‘রূপে আমার আগুন জ্বলে’... ‘ইরান-তুরান পার হয়ে আজ তোমার কাছে এসেছি’—পাশের রুমে আমার বাবা গান গাইছেন। আমি অবাক হয়ে গেলাম। বাবা তো বেশ ভালো গান করেন! শুধু কথাগুলো একটু উল্টাপাল্টা। বাবাকে দেখতে যেতে চাইলে মা মানা করলেন, ‘গান সারা রাত চলবে, তুই ঘুমিয়ে পড়।’আমি এবার রেগে যেতে থাকি, গান সারা রাত চলবে মানে, তাঁকে না থামালে তুমি ঘুমাবে কীভাবে? না হলে তুমি অন্য কোথাও শোও।মা আশ্চর্য রকম শান্ত। ‘তুই শুয়ে পড়’—এসব আমার অভ্যাস হয়ে গেছে।মা চলে গেলেও অনেকক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। আমি মায়ের গলা শুনতে পাই, তুমি কি বাথরুমে যাবে? বাবা কোনো উত্তর দেন না। তিনি একমনে গান গেয়ে যেতে থাকেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ি।আমার বাবা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ছোটবেলা থেকেই বাবা নামের এই মানুষটির প্রতি আমার অসীম কৌতূহল। একটা সময় পর্যন্ত আমার ধারণা ছিল, বাবারা হবেন একদম চুপচাপ, কখনো কারও সঙ্গে কথা বলবেন না, ঘরে বসে অনবরত বিড়ি ফুঁকতে থাকবেন। তাই বাবার সঙ্গে ভালো করে কথা বলা হয়ে ওঠেনি কখনো। এখন তো সেটা একেবারেই সম্ভব নয়। আমি শহরে থাকি, বছরে দু-একবার বাড়ি যাই। বাবার সঙ্গে কখন কথা বলেছি, আমার নিজেরও মনে নেই।বাবার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সেটা মা আমাকে ফোনে বলেছিলেন, কিন্তু এতটা খারাপ, সেটা বুঝতে পারিনি। মা প্রতিদিন ভোরবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে অফিসে চলে যান। অথচ বাবা মনে হয় মাকে কোনো দিন ভালো করে ঘুমাতেও দেন না। আমি মায়ের ওপর মনে মনে বিরক্ত হই। খামোকা বাবার রুমে ঘুমাতে যাওয়ার দরকার কী। অন্য কোনো রুমে ঘুমালেই পারতেন।দাদুর একসময় খুব প্রভাব-প্রতিপত্তি ছিল। বিয়ে করালে ছেলে ভালো হয়ে যাবে—এ আশায় হয়তো গরিব ঘরের সুন্দরী মেয়ে দেখে দাদু বাবাকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অনেক দিন থেকেই বাবার অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে গেছেন। শুধু মা-ই কখনো কোনো অভিযোগ করেননি। এখন অবশ্য বাবা মায়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। আমি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কি কখনো এই লোকটিকে ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়নি? মা হেসে ফেলেছিলেন, ‘কী যে বলিস না, ২৫ বছর একসঙ্গে আছি। চলে যেতে ইচ্ছে হবে কেন?’পাগল ছেলের বউ বলে বাড়িতে মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও মায়ের কখনো ধৈর্যচ্যুতি ঘটেনি। আমি একদিন বিরক্ত হয়ে মাকে বলেই ফেলেছিলাম, তখনকার দিনে যোগাযোগ ভালো ছিল না বলে আপনারা না হয় বিয়ের আগে জানতে পারেননি লোকটি অসুস্থ। কিন্তু বিয়ের পর তো আপনি সবকিছু দেখেছেন, তবুও চলে যাননি কেন?মা অনেকক্ষণ ভেবে উত্তর দিয়েছিলেন, ‘তোর বাপের ওপর কেমন যেন মায়া পড়ে গিয়েছিল রে। ছোটবেলায় আমাদের মা মারা গেছেন। অনেক ভাইবোনের সংসার, বাবা একা সামলে নিয়েছেন। দারিদ্র্যের মধ্যে তাই ভালোবাসা কী জিনিস, সেটা কখনো বুঝতে পারিনি। আমি সব সময় ভাবতাম, বিয়ের পর আমি নিশ্চয় অনেক ভালো থাকব।’ মা এবার খানিকটা লজ্জা পান। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলেন, ‘বিয়ের পর তোর বাপের এ অবস্থা দেখে অনেকবারই চলে যেতে চেয়েছিলাম। কিন্তু তোর বাবাকে দেখলে আর চলে যেতে ইচ্ছে হতো না। লোকটি অসুস্থ বলে সবাই কত অবহেলা করেছে, অথচ কেউ বুঝতে চাইত না, অসুখটা সে নিজে ইচ্ছে করে করেনি। তারপর একদিন বুঝতে পারলাম, লোকটির জন্য এক ধরনের টান তৈরি হয়েছে আমার মধ্যে।’ মা আর কিছু বলতে পারেন না। আমি বুঝতে পারি, মা বাবার প্রেমে পড়ে গিয়েছিলেন। তবে আমি এটা বুঝতে পারি না, শুধু ভালোবাসার জোরেই একটি মানুষ কী করে এতগুলো বছর টিকে গেলেন এবং আমৃত্যু হয়তো এভাবেই চলবেন। হয়তো বা কাউকে ভালোবাসার মধ্যেও অনেক আনন্দ আছে। মা সেই আনন্দটা থেকে বঞ্চিত হতে চাননি কখনো।আমি ভালোবাসাবাসি ঠিকমতো বুঝি না বলে সবকিছু আমার কাছে অদ্ভুত লাগে। ঘুমে আমার চোখ জড়িয়ে আসতে থাকে। আমি পাশের রুমে মায়ের গলা শুনতে পাই, এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে গান গেয়ো। বাবা মায়ের কথায় কানই দেন না। গান গেয়ে চলেন নিজের ইচ্ছেমতো, ‘রূপে আমার আগুন জ্বলে...।’জুয়েল দেবআইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।