সিজেকেএসের জমকালো অভিষেক
রীতিমতো সংবর্ধনার জোয়ারে ভাসছেন চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার (সিজেকেএস) নবনির্বাচিত কমিটির সদস্যরা। এক মাসের মধ্যে দ্বিতীয়বার সংবর্ধিত হলেন তাঁরা। নগরের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগ্যে গত রবিবার চট্টগ্রাম ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত কমিটিকে। সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল এলাকায় অনুষ্ঠিত হয় এই জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠান উপলক্ষে আগ্রাবাদ হোটেলের সুইমিং পুল সেজেছিল জমকালো সাজে। শুরুতে ব্রাদার্সের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম স্বাগত বক্তব্য দেন। এরপর আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়েও সিজেকেএসের সাধারণ সম্পাদক ও ব্রাদার্সের চেয়ারম্যান আ জ ম নাছির শোনালেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে তাঁর স্বপ্নের কথা। আলোচনা পর্বের পর ক্রেস্ট প্রদান, নৈশভোজ ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই জমজমাট আয়োজন। সংগীতানুষ্ঠান শুরু হয় সুবীর নন্দীর ‘দিন যায় কথা থাকে’ এই গানের মধ্য দিয়ে। একে একে গাইলেন ‘ও আমার উড়াল পঙ্ক্ষি রে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’সহ প্রায় ১০টি গান শুনিয়েছেন তিনি। সুবীর নন্দীর পাশাপাশি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন রাজশ্রী ও রুপা।