সিডনিতে বৈশাখী মেলার ২৫ বছর

সিডনির অলিম্পিক পার্কের রাস্তায় রোদেলা দুপুরে হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে শুরু হয় ঢাকঢোলের বাজনা। ঢাকের তালে তালে বর্ণিল পোশাকে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা। প্রায় সবার হাতেই বড়সড় চমৎকার কারুকাজ করা মুখোশ। এভাবেই সিডনিবাসীকে অবাক করে দিয়ে ১৩ মে অলিম্পিক পার্কে ‘বৈশাখী প্যারেড’ নামে মঙ্গল শোভাযাত্রা বের করেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালিরা।

সিডনিতে বৈশাখী মেলার এমন আয়োজন নতুন নয়। তবে এবারের আয়োজন অনেক বেশি বর্ণিল। কারণ, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত বৈশাখী মেলা উদ্যাপনের রজতজয়ন্তী এ বছর। আর এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাবার হাত ধরে এ মেলায় এর আগেও এসেছে ছোট্ট মেয়ে কণা। তবে এবারই প্রথম মঙ্গল শোভাযাত্রা দেখল। বলল, ‘দারুণ তো!’
ময়মনসিংহ থেকে ছেলের কাছে বেড়াতে এসেছেন বেগম হোসনে আরা। তিনি বললেন, ‘বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরেও যে এত সুন্দর বৈশাখী মেলা হয়, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না।’

বৈশাখী মেলার ২৫ বছর পূর্তি ঘিরে মেলা কমিটির মূল উদ্দেশ্য ছিল বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরা। আর তাই এবার সিডনির প্রধান সড়কে ইংরেজি ও বাংলায় বড় বিলবোর্ড লাগানো হয়। জাতি-ধর্মনির্বিশেষে সবাইকে বৈশাখী মেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মেলায় তাই অস্ট্রেলীয় উপস্থিতিও ছিল এবার। মেলার আয়োজন তাঁদেরও টেনেছিল বেশ। ভবিষ্যতের মেলাগুলোয় অস্ট্রেলীয়দের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করেন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীম। তিনি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে অস্ট্রেলিয়ার এ বৈশাখী মেলা বাঙালিদের নতুন পরিচিতি দেবে।’
এক যুগ ধরে মেলাটি হচ্ছে সিডনির বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামগুলোতে। এর আগে অন্য স্থানে হতো মেলা। এই বৈশাখী মেলায় প্রবেশ করতে টিকিট কাটতে হয়। তবু দর্শকের উপস্থিতি ২৫ হাজারের বেশি। সিডনি অলিম্পিক পার্কের একজন কর্মকর্তা তাই অনেকটা অবাক হয়েই বলেন, ‘এটা সত্যিই আমাদের কাছে বিস্ময়কর। কারণ, অস্ট্রেলিয়ায় অনেক দেশের মানুষ বাস করে। কিন্তু একমাত্র বাংলাদেশিরাই অলিম্পিক পার্কের মূল স্টেডিয়াম এএনজেডে বাংলা নববর্ষ উদ্যাপন করে।’

মেলায় প্রতিবারের মতোই এবারও ছিল নানা আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চনাটকের মঞ্চায়ন হয়েছে এবার। এই নাটকে বঙ্গবন্ধুর জীবদ্দশার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়। নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এ চরিত্রে অভিনয় করতে পেরে তিনি উচ্ছ্বসিত। বললেন, ‘এটা আমার অভিনয় ও ব্যক্তিজীবনের বড় একটা প্রাপ্তি হয়ে থাকল।’ এ ছাড়া পথ প্রোডাকশনসের পরিবেশনাও প্রশংসা কুড়ায় দর্শকদের। কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরও সিডনির বৈশাখী মেলায় এসেছিলেন গান গাইতে। গানে গানে স্মরণ করা হয় প্রয়াত শিল্পী লাকী আখান্দ্কে। এবারের মেলা প্রাঙ্গণেও বসেছিল রকমারি দোকান, তবে বাঙালি খাবারের দোকানগুলোতেই ছিল উপচে পড়া ভিড়।
অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলার ২৫ বছর উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও বিরোধীদলীয় নেতা বিল শর্টেন। এ ছাড়া ফেডারেল ও রাজ্য সরকারের অনেক প্রতিনিধিসহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ফিজির হাইকমিশনের প্রধানেরা এসেছিলেন মেলায়।
প্রবাসের কর্মব্যস্ততায় জীবন যখন একঘেয়ে হয়ে ওঠে, তখন এই বৈশাখী মেলা দেশীয় আমেজে নতুন প্রাণ ফিরিয়ে আনে প্রবাসী বাঙালিদের মধ্যে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নিজের সংস্কৃতিকে তুলে ধরার জন্য অন্যতম বড় মাধ্যম এই বৈশাখী মেলা।
লেখক: অস্ট্রেলিয়াপ্রবাসী পেশাজীবী