
সিডনি শহর এখন যেন উৎসবের নগরী। হিম হিম শীতে সারা শহর জেগে থাকে চোখধাঁধানো আলোয়। রঙিন আলোর ঝলকানির সঙ্গে তাল মিলিয়ে বাজে সংগীত। আলোয় আলোয় হরেক কল্পনার সম্মিলনে মূর্ত হয় কত যে গল্পকথা। আলো, সুর আর গল্পই যেন এখন মোহিত করে রেখেছে সিডনিবাসীসহ দূর দেশ থেকে আসা পর্যটকদের। অস্ট্রেলিয়ার এই আলোক উৎসবের নাম ‘ভিভিড সিডনি’ বা ভিভিড আন্তর্জাতিক আলোক উৎসব। রেওয়াজে পরিণত হওয়া এই উৎসব চলে প্রায় মাসব্যাপী।

সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজসহ শহরের বিখ্যাত স্থাপনা সাজানো হয় রং-বেরঙের বর্ণিল আলোয়। এই কাজটি করেন বিভিন্ন দেশের প্রায় ২০০ শিল্পী। তাঁদের শিল্পকর্মেই সিডনির ভিভিড আলোক উৎসব জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকদের চোখে। শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রগাঢ় মেলবন্ধনের এই প্রদর্শনী দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ আসে সিডনিতে।

দিনের আলো নিবুনিবু হতেই শহর জেগে ওঠে নজরকাড়া আলোর উৎসবে। ঠান্ডা বাতাসের ঝাপটার সঙ্গে সৃজনশীল আলোকচ্ছটা ও সুরের মেলবন্ধন যেন অচেনা করে তোলে চিরচেনা সিডনি। হারবার ব্রিজের আশপাশে মিনিট বিশেক পরপর আলোকরশ্মি আকাশকেও রঙিন করে তোলে। এ ছাড়া পানির ওপর রঙিন আলোর দৃশ্য উপভোগ করতে রয়েছে ওয়াটার ট্যাক্সির ভ্রমণসুবিধা। এ বছর ২৬ মে শুরু হয়েছে এই উৎসব। আজ ১৭ জুন ভিভিড সিডনির শেষ দিন।
লেখক: অস্ট্রেলিয়াপ্রবাসী পেশাজীবী
