সিডনিতে বসন্ত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইছেন শিল্পী মমতাজ
গান গাইছেন শিল্পী মমতাজ

মাতৃভূমি ছেড়ে আসা খুব কষ্টের। আমি দেশকে ছাড়তেও পারি না, আবার বাধ্য সন্তানের মতো থেকেও যাইনি। নিজের দেশ থেকে হাজারো মাইল দূরে এ কোন অজানা বিদেশ বিভূঁইয়ে আছি, যেখানে কি না আমার পরিচিত একটি আপন মুখও নেই। এরপর যেন মন আর কিছুতেই বাঁধ মানে না।

সর্বত্রই খুঁজে বেড়াই স্বদেশি মানুষের মিলনমেলা ও সংস্কৃতি। যা আমার বাঙালিপনার মাঝে উষ্ণ ভালোবাসার আঁচড় কাটে। তা সেই বিখ্যাত গানটির মতোই। ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইল গো মরার কোকিলে। আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো...।’

বসন্ত মেলায় একটি স্টল
বসন্ত মেলায় একটি স্টল

বিদেশের মাটিতে আমাদের ভাষা ও সংস্কৃতিকে দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলার প্রয়াস থেকেই প্রতিবছর আয়োজন করা হয়ে থাকে দেশীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান। এই অভিপ্রায়ে এখানে বাংলা কমিউনিটি প্রতিবছরই আয়োজন করে থাকে সাংস্কৃতিক নানা ধরনের মঞ্চভিত্তিক অনুষ্ঠান ও মেলাসহ বিভিন্ন উৎসবের। বাংলাদেশ ফেস্টিভ্যাল অব সিডনি উদ্যোগে ২০ সেপ্টেম্বর সিডনির কোগরাতে জুবলি ওভাল পার্কে এবারও যথারীতি আয়োজন করা হয়েছিল বসন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন লোকগানের সম্রাজ্ঞী হিসেবে খ্যাত কণ্ঠশিল্পী সাংসদ মমতাজ ও তাঁর দল। তাঁরা তাঁদের বিখ্যাত গানগুলো গেয়ে সিডনিপ্রবাসী বাঙালিদের মাতিয়ে গেলেন। কণ্ঠশিল্পী মমতাজ ও তাঁর সঙ্গীরা সুদূর বাংলাদেশ থেকে উড়ে এসেছিলেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রশান্ত মহাসাগরের এপারে আমাদের মাঝে।

শিল্পী মমতাজের সঙ্গে কয়েকজন দর্শক
শিল্পী মমতাজের সঙ্গে কয়েকজন দর্শক

তাঁদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পরিবেশন করে বাংলাদেশি গান, নাচ আর সমসাময়িক বাঙালি সংস্কৃতি নিয়ে ফ্যাশন শো। রকডেল বাংলা স্কুলের পক্ষ থেকে ছোট্ট সোনামণিদের নাচও খুব ভালো লেগেছে।
অস্ট্রেলিয়ায় এখন ঋতুরাজ বসন্তের আনাগোনা। সিডনিতে প্রবাসী বাংলাদেশিই অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে লালন করছি আমরাই বাংলাদেশ। বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতি প্রবাসী বাঙালিদের মগ্ন চৈতন্যে সত্যিই যেন ঘুম ভাঙিয়ে দেয়।
বসন্ত মেলা শুরু হয় বেলা ১১টায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মেলায় লোকসমাগম। মেলায় ছিল বাংলাদেশি পোশাক, জুয়েলারি, কসমেটিক, বই, সিডি ও বিভিন্ন ধরনের খাবারের স্টল। বেশির ভাগ স্টলেই ছিল ভিড়।

মেলায় আগত কয়েকজন
মেলায় আগত কয়েকজন

দরদাম ও কেনাকাটা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিরক্তিহীন মধুর সম্পর্ক। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরতির সময়টুকু আমি আমার মেয়ে অথৈ আর ছেলে দীপ্রকে নিয়ে মেলায় ঘুরে কাটিয়েছি। ঘুরতে ঘুরতেই চোখে পড়ল বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত বনলতা রেস্তোরাঁয়। তখন মনে পড়ল নাটোরের সেই বনলতা, কাঁচাগোল্লা, আরও কত স্মৃতি। একধরনের তাড়না বোধ থেকেই বনলতা রেস্তোরাঁয় ঢুকলাম। কথা হলো বিক্রয়কর্মী দেবী সাহার সঙ্গে। তাঁর কথার জাদুকরি আর অতিথি আপ্যায়ন দেখে মনে পরে গেল, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে মমতাজ গাইলেন, ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ সেই তুমুল জনপ্রিয় গানটি। তখন বেজে ওঠে বিদায় ঘণ্টা। সত্যিই অনিচ্ছার এই বিদায়ে আমারও বুকটা ফাইট্টা যায়!
মেলায় সমবেত হয়েছিলেন সিডনিপ্রবাসী বেশির ভাগ বাংলাদেশি। সবারই প্রত্যাশা, তাঁদের ছেলেমেয়েরা যেন এই প্রবাসেও বাঙালি মূল্যবোধ নিয়ে বড় হয়, বাঙালির শক্তিময়তা নিয়ে তারা গর্ব করার সুযোগ পাক। সব রকম হীনম্মন্যতা দূর করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠুক।

হ্যাপি রহমান
সিডনি, অস্ট্রেলিয়া