সিজোফ্রেনিয়ার সঙ্গে ধূমপানের সম্পর্ক!

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সঙ্গে ধূমপানের সরাসরি সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। সিগারেটের নিকোটিন মস্তিষ্কে প্রভাব ফেলার কারণে অল্প বয়সেই ধুমপায়ীদের সিজোফ্রেনিয়া হতে পারে। তবে, ধূমপানের সঙ্গে সিজোফ্রেনিয়ার সরাসরি সম্পর্ক নিয়ে আরও বিশদ গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন এ গবেষণায় নেতৃত্বদানকারী ব্রিটিশ বিজ্ঞানীরা।
কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীদের এ বিষয়ক গবেষণা প্রতিবেদন সম্প্রতি ল্যানসেট সাইকিয়াট্রিতে প্রকাশিত হয়েছে। ৬১টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করে তাঁরা দেখতে পেয়েছেন যে, সিগারেটের নিকোটিনের সঙ্গে সিজোফ্রেনিয়ার সরাসরি সম্পর্কের ‘খুবই শক্ত’ প্রমাণ আছে, তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
বহু আগে থেকেই মনোরোগের সঙ্গে ধূমপানের সম্পর্কের কথা বলে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু সিজোফ্রেনিয়ার রোগীদের ধুমপায়ী হওয়ার বিষয়টি ততটা আলোচিত নয়। যদিও হ্যালুসিনেশনে ভোগা কিংবা কারও কণ্ঠ শুনতে পাওয়ার বিভ্রান্তি থেকে মুক্তি পেতে অনেক সিজোফ্রেনিয়ার রোগীই এক ধরনের আত্ম-চিকিৎসা হিসেবে সিগারেট খেয়ে থাকেন।
কিংস কলেজের গবেষকেরা ১৪ হাজার ৫৫৫ জন ধুমপায়ী এবং ২ লাখ ৭৩ হাজার ১৬২ জন অধূমপায়ী নানা স্বাস্থ্যতথ্য পর্যালোচনা করেছেন এই গবেষণায়।
এতে দেখা গেছে—মনোরোগে আক্রান্ত ৫৭ শতাংশ লোকই তাদের রোগের প্রথম ধাপের আগে থেকেই ধূমপানে আসক্ত ছিলেন। আর অধূমপায়ীদের তুলনায় ধুমপায়ীদের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ। এ ছাড়া গড়ে ধুমপায়ীরাই অধূমপায়ীদের তুলনায় আগে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয় বলেও দেখতে পেয়েছেন গবেষকেরা।
কিংস কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্স—এর ড. জেমস ম্যাককেবে বলেন, ‘এমন গবেষণা দিয়ে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা খুবই কঠিন। কিন্তু আমরা আশা করছি যে, এই গবেষণা আমাদের চোখ খুলে দেবে। আমরা বুঝতে পারব তামাক মনোরোগের একটা কারণ। এই পথ ধরেই আমরা আরও গবেষণা ও মেডিকেল পরীক্ষায় যেতে পারব এর বলিষ্ঠ প্রমাণ হাজির করতে।’
রিথিঙ্ক মেন্টাল ইলনেস নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘আমরা জানি ইংল্যান্ডে যে পরিমাণ সিগারেট খাওয়া হয় তার ৪২ শতাংশই খান মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা। তাই ধূমপান এবং মনোরোগের সঙ্গে সম্পর্কের নতুন খবর আমাদের উদ্বেগ আরও বাড়াবে।’