মহিউদ্দিনের বিরোধিতা কমছে দলের ভেতর
সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম কোন্দল ভুলে একাট্টা হওয়ার চেষ্টা
সিটি করপোরেশন নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে দলের ভেতরকার বিরোধিতা ধীরে ধীরে কমে আসছে। এত দিন যাঁরা প্রকাশ্যে তাঁর প্রার্থিতা নিয়ে বিরোধিতা করে আসছিলেন, তাঁরা এখন দলের সমর্থিত প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন জানাচ্ছেন। যেটুকু বিরোধিতা এখনো রয়েছে তা নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ২২ মে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। সভায় চট্টগ্রামের নেতাদের পক্ষ থেকে সংসদ সদস্য মোশাররফ হোসেন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, কেন্দ্রীয় সহসম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ঢাকায় আবারও বৈঠকে বসতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া, দু-এক দিনের মধ্যে ঢাকা থেকেও একটি দল আসতে পারে বলে জানান নগর কমিটির এক নেতা। ইতিপূর্বে তিনবার মেয়র পদে দায়িত্বপালনকারী আওয়ামী লীগ চট্টগ্রাম নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য নুরুল ইসলাম, এমএ লতিফ, আখতারুজ্জামান চৌধুরী, ইছহাক মিয়া, আ জ ম নাছিরের সাংগঠনিক নানা বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। মেয়র নির্বাচন সামনে রেখে এ বিরোধ চাঙা হয় এবং সংশ্লিষ্ট নেতারা মেয়র প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীর বিরোধীপক্ষ হিসেবে অবস্থান নেন। বিশেষ করে নুরুল ইসলামের অনুসারী বলে পরিচিত পক্ষ মহিউদ্দিন চৌধুরীর নেতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে তাঁকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়ে দলীয় সভানেত্রীর কাছে প্রস্তাব পাঠান। ইতিমধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা ইছহাক মিয়া ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দিয়েছেন। আ জ ম নাছির মনোনয়নপত্র দাখিল করবেন বলে প্রচার থাকলেও শেষপর্যন্ত তিনি জমা দেননি। রেজাউল করিম অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে সাংবাদিকদের তিনি ক্ষোভের কথাও জানিয়েছেন। বলেছেন, দলের সিদ্ধান্ত মেনে তিনি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু নেতা-কর্মীদের মনের চাপা ক্ষোভ নিরসনে কেন্দ্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন। সংসদ সদস্য নুরুল ইসলামও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানা গেছে। নুরুল ইসলামের একান্তসচিব নিয়াজ মোরশেদ বলেন, ‘নেত্রী মনোনয়ন দিয়েছেন, এমপি সাহেবও মেনে নিয়েছেন।’এ প্রসঙ্গে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানু প্রথম আলোকে বলেন, দলের সাংগঠনিক প্রক্রিয়ায় কিছু কিছু বিরোধিতা থাকে। তবে এখানে সেটি বড় কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘ইছহাক মিয়া আমাদেরই লোক। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’ ইছহাক মিয়াও বলেছেন মহিউদ্দিন চৌধুরীকে সমর্থনের কথা।স্থানীয়ভাবে কোন্দল নিরসন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে দু-এক দিনের মধ্যে ঢাকা থেকে দলের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম আসবেন বলে জানান ইনামুল হক। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে মহিউদ্দিন চৌধুরীকে দলীয়ভাবে সমর্থন দেওয়ায় প্রকাশ্যে কেউ বিরোধিতা করবেন বলে মনে হয় না। নেপথ্যে কেউ বিরোধিতা করলেও নির্বাচনের আগেই তা মিটে যাবে।’তিনি জানান, ‘ঢাকায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আমি বলছি, চট্টগ্রামের মেয়র প্রার্থী নিয়ে যে মতভিন্নতা চলছে সে ব্যাপারে আলোচনা করে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থনের বিষয়টি পরিষ্কার করা উচিত। এতে সংশয় কেটে যাবে। হাছান মাহমুদ ও মোশাররফ হোসেনও মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে বক্তব্য দেন। এ ব্যাপারে সভানেত্রী ঘোষণা দেওয়ায় সমস্যা আদৌ নেই।’এদিকে, মহিউদ্দিন চৌধুরীও তাঁর কথাবার্তা ও আচরণে অনেকটা সংযত ও কৌশলী হয়েছেন। বিরোধীদের ব্যাপারে কেনো নেতিবাচক কথা না বলে বরং তাঁদের সঙ্গে নানা কৌশলে দেখা-সাক্ষাৎ করে মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী ও মোশাররফ হোসেনের বাসায় গিয়ে কথা বলেছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগ নেত্রী নীলুফার কায়সারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে নুরুল ইসলামকে জড়িয়ে ধরার সুযোগ হাতছাড়া করেননি। সর্বশেষ ২৪ মে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের মায়ের মৃত্যু উপলক্ষে সমবেদনা জানাতে মঞ্জুর বাসভবনে গিয়ে তাঁকেও জড়িয়ে ধরেন মহিউদ্দিন চৌধুরী। তাঁর ঘনিষ্ঠজনেরা মনে করেন স্থানীয় নেতা-কর্মীদের যেভাবে বিরোধিতার আশঙ্কা তাঁর ভেতরে ছিল ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষণার পর তা অনেকটা কেটে গেছে।