সিটি বাসে নারীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি বাসে নানা ভোগান্তিতে পড়ছেন নারী যাত্রীরা। পুরো বাসে সংরক্ষিত মহিলা আসন থাকে মাত্র তিন-চারটি। তা-ও পুরুষের দখলে থাকে। লিখেছেন অনিন্দিতা দেবনাথ‘অডা, মাইয়াপোয়া কিল্লাই লঅরদে? মাইয়াপোয়া ন তুলিস!’ ১০ নম্বর রুটের সিটি বাস বহদ্দারহাট মোড়ে থামতেই বড় গলায় কথাগুলো বললেন এক পুরুষ যাত্রী। এরপরও মধ্যবয়সী এক মহিলা উঠে যান। তখন আবার শোনা গেল যাত্রীর গলা ‘মরদপোয়া বইয়োনোর জাগা নাই, এডে মাইয়াপোয়া কিল্লাই তুলঅরদে...?’ দেখা গেল সেই লোকটিসহ তিনজন বসে আছেন মহিলা আসনে। সদ্য বাসে ওঠা মহিলার অনেক অনুরোধেও আসন ছাড়লেন না তাঁরা। টাইগারপাস মোড় পর্যন্ত ওই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। গত মঙ্গলবার সকালের ঘটনা এটি। এভাবে সিটি বাসে নানা দুর্ভোগে পড়ছেন নারী যাত্রীরা। আসন দখলের পাশাপাশি কিছু পুরুষ যাত্রীর অশোভন আচরণেরও শিকার হন তাঁরা। এ নিয়ে চালক-সহযোগীর (ড্রাইভার-হেলপার) সহায়তা চাইলেও পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। পুরো বাসে মহিলা আসন থাকে মাত্র তিন-চারটি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালুরঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক শাহেনেওয়াজ চৌধুরী নিজের অভিজ্ঞতার কথা বললেন, ‘আমি প্রতিদিন ১০ নম্বর রুটের সিটি বাসে চান্দগাঁও আবাসিক থেকে দেওয়ানহাট যাওয়া-আসা করি। প্রায়ই দেখা যায় মহিলাদের আসনে পুরুষ বসে থাকেন। আর মহিলা উঠলে তাঁরা বিরক্ত হন, মহিলা তোলার দায়ে চালক ও সহযোগীকে গালাগাল করেন। বিশেষ করে কার্যালয় শুরু ও ছুটির সময় নারীরা এ সমস্যায় পড়েন বেশি।’ এক টাকার যাত্রী!: ‘এক টাকার যাত্রী তোলা যাবে না’—পোশাকশ্রমিক মোমেনা খাতুনকে দেখামাত্র সহযোগীর মন্তব্য। গত সোমবার ১০ নম্বর রুটের সিটি সার্ভিসে মোমেনার কাছে জানা গেল এক টাকার যাত্রীর কাহিনি। তিনি বলেন, ‘আগের দিন বহদ্দারহাট থেকে দেওয়ানহাট যাওয়ার সময় আমি নির্ধারিত ভাড়া পাঁচ টাকা দিই। কিন্তু হেলপার ছয় টাকা চায়। বাড়তি এক টাকা দিতে রাজি হইনি বলে সে আমাকে মনে রেখেছে, তাই আজ আমাকে বাসে তুলতে চায়নি সে।’ অবশ্য মোমেনা অনেকটা জোর করে বাসে উঠে যান। তিনি বলেন, ‘এক টাকা বড় কথা নয়, পুরো বিষয়টি অন্যায্য ও অপমানজনক।’