সিটি কলেজে বসন্তের রং
বসন্তের মাতাল সমীরণে মন নাচে, নাচে শ্যামা মেয়ে। সেই সংকেতে মাদল বাজে, বাজে শচীনকর্তার সেই গান ‘নিটোল পায়ে রিনিক-ঝিনিক...।’ সেই গানের সুরে ভেসে পৌঁছে গেলাম দোতলায়। একেবারে পূর্বের কক্ষের দেয়ালের নামফলকে লেখা ‘বাংলা বিভাগ’। বিভাগে ঢুকে মনে হলো ‘পাগলপারা চাঁদের আলো নাচের তালে হেসে।’ সত্যি আজ চাঁদের আলো বাঁধ ভেঙেছে সিটি কলেজের বাংলা বিভাগে। ছিমছাম অথচ নান্দনিক সাজের ঘরটিতে একঝাঁক আলোকিত মানুষ। শিক্ষার্থীদের মতোই বসন্তের রঙে রঙিন আজ মানুষ গড়ার সেই সব কারিগর। কথার খই ফুটছে তাঁদের মুখে।‘স্যার আড্ডা তো জমেছে ভালো কিন্তু কী নিয়ে?’ আলতো করে প্রশ্নটা ছুড়ে দিলাম— বিভাগীয় প্রধান হরিশংকর জলদাস রসিকতার ছলে বললেন, ‘আমাদের আলোচনায় মহিলাদের শাড়িও আসে।’ বাঁকা কথার সোজা জবাব দেবেন কেন উম্মে হাবিবা হক? তাই তো বললেন, ‘আমাদের আলোচনায় পাঞ্জাবিও আসে।’শাড়ি আর পাঞ্জাবি কেন আলোচনার বিষয় তা বোঝা গেল আইয়ুব ভূঁইয়ার কথায়—আসলে আড্ডার মূল বিষয়ই পরচর্চা। আইয়ুব ওই বিভাগের সহযোগী অধ্যাপক। আর উম্মে হাবিবা হক চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বসন্ত উৎসব উপলক্ষে আজ তিনি অতিথি। হাজার হলেও অতিথি, তাই সোজা কথায় চলে এলেন হরিশংকর—পরচর্চা করতে করতে নিজের চর্চাও আসে। অতীতের প্রেমিকার কথাও মনে আসে। কথা কেড়ে নিলেন আইয়ুব ভূঁইয়া—আমাদের সময় ক্লাসে মাত্র চার-পাঁচজন ছাত্রী ছিল। তাদের দিকে ৯০ ডিগ্রি কোণে তাকানো ছিল নিষেধ। ৩০ ডিগ্রি কোণে তাকাতে হতো। এখন যখন ছেলেমেয়েরা একসঙ্গে আড্ডা দেয় তখন ভালো লাগে আবার খারাপও লাগে নিজেদের বঞ্চিত মনে হয়। ছাত্রজীবন শুধু নয় পেশাগত জীবনেও নারীর প্রয়োজনীয়তা স্বীকার করলেন হরিশংকর জলদাস, বললেন, ‘১৯৯২ সাল থেকে সহকর্মী হিসেবে মহিলা শিক্ষক আছেন। উনারা তরকারি হলে আমরা লবণের কাজ করি।’প্রেম নিয়ে আরেক প্রস্ত, ‘স্যার প্রেম নিয়ে কথাবার্তা হয় না?’ প্রশ্ন করি।হরিশংকরের কণ্ঠে হাহাকার, ‘একজন শিক্ষকও কিন্তু প্রেমিকাকে বিয়ে করতে পারেননি।’ তবুও তাঁর ঘোষণা—যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে নেই।লায়লা আক্তার খানম: বিয়ে করলেই শেষ। উম্মে হাবিবা হক: প্রেম আর প্রেম থাকে না জেসমিন আক্তার কবিতা বললেন দুই লাইন‘প্রিয়ারে বিবাহ করে যে করে স্ত্রী যে জন প্রেমিক নয় সে জন মিস্ত্রি।’এই সময় কক্ষে ঢুকলেন শিক্ষক মশিউর জামান ওরফে আজিজ। সবাই একসঙ্গে বলে উঠলেন—এই হচ্ছে আজিজ স্যার, আজিজ মিস্ত্রি।কথা শুনে বিকার নেই আজিজের। মিস্ত্রি নয় বীর বীর ভাব তাঁর চোখেমুখে। প্রশ্নটা করেই ফেললেন জেসমিন আক্তার—আজিজ স্যার, আপনাকে কেন মিস্ত্রি বলা হচ্ছে জিজ্ঞেস করবেন না? মশিউর জামান: করতে চাই তবে ভয়ে করছি না। আইয়ুব ভূঁইয়ার ফোঁড়ন—ভদ্রলোকমাত্রই স্ত্রীকে ভয় পায়। প্রতিবাদে হই হই করে উঠলেন লায়লা আক্তার খানম, বললেন, ‘স্ত্রীকে ভয় পায় না—এমন লোক নেই।’ ‘মানুষ আসলে অবুঝকে ভয় পায়।’ আইয়ুব ভূঁইয়ার মোক্ষম জবাব।’উম্মে হাবিবা হকের কথাটা আবার জীবনের কাছাকাছি। তিনি বলেন, ‘এটা সত্যি নয়। সত্যি হলে প্রতিদিন সংবাদপত্রে নারী নির্যাতনের খবর আসত না। ছবি ছাপা হতো না।’ পাল্টা দিলেন আইয়ুব ভূঁইয়া—নির্যাতন দুই প্রকার শরীরী ও অশরীরী। চুপ করে থাকাও একধরনের প্রতিবাদ। পুরুষের প্রতি এটাও একধরনের অশরীরী নির্যাতন।মশিউর জামান: অক্সিজেনের মধ্যে থাকলে যেমন বোঝা যায় না অক্সিজেন ঠিক কী? তেমনি পুরুষেরাও এত ভয়ে থাকে যে তাঁরা বোঝেন না ভয় কী? হরিশংকর জলদাস: আসলে পুরুষেরা বউকে নয়, বউয়ের চেহারাকে ভয় পায়। আইয়ুব ভূঁইয়ার কথায় শিক্ষকদের মধুর ঝগড়া থামে। অনুকরণীয় ভঙ্গিতে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ বলে গেছেন ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া অনিবার্য। ওটা ঈশ্বরের চক্রান্ত।’ শিক্ষকদের আড্ডায় আরও ছিলেন মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেসমিন আক্তার নাসিরাবাদ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক। খুব বেশিদিন হয়নি তিনি সিটি কলেজ থেকে বদলি হয়েছেন। আড্ডার ফাঁকে একজন ছিলেন একেবারে অন্য রকম, তিনি প্রভাষক জোহরা বেগম। কেউ এলেই তাঁকে হরেক রকম পিঠা দিয়ে আপ্যায়ন করাচ্ছেন। খুনসুটি করছেন ছাত্র-শিক্ষক—সবার সঙ্গে। আড্ডার রেশ কাটতে না কাটতেই অনুষ্ঠান শুরুর ঘোষণা এল মাইক্রোফোনে। আবার শচীনকর্তার গান—‘নিটোল পায়ে রিনিক-ঝিনিক’ গানের সঙ্গে নাচলেন মামিয়া আচার্য। নাচে, গানে আড্ডায় মুখর হয়ে উঠল সিটি কলেজ ক্যাম্পাস। লাল, সবুজ, খয়েরি, হলুদ, বাসন্তী রঙের শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরা তরুণ-তরুণীরা যেন উড়ছেন। সিটি কলেজের বাগানে পাওয়া গেল সেভেন সাইট দলের কয়েকজনকে। ২০০৪ সালে ১৫-২০ জন শিক্ষার্থী মিলে এ দল গড়ে তুললেও নাম কিন্তু সেভেন সাইট। সেখানে দলে দলে আড্ডা দিচ্ছেন আরও অনেকে। আছে কয়েকটা জুটিও।আড্ডা নিয়ে প্রশ্ন করতেই সবাই একসঙ্গে কথা বলে উঠল হাবিবুর, লিংকন, বাপ্পী, মিঠুন ও নার্গিস—জাতি, দেশ, সমাজ, সংসার, প্রেম, ভালোবাসা, বিয়ে, চলচ্চিত্র, নাটক, রান্নাবান্না, রাজনীতি কিছুই বাদ যায় না। আড্ডা চলে সকাল-দুপুর-বিকাল পর্যন্ত। আড্ডায় কী নিয়ে বেশি কথা হয়? প্রশ্ন করলে হাবিবুর বলেন, যারা প্রেম করে তাদের নিয়ে আলোচনা বেশি হয়।প্রেম করেন না? বাপ্পী: প্রেম করার জন্য মানুষ দরকার। ও রকম মানুষ খুঁজে পাচ্ছি না। লিংকন: সবাইকে পটানোর চেষ্টা করছি।কেমন ছেলে পছন্দ? মনোবিজ্ঞানের ছাত্রী নার্গিস হেসে বললেন, ‘পছন্দের মানুষকে আগে ধূমপান ছাড়তে হবে।’ হাবিবুর: আমার রানি মুখার্জীকে পছন্দ। ওর ফোন নাম্বার থাকলে দেন, প্লিজ। বাকিরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ রাজনীতি করেন না। বাপ্পী বলেন, ‘আগে সিটি কলেজের ছাত্রদের মিছিলে নিয়ে যাওয়া হতো। ২০০৩ সাল থেকে তা বন্ধ। এখন ভর্তি নিয়েও রাজনীতি হয় না। মেধা থাকলে ভর্তি নইলে নয়। এবার সরকারের কাছে পাঁচটি দাবি করলেন তাঁরা—সবসময় বিদ্যুৎ থাকতে হবে, হরতাল থাকবে না, সংসদ কার্যকর হবে, শিক্ষা ক্ষেত্রে সন্ত্রাস বন্ধ হবে এবং উন্নত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। তাঁদের আরও কিছু দাবি, সরকার ও বিরোধী দল যেন মিথ্যা স্বপ্ন না দেখায়। দুই নেত্রীকে আরও সহনশীল হতে হবে। তাঁদের প্রাণের দাবি—যুদ্ধাপরাধীদের বিচার হোক। লেখাপড়ার ক্ষেত্রেও তাঁরা বেশ এগিয়ে। বাপ্পী পাল চট্টগ্রামের কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আসছে। আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে নেই সিটি কলেজ। একুশে ফেব্রুয়ারি, ষোলোই ডিসেম্বর বিজয় দিবস, ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ বর্ষবরণ, পিঠা উৎসব হয় ব্যাপক আয়োজনে।দেখা হলো হিসাব বিভাগের একদল শিক্ষার্থীর সঙ্গে।একজনকে প্রশ্ন করলাম রাজনীতি করেন? এমন প্রশ্নের জবাবে শান্তা দত্ত বললেন—প্রকাশ্যে কেউ রাজনীতি করেন না, তবে সবাই কোনো না কোনো দলকে সমর্থন করেন। তাঁদের কাছে জানতে চাই ভবিষ্যত্ পরিকল্পনা কী?শারমিন আখতার, বিপাশা দত্ত, নাহার ইসলাম, প্রিয়ংকা দাশ, ইমতিয়াজ মিথুন, রবিন, মুহিত, বর্ষা, সাঈদ, দিনার, দেবদূত, হরেক রকম যেমন নাম তেমন তাঁদের ইচ্ছেটাও হরেক রকম। কেউ ক্যামেরার পেছনে কাজ করতে চান। বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে বেসরকারি সংস্থায় কাজ করবেন। ব্যাংক বা টেলিকমিউনিকেশনে আগ্রহ অনেকের। সেভেন সাইটের সদস্যদের মধ্যে ঝগড়া, খুনসুটি লেগেই আছে। মিঠুন ও বাপ্পী ছাড়া বাকিরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। ওদের নাকি ডাকা হয় বোইঙ্গা। আর চট্টগ্রামের মানুষদের ওরা ডাকে চোইঙ্গা। এ নিয়ে দুই পক্ষ প্রায়ই ঝগড়া করে।শিক্ষকদের নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। পশ্চিম ভবনের সামনে দাঁড়িয়ে বললেন শহীদুল ইসলাম—আমাদের শিক্ষকেরা অনেক ভালো। জোর করে কিছু চাপিয়ে দেন না। নির্বাচনী পরীক্ষার সময় কমলা, আঙুর খেতে দিয়েছিলেন। আমরা পরীক্ষা দিচ্ছি আর স্যাররা আমাদের খাইয়ে দিচ্ছিলেন। কলেজের ছাত্ররাজনীতি নিয়ে আগে আতঙ্কে থাকতেন শিক্ষার্থীরা। কিন্তু এখন সে দিন নেই। হিসাব বিভাগের টুম্পা আচার্য যেমন বললেন, ‘এখন শতকরা ৭৫ ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হয়। রাজনৈতিক কোনো সহিংসতা নেই।সে কথারই প্রতিধ্বনী ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ আনসারী ও ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু তাহেরের কথায়। ‘চট্টগ্রামের সবচেয়ে প্রগতিশীল কলেজ সিটি কলেজ। আমরা দিনবদলের জন্য সংগ্রাম করছি, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে নতুন দিন আনতে চাই আমরা।’ বললেন ছাত্ররাজনীতির দুই তরুণ তুর্কি।