নগরের মাদারবাড়ি এলাকায় সিটি করপোরেশন নির্মিত ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে তিন হাজার টাকা। করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও কাউন্সিলর মিলে সেখান থেকে নয়টি ফ্ল্যাট কিনছেন। তাঁরা দাম দিচ্ছেন প্রতিবর্গফুট দুই হাজার টাকা। এতে সিটি করপোরেশনের প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। কর্মকর্তাদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম কিনছেন দুটি ফ্ল্যাট। এ ছাড়া, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, রেহেনা বেগম, উপসচিব সাইফুদ্দিন মাহমুদ ওরফে কাতেবী, ভূমি কর্মকর্তা আহমদুল হক, জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম এবং মেয়রের একান্ত সহকারী কামরুল ইসলাম কিনছেন একটি করে ফ্ল্যাট।জানা গেছে, যাঁরা ফ্ল্যাট কিনছেন, তাঁদের অনেকেরই নগরে নিজস্ব বাড়ি, ফ্ল্যাট এমনকি বহুতল ভবনও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘মূলত কম দামে কিনে পরবর্তী সময়ে বেশি দামে বেচে দেওয়ার উদ্দেশ্যেই কোনো কোনো কর্মকর্তা ফ্ল্যাট কিনছেন।’ জানা যায়, ভূমি কর্মকর্তা আহমদুল হকের আগ্রাবাদ এলাকায় আটতলার একটি বাড়ি আছে। উপসচিব সাইফুদ্দিন মাহমুদেরও বাড়ি ও প্লট আছে অক্সিজেন এলাকায়। জানতে চাইলে আহমদুল হক বলেন, ‘ওটা আমার নিজের জমি নয়। শ্বশুর পক্ষের জায়গার ওপর বাড়ি করেছি।’ সাইফুদ্দিন মাহমুদ বলেন, ‘আমার জায়গা এবং বাড়িটি অনেক পুরোনো, সস্তার সময় কিনেছিলাম।’ ফ্ল্যাটের জন্য আবেদনকারী ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, ‘সরকারি প্রতিটি বিভাগে এ ধরনের সুযোগ-সুবিধার নজির আছে। আমরা বলেছি, নির্মাণব্যয়ের সঙ্গে ২৫ শতাংশ অতিরিক্ত অর্থ যোগ করে কিনে নেব। এতে তো অপরাধের কিছু দেখি না।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মাদারবাড়ির যেসব ফ্ল্যাট কাউন্সিলর ও কর্মকর্তারা কিনেছেন, সেগুলোর গড় আয়তন এক হাজার ৩০ বর্গফুট থেকে এক হাজার ৫০ বর্গফুট। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাইরে এসব ফ্ল্যাট বিক্রি হয়েছে প্রতি বর্গফুট তিন হাজার টাকা দরে। কিন্তু এর মধ্যে নয়টি গুরুত্বপূর্ণ ফ্ল্যাট রেখে দেন করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা। তাঁরা প্রতি বর্গফুট জায়গা এক হাজার টাকা কম দিলে করপোরেশন অন্তত এক কোটি টাকা থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে এস্টেট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিভিন্ন সংস্থায় নিজেদের লোকজনের জন্য এ ধরনের ব্যবস্থা থাকে। আমরাও সেভাবে চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। করপোরেশনের কাউন্সিলর কিংবা কর্মকর্তারা চাইলে তাঁদের কাছে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে।’ জানা যায়, এর আগেও সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দিলীপ চক্রবর্তীসহ তিন কর্মকর্তা মিলে চারটি ফ্ল্যাট বাজার দরের চেয়ে প্রতি বর্গফুট দেড় থেকে দুই হাজার টাকা কম মূল্যে কিনে নেন। এ নিয়ে সাধারণ সভাসহ বিভিন্ন স্থানে তীব্র আপত্তির মুখে পড়েন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। একপর্যায়ে তিনি ওই ফ্ল্যাটগুলো কিনতে নিষেধ করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ ব্যাপারে সিদ্ধান্ত পাসও হয় অন্য এক সাধারণ সভায়। কিন্তু পরে ওই সিদ্ধান্ত উপেক্ষা করে কর্মকর্তারা ফ্ল্যাটগুলো কিনে নেন। নগরের ফিরিঙ্গিবাজার এলাকার ওই ফ্ল্যাটগুলো তাঁরা কিনেছিলেন প্রতি বর্গফুট আড়াই হাজার টাকা দরে। অথচ করপোরেশনের এ ফ্ল্যাটগুলোর পাশেই মেয়র মন্জুর আলমের ব্যক্তিগত ব্যবসায়িক ফ্ল্যাট বিক্রি হয় প্রতি বর্গফুট চার থেকে সাড়ে চার হাজার টাকায়। জানা যায়, গত বৃহস্পতিবার মাসিক সাধারণ সভায় মাদারবাড়ীর নয়টি ফ্ল্যাট বিক্রির প্রস্তাব উপস্থাপন করেন ওয়ার্ড কমিশনার আনজুমান আরা বেগম। এ নিয়ে সভায় খুব বেশি আলোচনা হয়নি। তবে এভাবে কম দামে বারবার ফ্ল্যাট বিক্রির বিষয়ে মেয়র আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের নজির বারবার থাকলে পরবর্তী সময়ে নিরীক্ষা (অডিট) আপত্তি হতে পারে। তাই এ নিয়ে একটু চিন্তা করতে হবে।’ এ প্রসঙ্গে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কিছু আবেদন এসেছে। আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করছি। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’