সিটি করপোরেশনের বিলবোর্ডে রোডমার্চের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন সড়কের মোড় ও অলিগলিতে শোভা পাচ্ছে চার দলের রোডমার্চের ডিজিটাল ব্যানার। অভিযোগ উঠেছে, সিটি করপোরেশনের মালিকানাধীন বিভিন্ন বিলবোর্ডে প্রচারণামূলক এসব ব্যানার টাঙানো হয়েছে। এ কাজে ব্যবহার করা হয়েছে সিটি করপোরেশনের গাড়ি ও জনবল। আজ ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ শুরু হচ্ছে। কাল ৯ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে খালেদা জিয়া সমাবেশে ভাষণ দেবেন। এ উপলক্ষে বিএনপিসহ জোটের শরিক দলগুলো নগরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। বিলবোর্ডে ডিজিটাল ব্যানার সাঁটিয়ে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে অভিনব ও ব্যয়বহুল এই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতারা জানান। খোঁজ নিয়ে জানা যায়, নগরের বেশির ভাগ বিলবোর্ডের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন। রেলওয়ে কর্তৃপক্ষের মালিকানায় রয়েছে কিছু বিলবোর্ড। সিটি করপোরেশন ও রেলওয়ের মালিকানাধীন এসব বিলবোর্ডে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছিল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এসব বিলবোর্ড গোটা বছরের জন্য ভাড়া নিয়েছিল। নিয়ম ভঙ্গ করে বিলবোর্ডগুলো রাজনৈতিক প্রচারণা-সংবলিত ডিজিটাল ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন বেশির ভাগ বিলবোর্ড ইজারা নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে আসছেন যুবলীগ নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাচ্চু। মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়র মহোদয়ের অনুরোধে বিলবোর্ডগুলোর ওপর ডিজিটাল ব্যানার লাগানো হয়।’উল্লেখ্য, চট্টগ্রামে ইতিপূর্বে রাজনৈতিক কাজে বিলবোর্ড ব্যবহার হতে দেখা যায়নি। এবার সিটি মেয়রের সরাসরি হস্তক্ষেপে তা রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিটি করপোরেশনের গাড়ি ও জনবল ব্যবহার করে মোড়ে মোড়ে ডিজিটাল ব্যানার লাগাতেও দেখা গেছে। অভিযোগ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বক্তব্য জানতে কয়েকবার মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি বারবার ফোনের সংযোগ কেটে দিচ্ছিলেন।সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনে শ্রমিক ও গাড়ির চালকদের অনেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের কেউ অতি উর‌্যাসাহী হয়ে হয়তো বিচ্ছিন্নভাবে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করতে পারেন। করপোরেশনের থেকে গাড়ি ব্যবহারের নির্দেশনা ছিল না।’ সরেজমিন : নগরের পলোগ্রাউন্ড, টাইগারপাস, নিউমার্কেট, সিটিগেইটসহ নগরের প্রায় সর্বত্র এখন শোভা পাচ্ছে নানা স্লোগান লেখা বিশাল আকৃতির ডিজিটাল ব্যানার-পোস্টার ও তোরণ। রোডমার্চ উপলক্ষে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র এম মন্জুর আলমের পক্ষ থেকেও নগরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে অসংখ্য বিলবোর্ড। এসব বিলবোর্ডে লাগানো বিশালাকার ডিজিটাল ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের পাশাপাশি মেয়রের ছবিও শোভা পাচ্ছে।আজকের রোডমার্চ উপলক্ষে কতটি ডিজিটাল ব্যানার-পোস্টার লাগানো হয়েছে, এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কত টাকা এই খাতে খরচ হয়েছে—এই হিসাবও কেউ দিতে পারেননি।জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘মহানগর বিএনপির পক্ষ থেকে ৩০ থেকে ৩৫টি ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে। এতে আনুমানিক দেড় লাখ টাকা খরচ হয়েছে। অন্যরা কয়টি ব্যানার-পোস্টার লাগিয়েছেন বা খরচ কত হয়েছে এর সঠিক হিসাব তো দেওয়া মুশকিল।’নগরের জুবিলী সড়ক, স্টেশন সড়ক, শেখ মুজিব সড়ক, সিডিএ এভিনিউ সড়ক, জাকির হোসেন সড়ক ও কর্নেল হাট এলাকার সড়ক বিভাজকে স্থাপন করা অসংখ্য বিলবোর্ডে শোভা পাচ্ছে মেয়র মন্জুর আলম ও খালেদা জিয়ার ছবিসংবলিত ডিজিটাল ব্যানার। এতে লেখা আছে ‘৮ ও ৯ মার্চ রোডমার্চ উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম—নিবেদক মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন’। সিটি গেট এলাকায় গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের তিনজন কর্মচারী মেয়রের ছবিসংবলিত ডিজিটাল ব্যানার লাগাচ্ছেন। এ সময় করপোরেশনের একজন কর্মকর্তা এ কাজের তদারক করছিলেন। তাঁর নাম জানতে চাইলে তিনি নাম বলতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনের লোক। এতে আপনার অসুবিধা কী হয়েছে?’