সিডনিতে বাঙালির বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনির অলিম্পিক পার্ক টেনিস সেন্টারে বৈশাখী মেলায় আগতদের একাংশ।
সিডনির অলিম্পিক পার্ক টেনিস সেন্টারে বৈশাখী মেলায় আগতদের একাংশ।

প্রায় দুই দশকের ধারাবাহিকতায় এবারও জমকালো আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা। ১৮ এপ্রিল, শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে বসেছিল এই বৈশাখী মেলা। আয়োজকদের দাবি বাংলাদেশের বাইরে এটাই বৈশাখী মেলার সবচেয়ে বড় আয়োজন।

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির অলিম্পিক পার্ক টেনিস সেন্টারে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ মেলা। সিডনি ছাড়াও মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেডসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালি-বাংলাদেশিরা সমবেত হয়েছিলেন বাঙালির এ প্রাণের উৎসবে।

পোশাকে-আশাকে, সাজ-সজ্জায়, ভোজে-আড্ডায় এই দিনটিতে ষোলো আনা বাঙালিয়ানায় মেতে উঠেছিল হাজার হাজার বাঙালি। মেলায় দেশি-বিদেশি রকমারি খাবার ছাড়াও বই ও পোশাকের পসরাই ছিল বেশি। প্রবাসের মাটিতে আয়োজিত হলেও এই দিনটিতে যেন সিডনির অলিম্পিক পার্ক হয়ে উঠেছিল লাল-সবুজের এক টুকরো বাংলাদেশ।

প্রায় ২০ হাজার বাঙালি-বাংলাদেশির এ মেলায় নাচ-গান-কবিতা-স্মৃতি চারণ-কথামালায় মেতে ওঠেন সমবেত দর্শক শ্রোতারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দিনমান ছোট ছোট আড্ডায় মেতেছিল মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিরাও। স্থানীয় বিভিন্ন সংগঠন ও দেশি-বিদেশি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও মেলা মাতিয়েছেন। এবার বাংলাদেশ থেকে আঁখি আলমগীর এসেছিলেন গান করতে। কিন্তু মঞ্চে উঠে গাইতে শুরু করলেও বৃষ্টির জন্য তিনি আর গান করতে পারেননি।

সিডনির অলিম্পিক পার্ক টেনিস সেন্টারে বৈশাখী মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য।
সিডনির অলিম্পিক পার্ক টেনিস সেন্টারে বৈশাখী মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য।



মেলায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় প্রধান বিল শর্টেনসহ প্রধানমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা। এ ছাড়া, অস্ট্রেলিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনও উপস্থিত ছিলেন মেলায়।

মেলার শেষ দিকে বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটলেও রাতে জমকালো আতশবাজির আলোকিত উচ্ছ্বাস নিয়েই ঘরে ফেরেন মেলায় আগতরা।

সিডনি বৈশাখী মেলার এবারের নতুন স্থান নিয়ে অভিযোগ করেছেন অনেকেই। পার্কিং থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভেতরে ঢোকা পর্যন্ত প্রায় ঘণ্টা দেড়েক সময় নষ্ট হওয়া নিয়ে ক্ষুব্ধ অনেকেই। টেনিস সেন্টারের মাঝখানে মঞ্চ তৈরি করে বৈশাখী মেলাকে কেবলই সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ভর না করে ফেলারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ। অনেকে বলেছেন, এ মেলায় স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এ বিষয়ে বৈশাখী মেলার সভাপতি শেখ শামীমুল হক বলেন, অভিযোগ, পরামর্শ, অনুরোধগুলো পর্যালোচনা করে খুব দ্রুতই সেগুলো সমাধানে নিয়ে কাজ শুরু করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।