সিটি করপোরেশন বিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলের দাবিতে ছাত্র ফেডারেশনের সমাবেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনাধীন স্কুল-কলেজগুলোতে বর্ধিত বেতন ও ভর্তি ফি বাতিলের দাবিতে ১১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখা। ছাত্র ফেডারেশন নগর শাখার সভাপতি ফরহাদ জামানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক স্বাক্ষর শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী, রাজনৈতিক ও শিক্ষাবিষয়ক সম্পাদক কামাল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৪৪ বছর ধরে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জাতির প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। যার ফলে সরকারি উদ্যোগে পর্যাপ্ত পরিমাণ বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠা হয়নি। ফলে গড়ে উঠছে অসংখ্য বেসরকারি বিদ্যালয় এবং কলেজ। এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যয় বেশি হওয়ায় দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা সেখানে পড়তে পারে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের বিদ্যালয় ও কলেজগুলোর বেশির ভাগ শিক্ষার্থীই স্বল্প আয়ের পরিবার থেকে আসা। তাই সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও ভর্তি ফি বৃদ্ধি এই পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। পাশাপাশি অনেক শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিটি করপোরেশনের প্রতি এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানায়। বিজ্ঞপ্তি।