সিট্যাডের বৃত্তিদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (সিট্যাড) আয়োজিত মেধা অনুসন্ধান পরীক্ষা ২০১০-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্মারক, বৃত্তির টাকা, সনদ বিতরণ ও সেরা বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়েছে। গত ২৮ মে বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিট্যাড সূত্র জানায়, ২৮ মে রেলওয়ে পাবলিক স্কুল (পলোগ্রাউন্ড), ইস্টার্ন রিফাইনারি মডেল হাইস্কুল (পতেঙ্গা), মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় (মিরসরাই), সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ (বোয়ালখালী), খলিলুর রহমান শিশুনিকেতন (পটিয়া) কেন্দ্রসমূহের মেধা (ট্যালেন্টপুল), প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর গর্বিত মাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোহাম্মদ সোয়েব। উদ্বোধনী বক্তব্য দেন সিট্যাডের পরীক্ষা নিয়ন্ত্রক ফয়জুন নেছা। আরও বক্তব্য দেন লিটল ফেয়ার একাডেমির পরিচালক কায়সার-উল-আলম, প্রভাতী মাধ্যমিক শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক সাধনচন্দ্র পাল, পটিয়া কেন্দ্রের কো-অর্ডিনেটর সামসুল আলম ও সিট্যাডের চেয়ারম্যান এ এইচ এম আবুল খায়ের। সংস্থার চেয়ারম্যান আবুল খায়ের জানান, গত ৩১ ডিসেম্বর একসঙ্গে ১১টি কেন্দ্রে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার ২০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৩ জন মেধাবৃত্তি, ২৯ জন প্রথম, ৩১ জন দ্বিতীয়, ১০৯ জন তৃতীয় এবং ৪২৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।