সিডনিতে বঙ্গবাজার, কারওয়ান বাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজার করতে বাঙালিরা ছুটে আসেন এই দোকানগুলোতে। ছবি: লেখক
বাজার করতে বাঙালিরা ছুটে আসেন এই দোকানগুলোতে। ছবি: লেখক

কেনাকাটা করছেন কারওয়ান বাজার কিংবা বঙ্গবাজারে! দেশে থাকলে এটা কোনো ব্যাপার না। তবে প্রবাসজীবনে ঢাকার এই দুই জনপ্রিয় বাজারে কেনাকাটা করার অভাববোধটা তো থেকেই যায়। অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে কিন্তু আপনি বাজার-সদাই করতে পারবেন বঙ্গবাজার, কারওয়ান বাজারসহ চেনা নামের আরও কিছু জায়গা থেকে।
খোলাসা করে এবার বলা যাক। লাকেম্বা—বাংলাদেশিদের প্রিয় এই জায়গা অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছেই ছোট আরেকটি উপশহর। একে ঘিরে অনেক বাংলাদেশির অবস্থান। বাংলাদেশি দোকানপাট, খাবারদাবার, পত্রপত্রিকা, বিমান-রেল-বাস টিকিট, টাকাপয়সা লেনদেন, শাড়ি-কাপড়, বাড়িঘর কেনাবেচা, শিক্ষা ভর্তি, আইন-অভিবাসন পরামর্শ, রাজনীতি, চা-কফি আর বাঙালির চিরাচরিত আড্ডা—সবই আছে লাকেম্বার কয়েকটি রাস্তাজুড়ে। দোকানগুলোর নামেও জড়িয়ে আছে বাংলাদেশ। এখানেই দেখা মেলে কারওয়ান বাজার আর বঙ্গবাজারের। আরও আছে বটতলা, একুশে, কস্তুরী, বনফুল, ঢাকা, চাটগাঁসহ নানা নামের দোকান।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে বাংলাদেশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে দ্রুত। এ শহর বাঙালিদের কাছে যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তেমনি অস্ট্রেলীয় মূলস্রোতের মানুষের কাছেও গুরুত্ব বাড়ছে প্রতিনিয়ত। প্রতিদিন বাংলাদেশি ক্রেতা-বিক্রেতার পাশাপাশি এ দেশের নানা সংস্কৃতির অনেক মানুষ আসেন এখানে কেনাবেচা করার জন্য। আবার আসেন বাংলাদেশি খাবারের স্বাদ নিতেও।
বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের এই ছোট্ট উপশহরে বাংলা ভাষা দিয়েই চালিয়ে নেওয়া যায় প্রায় সব কাজ। বাংলাদেশের প্রায় সবকিছুই পাওয়া যায় এখানে। ইলিশ থেকে পুঁটিমাছ, ফুলকপি-বাঁধাকপি, বেগুন-শুঁটকি, চুন-পান-খয়ের-জর্দা, টুপি থেকে লুঙ্গি, গামছা থেকে জার্সি, দা-থেকে পাটা-পুতা, আতর-লোবান, কুলা-হলুদ, মরিচ—সব আছে এখানে।

লাকেম্বার কারওয়ান বাজার!
লাকেম্বার কারওয়ান বাজার!

কথা হলো কারওয়ান বাজারের স্বত্বাধিকারী কামরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কারওয়ান বাজার শুনলেই মাছ-সবজি আর বাংলাদেশ একসঙ্গে ভেসে ওঠে। অন্যান্য পণ্যের সঙ্গে মাছ-সবজি বিক্রি করি। আর বাংলাদেশকে ভালোবাসি বলেই দোকানের নাম রেখেছি ‘কারওয়ান বাজার’। আরও একটি দোকান। নাম বাংলাদেশ প্যালেস। দোকানের স্বত্বাধিকারী টিটু জামান বলেন, এখানে ব্যবসা করা মানে সারা দিন যেন এক উৎসবের মধ্যে থাকা।
এখানকার স্থানীয় ক্রেতার বাইরেও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের বাঙালি এবং সিডনির দূরদূরান্ত থেকে অনেকে আসেন বাজার করতে। বাংলাদেশের মানুষ যেকোনো জায়গা থেকে সিডনি ঘুরতে এলে লাকেম্বার এ ‘ছোট্ট বাংলাদেশ’ দেখে যান। তাই এখানে ব্যবসার আনন্দ অন্য রকম। মাসুমা খান এখানে বসবাস করেন; কেনাকাটা করেন সব সময়। তিনি বলেন, ‘এখানে বাংলাদেশের প্রায় সবকিছুই পাওয়া যায়। বাংলায় কথা বলি, বাংলাদেশি পণ্য কেনাকাটা করি। তাই মনেই হয় না, বাংলাদেশের বাইরে কোথাও আছি।’

অস্ট্রেলিয়ার বুকে যেন একখণ্ড বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বুকে যেন একখণ্ড বাংলাদেশ

ব্রিটিশরা সতেরো শতকের শেষ ভাগে অস্ট্রেলিয়াকে শাসন শুরু করে। তার অনেক পরে এ দেশে বহুজাতিক মানুষের অভিবাসন শুরু হয়। এখন তো পৃথিবীর বহু দেশের অভিবাসী মানুষের দেশ অস্ট্রেলিয়া। বিভিন্ন দেশের মানুষ কোনো কোনো শহরে, কোনো কোনো এলাকায় বেশি পরিমাণ বসবাস করেন। লাকেম্বাতে বাংলাদেশিদের বসবাস বেশ উল্লেখ করার মতোই। তবে এখানে লেবাননের অভিবাসী মানুষের সংখ্যা বেশি। তাদের সঙ্গে সহাবস্থান বেশি সহনশীল বলে বাংলাদেশিদের বসবাস এই এলাকায় বাড়ছে—স্থানীয় ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন।
লাকেম্বা বাংলাদেশি বাণিজ্যিক এলাকা হিসেবে যেমন পরিচিতি পাচ্ছে, তেমনি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলাতেও পরিণত হচ্ছে। সারা দিন বিভিন্ন স্থানে কাজ শেষ করে নানা পেশার বাংলাদেশিরা এখানে একটুখানি আড্ডা দেওয়ার জন্য ঢুঁ মারেন। অন্যদিকে, বেশি বাংলাদেশি একত্রে অবস্থানের কারণে গত কয়েক বছরে রাজনৈতিকভাবে এই এলাকায় বাংলাদেশিদের মূল্যায়ন বেড়েছে অনেক। গত প্রাদেশিক ও রাষ্ট্রীয়—দুটি সংসদ নির্বাচনেই অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লিবারেল পার্টি এই এলাকার সংসদীয় আসনে বাংলাদেশিদের মনোনয়ন দিয়েছিল। যদিও জয় এখনো আসেনি, তবে ভবিষ্যতে বাঙালির জয় আসবে এমনটা আশা অনেকেরই।