সিজোফ্রেনিয়ায় ভোগা বিখ্যাতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা এ পৃথিবীতে কম নয়। জীবনে চলার প্রয়োজনে থেমে থাকা যায় না বলে মানুষকে বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হয়। তবে সেই এগিয়ে যাওয়া যদি হয় খ্যাতির শীর্ষে পৌঁছানো, তবে তা মানুষের বাড়তি মনোযোগ আকর্ষণ করেই। বিস্ময়ভরা দৃষ্টি দিয়ে মানুষ সেই সফল মানুষটিকে দেখে। বিখ্যাত ব্যক্তিদের বেশির ভাগই নানা বাধা অতিক্রম করে সামনে এগিয়েছেন। এর মধ্যে অনেকে মানসিক রোগেও আক্রান্ত ছিলেন। তা-ও খুব সাধারণ মানসিক রোগ নয়। মানসিক রোগের মধ্যে সবচেয়ে গুরুতর বলা হয় যেটিকে, সেই ব্যাধিকে সঙ্গী করেই সফল হয়েছেন তাঁরা।

এই বিখ্যাত ব্যক্তিরা ছিলেন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। বলা হয়ে থাকে, মানসিক রোগের মধ্যে গুরুতর ও সবচেয়ে অক্ষম করে তোলা রোগের মধ্যে একটি সিজোফ্রেনিয়া। মস্তিষ্কের জৈব-রাসায়নিকের মধ্যে অসামঞ্জস্যতার জন্য সৃষ্টি হয় এ রোগ। তীব্র জটিল মানসিক এ রোগ মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপে বিঘ্ন ঘটায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজস্ব মনোজগৎ​ বা কল্পনার ভুবন তৈরি করে নেয়। যার সঙ্গে বাস্তবতার কোনো যোগাযোগ থাকে না। এই রোগীরা বাস্তব ও কাল্পনিক ঘটনার মধ্যে ফারাক করতে পারেন না। তাঁরা বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভোগেন।
তবে কয়েকজন বিখ্যাত ব্যক্তি তাঁদের এ ভয়াবহ ব্যধিকে জয় করেছেন। তেমন কয়েকজনের কথাই তুলে ধরা হলো এখানে।

ভিনসেন্ট ভ্যান গঘ
ভিনসেন্ট ভ্যান গঘ

ভিনসেন্ট ভ্যান গঘ: বিশ্বের অন্যতম প্রধান একজন চিত্রশিল্পী তিনি। অথচ সারাটা জীবনই এই জটিল মানসিক রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। তাঁর আচরণের বিভিন্ন গল্প শুনে বিজ্ঞ ব্যক্তিদের ধারণা হয়, তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। একবার সহচিত্রশিল্পী পল গুগেইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হওয়ার একপর্যায়ে ভ্যান গঘ শুনতে পান কেউ একজন তাঁকে বলছে, ‘খুন করো ওঁকে।’ তবে সহকর্মীকে হত্যা করার পরিবর্তে তিনি একটি ছুরি হাতে তুলে নেন এবং নিজের কান কেটে ফেলেন। তবে অনেক মনোবিদ মনে করেন, বিষণ্নতা ও বাইপোলার ডিসঅর্ডারেও ভুগছিলেন ভ্যান গঘ। তবে কখনো ছবি আঁকা বন্ধ করেননি এই শিল্পী। এখন লাখ লাখ ডলারে বিক্রি হয় ভ্যান গঘের ছবি। ১৮৫৩ সালে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই বিখ্যাত শিল্পী ১৮৯০ সালে মাত্র ৩৭ বছর বয়সে মারা যান ফ্রান্সে।

ভেরোনিকা লেক
ভেরোনিকা লেক

ভেরোনিকা লেক: ১৯৪০ এর দশকে লাখ লাখ ভক্তের মন জয় করেছিলেন এই লাস্যময়ী নায়িকা। তাঁর আলোচিত সিনেমাগুলোর মধ্যে ছিল ‘সুলিভানস ট্রাভেলস’, ‘দিস গান ফর হায়ার’। ছোটবেলা থেকেই সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। তাঁর আত্মজীবনীতে এ তথ্য দেওয়া আছে। ভেরোনিকার বাবা-মা ভেবেছিলেন, অভিনয় তাঁকে এ রোগ থেকে সেরে উঠতে সাহায্য করবে। তবে হলিউডে ছবির সেটে তাঁর ভিন্নধর্মী এই আচরণের বিষয়টি বেশ আলোচিত ছিল। ১৯৪৪ সালে একটি ম্যাগাজিন তাঁর সম্পর্কে লিখেছিল, ‘কোন বিশেষ মুহূর্তে তাঁর টাইম বোমার মতো মন কি বিস্ফোরণ ঘটাবে?’ তবে সেটিকে তাচ্ছিল্য করে ভেরোনিকা বলেছিলেন, ‘কল্পনাশক্তিহীন পুরুষদের নিয়ে নারীরা সব সময়ই সমস্যায় থাকেন।’ মার্কিন এই তারকা ১৯৭৩ সালে ৫১ বছর বয়সে মারা যান।

জন ন্যাশ
জন ন্যাশ

জন ন্যাশ: ৩০ বছর বয়সেই বিশ্বের অন্যতম গণিতবিদে পরিণত হয়েছিলেন ন্যাশ। এরপরই সিজোফ্রেনিয়ার আঘাত। মার্কিন এই গণিতবিদ ২০টি বছর এ রোগের সঙ্গে বাস করেছেন। এই লম্বা সময় ধরে চিকিৎসার পর তাঁর মানসিক স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে আবার যোগদান করেন। ১৯৯৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ন্যাশ। মানসিক রোগের বিরুদ্ধে তাঁর দীর্ঘ সংগ্রাম নিয়ে হলিউডে ছবিও তৈরি হয়েছিল। সেই বিখ্যাত ছবিটির নাম ছিল আ বিউটিফুল মাইন্ড। ২০১৫ সালে ৮৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় স্ত্রীসহ তিনি মারা যান।

লিওনেল অলড্রিজ
লিওনেল অলড্রিজ

লিওনেল অলড্রিজ: ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে রাগবি জগতের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন লিওনেল অলড্রিজ। ক্রীড়া বিশ্লেষক হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজও করেছিলেন। কিন্তু তাঁর বয়স যখন ত্রিশের কোঠায় ছিল, তখনই হ্যালুসিনেশনে ভুগতেন তিনি। চিকিৎ​সক পরীক্ষার পর জানিয়েছিলেন, সিজোফ্রেনিয়া হয়েছে তাঁর। সেই সময় কিছুদিনের জন্য বাড়িছাড়াও হতে হয়েছিল লিওনেলকে। কিন্তু থেমে যায়নি তাঁর জীবন। উপযুক্ত চিকিৎসার পর আবার স্বাভাবিক জীবনে তিনি ফিরে এসেছিলেন। ১৯৯৮ সালে ৫৭ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানসিক রোগের চিকিৎসার পক্ষে প্রচার চালিয়েছিলেন লিওনেল অলড্রিজ। তিনি বলেছিলেন, ‘মানসিক রোগ থেকে সেরে উঠতে পারে মানুষ।’

পিটার গ্রিন
পিটার গ্রিন

পিটার গ্রিন: যুক্তরাজ্যের রক গিটারিস্ট হিসেবে খ্যাতি আছে পিটারের। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিৎ​সকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় তাঁর। এতে উন্নতিও হয়েছে বেশ। ফের স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। ৬৯ বছর বয়সী এই গিটারিস্টের মানসিক রোগ নিয়ে এখন তাঁর ভাষ্য হলো, ‘আমার উদ্বিগ্ন হওয়ার অভ্যাস ছিল এবং সহজেই সব বিষয় জটিল করে দেখতাম। এখন আমি এগুলো স্বাভাবিকভাবেই নিই।’