো ব্যায়ামাগারের প্রতিষ্ঠাতা মনোতোষ ঘোষ জানান, চট্টগ্রামে এখন অনেক ব্যায়ামাগার হয়েছে। কিন্তু বেসিক শরীরচর্চা কিংবা শরীর গঠনের বড়ই অভাব রয়েছে। এসব ব্যায়ামাগারে শরীর সুন্দর করার জন্য অযথা ওষুধ ব্যবহার করা হচ্ছে। এটা ঠিক নয়। এ জন্য দরকার প্রশিক্ষকও, দরকার সরকারি উদ্যোগও।